গেল ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের কথা। বাংলা একাডেমীতে একুশে বইমেলা চলছিল। সজীব যাচ্ছিলেন ঢাকার পলাশী সড়ক দিয়ে, উদ্দেশ্য, বইমেলা থেকে পছন্দের কিছু বই কিনবেন। ফুটপাত ধরে হাঁটার সময় হঠাৎ চোখ আটকে গেল একটা ঝুপড়ির সামনে। দুজন অল্প বয়সী শিশু কাড়াকাড়ি করে শিশুশ্রেণীর একটা বই পড়ছে। জীর্ণ, মলিন বই। রংচঙে ভাবটি হারিয়ে সেটি আর আগের অবস্থায় নেই। লেখাগুলো বোঝাও যায় না ঠিকমতো। সেই বই নিয়েই এমন কাড়াকাড়ি! আগ্রহী হয়ে এগিয়ে যান সজীব। ছেলে দুটিকে ডাকলেন তিনি। কিন্তু কে শোনে কার কথা! বই নিয়েই ব্যস্ত তারা। কী যেন বলতে গিয়ে আবার পরক্ষণেই থামলেন সজীব। আবার চলতে শুরু করলেন গন্তব্যে। বইমেলায় গিয়ে নিজের জন্য বই না কিনে শিশুদের উপযোগী দুটি বই কিনে আগের পথ ধরলেন। আগের জায়গাতেই সেই ছেলে দুটি বসে আছে, কিন্তু ততক্ষণে পড়ালেখায় সেদিনের মতো ইস্তফা দিয়ে তারা মেতে উঠেছে খুনসুটিতে! কাছে গিয়ে সজীব তাদের ডেকে বললেন, ‘নাও, এ বইগুলো তোমাদের জন্য।’ নতুন বই হাতে পেয়ে চোখ চকচক করে উঠল দুই ভাই জসিম ও সাগরের। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিল না তারা। বইয়ের প্রতি এমন আগ্রহ দেখে সজীব তাদের বললেন, ‘আমি যদি এখানে এসে তোমাদের পড়াই, তাহলে তোমরা পড়বে তো?’ শিশুদের কথায় সায় পেয়ে ফিরে গেলেন সজীব। সজীব মেসের অন্যান্য সদস্য—জাহাঙ্গীর, মামুন, রবিদের জানালেন কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার কথা। সব শুনে তাঁরাও সানন্দে রাজি হলেন ফুটপাতের শিশুদের বিনা মূল্যে পড়াবেন বলে। এভাবেই শুরু হলো তাঁদের কাজ। প্রথম কয়েক দিনের মধ্যেই আশপাশ থেকে আরও অনেক শিশু এসে যোগ দিল তাদের ফুটপাতের পাঠশালায়। কিন্তু অনেকের কাছে বই-খাতা কিছুই নেই। কী করা যায়, ভাবতে ভাবতে মোটা সাদা কাগজের ওপর বড় বড় করে বর্ণমালা লিখে ফেললেন তাঁরা। এসব দিয়েই চলল শিশুদের পাঠদানের কাজ। এভাবে কেটে গেল কিছুদিন। কিন্তু বই ছাড়া তো আর চলছে না। বইয়ের খোঁজে ঢাকার আশপাশের কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ধরনা দিলেন কিছুদিন। শিক্ষকদের বললেন তাঁদের ইচ্ছার কথা। কিন্তু ফলাফল শূন্য। এবার নিজেরাই টাকা জোগাড় করে নীলক্ষেত থেকে কিছু বই-খাতা আর কাঠ পেনসিল কিনে নিয়ে এলেন শিশুদের জন্য। সবাই বই-খাতা পেয়ে খুব খুশি। আরও উৎসাহী হয়ে পড়ে সবাই। বইয়ের সংখ্যা বাড়াতে এই দলের একজন—জাহাঙ্গীর, তাঁর গ্রামের বাড়ি পাবনায় গিয়ে সেখানকার প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের বলেন কিছু বই দিতে। সব শুনে শিক্ষকেরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। সেখান থেকেই পাওয়া যায় বিভিন্ন শ্রেণীর বেশ কিছু বই। সন্ধ্যা নামলে তাঁরা সবাই দলবেঁধে ছুটে এসে জমা হন ফুটপাতে। তারপর লেখাপড়া শুরু হয়। পড়াশোনার সময়টা সন্ধ্যায় কেন বেছে নিলেন? জানতে চাইলে জাহাঙ্গীর বললেন, ‘এই শিশুদের মা-বাবারা সারা দিন বিভিন্ন জায়গায় নানা কাজে ব্যস্ত থাকেন। তাঁরা ঘরে ফেরেন সন্ধ্যায়, আর এ সময় ফুটপাতের বাড়ি পাহারা দেওয়ার কাজটি করে এই শিশুরা। মা-বাবা বাড়ি ফিরলে তবেই পড়তে আসে তারা। তাই সন্ধ্যার সময়ই পড়াই আমরা।’ প্রথম দিকে এই শিশুদের মা-বাবা সন্দেহ করতেন, এরা আবার শিশুদের পড়ানোর নামে ছেলেধরা নয় তো! তাই প্রথম দিকে পড়ানোর সময় এদের মা-বাবারা সামনে বসে থাকতেন। এরপর আস্তে আস্তে বিশ্বাস করতে থাকেন তাঁরা। নিশ্চিন্তে পড়তে পাঠান এখানে। ফুটপাতে পড়াতে পড়াতে কত লোকই তো সামনে দিয়ে যায়। কেউ দেখে নাক সিটকায়, আড়ালে গিয়ে দুটি কটু কথা বলতেও ছাড়ে না। আবার এমনও হয়েছে, অনেকে এই শিশুদের বিনা মূল্যে পড়ানো দেখে খুশি হয়ে বিস্কুট, ফলমূল, কলম-খাতা, নয়তো পেনসিলও কিনে দিয়েছে। রাস্তা দিয়ে যেতে যেতে দুই দিন চোখে পড়ে এ দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসাদ মুশতারীর। একদিন তিনিও যুক্ত হতে চান এ কাজের সঙ্গে। ‘শিশুদের প্রতি একটা মায়া জন্মে গেছে। এক দিন না এলে মনে হয়, যেন সারা দিন একটা কাজ অপূর্ণই থেকে গেল। তাই রোজ সময় করে আসার চেষ্টা করি।’ বলছিলেন শামসাদ মুশতারী।এভাবে ফুটপাতে পড়ানোর দৃশ্য দেখে আগ্রহী হয়ে এগিয়ে এসেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী তৃষা আর রথী। তাঁরাও এখন পড়াচ্ছেন ফুটপাতের এই পাঠশালায়। বলছিলেন, ‘এখানে পড়তে এ শিশুদের অনেক সমস্যা। রাস্তায় গাড়ির শব্দ, মানুষের হাঁটাহাঁটি, আলোর অভাব। এসব কথা ভেবেই আমরা অন্যদের বলি আমাদের ক্যাম্পাসে পড়ানোর কথা। তার পর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যানটিনের পাশে চলছে এই শিশুদের পাঠদানের কাজ।’আগে প্রতিদিন বই-খাতায় করে সবাইকে আলাদা করে পড়ানো হতো কিন্তু তাতে সময় বেশি লাগে, সেই অনুযায়ী কাজ হয় কম। এ কথা ভেবে একটি সাদা বোর্ড ও কিছু মার্কার কেনা হয়। বোর্ডে লিখে দিয়ে তা পড়ানো হয় সবাইকে। কখনো বা এই শিশুদের মধ্য থেকে কাউকে পাঠানো হয় সামনে গিয়ে পড়ানোর জন্য। এ পাঠশালার শিক্ষকেরা পালা করে আসেন পড়াতে। কারও কাজ থাকলে অন্যজন আসেন পড়াতে। কিছুদিন পর পর এখানে নতুন শিশু আসে, আবার অনেকে চলেও যায় পেটের দায়ে কাজের খোঁজে। ছাত্রছাত্রীর সংখ্যার কোনো ঠিক নেই। কোনো দিন ২০ থেকে ২২ জন, কোনো দিন আবার ১৫ থেকে ১৬ জন। এই শিশুদের মধ্যে যারা ছোট, তাদের স্কুলে পাঠানোর উপযোগী করে তোলা, আর অন্যদের লেখাপড়ায় আরও পারদর্শী করে তোলাই এ পাঠশালার মূল উদ্দেশ্য, জানালেন পাঠশালার শিক্ষক জাহাঙ্গীর। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যানটিনের পাশ দিয়ে যখন ফিরছি, তখন ঘড়ির কাঁটায় রাত নয়টা। পড়াশোনা শেষ, পাঠশালা ছুটি হয়েছে সবে। খুদে পড়ুয়ারা সব হইহই করে ফিরে যাচ্ছে ওদের রাস্তার ধারের খুপরি ঘরে। শিক্ষকেরাও ফিরে যাচ্ছেন, তবে তাঁদের চোখে-মুখে তৃপ্তির ছায়া।