ফুটপাতের সেই সংগঠন কার্যালয় উচ্ছেদ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অ্যাম্বুলেন্স চালকদের সংগঠন কার্যালয়টি এখনো উচ্ছেদ করা হয়নি। কার্যালয়টি স্থাপন করার এক বছর পরও কিছুই করল না সিটি করপোরেশন। করছি, করব বলে সময় পার করছেন পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা। তাঁদের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন আশপাশের বাসিন্দা ও ওষুধের দোকানিরা।নাম প্রকাশে অনিচ্ছুক পূর্ব গেট এলাকার এক ওষুধ দোকানি প্রথম আলোকে বলেন , ‘এ কার্যালয় সিটি করপোরেশন কখনো উচ্ছেদ করবে না। কারণ পুলিশ ও সিটি করপোরেশনের কিছু কর্মকর্তাকে নিয়মিত মাসোহারা দেন অ্যাম্বুলেন্স চালকেরা। যাঁরা রক্ষা করবেন তাঁরা যদি জড়িত থাকেন তাহলে উচ্ছেদ হবে কি করে?’গত শুক্রবার সন্ধ্যায় সরেজমিন গিয়ে দেখা যায়, কার্যালয় জমজমাট। চালকদের আড্ডায় মুখর। তাঁরা সবাই মিলে খোশগল্পে মশগুল। এ ছাড়া আগের মতো কার্যালয় ঘিরে এলোমেলোভাবে রাখা হয়েছে গাড়ি। ফলে পাঁচলাইশ আবাসিক এলাকার বাসিন্দাদের ঢোকার মুখে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। পাঁচলাইশ আবাসিক এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এখন মনে হচ্ছে অ্যাম্বুলেন্স চালকেরা আসলেই শক্তিধর। নগরবাসীর হাঁটার স্থান দখল করে গড়ে ওঠা অবৈধ কার্যালয়টি এতদিনেও উচ্ছেদ করতে পারেনি সিটি করপোরেশন। আর আমারা ঢুকতে বেরুতে পোহাচ্ছি ভোগান্তি।’জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে ম্যাজিস্ট্রেট নেই। ফলে কোনো ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারছি না। ম্যাজিস্ট্রেট নিয়োগ হলেই এটি উচ্ছেদ করা হবে। আর মাসোহারা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। মূলত লোকবল-সংকটের কারণে কাজ করতে হিমশিম খেতে হচ্ছে।’প্রসঙ্গত, ‘ফুটপাতে দখল করে সংগঠন কার্যালয়’ শিরোনামে গত ২ ডিসেম্বর আলোকিত চট্টগ্রামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।