ফুটফুটে একটা শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: সোহাগ পারভেজ
অলংকরণ: সোহাগ পারভেজ

প্রবল যুদ্ধ চলছে। মাসুদরা খবর পেয়েছে, দু-এক দিনের মধ্যেই তাদের গ্রামে পাকিস্তানিরা ক্যাম্প বসাতে আসবে। তাদের সব সময় সতর্ক থাকতে হচ্ছে। সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। মিলিটারিদের গ্রামে ঢুকতে দেওয়া যাবে না। তার আগেই আক্রমণ করতে হবে।
এ রকম সময়েও মাসুদের কিছুই ভালো লাগে না। সে হাতে একটা রাইফেল নিয়ে বসে থাকে বটে, কিন্তু তার মন পড়ে থাকে বাড়িতে। দুই মাস আগে গ্রামে যখন মুক্তিবাহিনী ক্যাম্প করল, তখন সে বাড়ি ছেড়ে মুক্তিবাহিনীতে যোগ দিতে চলে এসেছে। ঘরে ফেলে এসেছে তার প্রিয়তমা স্ত্রী জোছনাকে। জোছনা তখন আট মাসের অন্তঃসত্ত্বা। মাসুদ পরশু দিন সংবাদ পেয়েছে তার একটা ছেলে হয়েছে। তখন থেকেই তার মন কেমন করছে। ছেলেকে দেখতে খুব ইচ্ছে হচ্ছে।
রমিজ হাঁপাতে হাঁপাতে এসে হাজির হলো। নাসিম ভাই জিজ্ঞেস করলেন, ‘কী রে, তুই অমন হাঁপাচ্ছিস কেন?’
রমিজ হাঁপাতে হাঁপাতে বলল, ‘ভাই, মিলিটারি!’
নাসিম ভাই চিৎকার করে উঠে বললেন, ‘কি!’
রমিজ আবার বলল, ‘ভাই, ওরা খাল পার হয়ে আসেনি। ওরা পেছন দিক থেকে ময়নারটেক গ্রাম দিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের গ্রামে ঢুইকা পড়ব।’
নাসিম মুখ শক্ত করে সবাইকে বললেন, ‘আমাদের সেই কাঙ্ক্ষিত সময় এসে গেছে।’
মিলিটারিদের জিপগুলো যেভাবে আসছে, তাতে ওদের সরাসরি সামনে থেকে আক্রমণ করা ছাড়া কোনো উপায় নেই। রাস্তার দুই পাশে খোলা মাঠ। লুকানোর জায়গা নেই। কিন্তু সামনে থেকে আক্রমণ করলে ওদের কাছে টিকতে পারার সম্ভাবনা খুব কম। নাসিম দৃঢ় কণ্ঠে বললেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করব। মরলে মরব, বাঁচলে বাঁচব।’

মিলিটারি জিপ কাছাকাছি চলে এল। প্রথম ফায়ারের শব্দ হলো নাসিমের রাইফেল থেকে। তারপর বৃষ্টির মতো গুলি ছুড়তে লাগল মিলিটারিরা। গোলাগুলি চলল অনেকক্ষণ। এই পুরো সময়টাকে মাসুদের কাছে লাগল ঘোরের মতো। সে পাগলের মতো মিলিটারি জিপের দিকে গুলি ছুড়ল ঠিকই, কিন্তু আশপাশে কী হচ্ছে কিছুই বুঝে উঠল না।
অনেকক্ষণ পর যখন মাসুদের হুঁশ ফিরল, তখন সবকিছু শান্ত। মাসুদ চারপাশে তাকাল। নাসিমের কাঁধে গুলি লেগেছে। সে কাতরাচ্ছে। রাহুলের নিথর দেহ পড়ে আছে রাস্তায়। আর কাউকে দেখা যাচ্ছে না। মাসুদ শঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করল, ‘নাসিম, কী হলো?’
নাসিম প্রচণ্ড যন্ত্রণা নিয়ে মাথা নেড়ে বলল, ‘আমরা পারলাম না রে। ওরা গ্রামে ঢুকে গেছে।’
মাসুদের বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে গেল। সে পাগলের মতো ছুটতে লাগল।
বাজারটা দাউ দাউ করে জ্বলছে। গ্রামের সবকিছু জ্বালিয়ে দিয়ে পাকিস্তানিরা সামনে এগিয়ে গেছে। চারপাশ থেকে মানুষের আর্তচিৎকার ভেসে আসছে। মাসুদ থামল না। ছুটতে লাগল। ছুটতে ছুটতে নিজের বাড়ির সামনে এসে দাঁড়াল সে। বাইরে থেকেই একবার জোরে জোছনার নাম ধরে ডাকল। কেউ সাড়া দিল না। জোছনা কি তবে বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেছে?
তবুও একবার উঠোন পেরিয়ে ঘরের দিকে এগোলো মাসুদ। নাহ। ঘরে কেউ নেই। হয়তো জোছনা পালাতে পেরেছে। কিন্তু যদি তা না হয়? যদি মিলিটারিরা তার কিছু করে থাকে? মাসুদ কিছু ভাবতে পারল না। ঘর থেকে বেরিয়ে এল। তাকে নাসিমের কাছে যেতে হবে।
কী মনে করে বেরিয়ে যাওয়ার সময় রান্নাঘরের দিকে এগোলো মাসুদ। তারপর কিছুক্ষণ বিস্ফারিত দৃষ্টিতে রান্নাঘরের খুঁটি ধরে দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে নিচে বসে পড়ল। রান্নাঘরের দেয়ালে হেলান দেওয়া অবস্থায় জোছনার নিথর দেহ পড়ে আছে। তার বুকের ডানপাশ থেকে রক্ত গড়িয়ে পুরো মেঝে ভেসে যাচ্ছে, ভিজে গেছে তার পরনের শাড়িটাও। আর তার বুকের বাঁ পাশে শুয়ে আছে ফুটফুটে একটা শিশু।