ফুটবল নিয়ে মাতামাতির এই সময়ে চেখে দেখুন ফুটবল নিয়ে কিছু কৌতুকসেদিন খেলার মাঠে যেমন ঘন কুয়াশা, তেমনি ঝুম বৃষ্টি আর ঠান্ডা বাতাস। দুই হাত দূরের জিনিসও দেখা যায় না। এরই মধ্যে হিহি করে কাঁপতে কাঁপতে খেলা দেখছে দুই ইংরেজ ফুটবল-পাগল দর্শক। খানিক পর আর সহ্য করতে না পেরে বিরক্তি প্রকাশ করল একজন, ‘নাহ্, খেলাটা বড্ড একঘেয়ে লাগছে হে। গিয়ে এক কাপ কফি খেয়ে আসি। ’‘দাঁড়াও, আরেকটু বসেই দেখি না। খেলাটা তো জমতেও পারে শেষে।’ বিশাল এক হাই তুলে বলল পাশের দর্শক। এই সময় কোথা থেকে এক পুলিশ এসে হাজির। এসেই ক্যাঁক করে উঠল, ‘আরে, গ্যালারিতে বসে কী করছেন আপনারা। খেলা তো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে প্রায় দুই ঘণ্টা হলো।’ স্টেডিয়ামে খেলা চলছে। এর মধ্যে দেয়াল বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে দুই দর্শক। দেখেই রেগেমেগে ছুটে গেলেন কঠোর নিয়ম-শৃঙ্খলায় বিশ্বাসী দলের ম্যানেজার। অনিয়ম একদম সহ্য করতে পারেন না তিনি। সটান গিয়ে কলার চেপে ধরলেন দুজনের। তারপর হিড়হিড় করে টানতে টানতে আবার এনে বসালেন গ্যালারিতে, ‘এখানেই বসে থাক্। খেলা শেষ হতে এখনো পুরো বিশ মিনিট বাকি!’ ফুটবল খেলাটা খুব ভালো বোঝে না মন্টু। তার ওপর মাঝের বিরতির পর একদম শেষের দিকে খেলা দেখতে ঢুকেছে স্টেডিয়ামে। ঢুকেই সে জানতে চাইল পাশের দর্শকের কাছে, ‘আচ্ছা, খেলার স্কোর কত?’‘শূন্য, শূন্য’ জবাব দিল পাশের দর্শক। খানিকক্ষণ উসখুস করে মন্টুর পরের প্রশ্ন, ‘আচ্ছা, বুঝলাম। কিন্তু হাফ টাইমের সময় স্কোর কত ছিল, বলুন তো।’ আক্কাস আলী তাঁর চাচার সঙ্গে শহরে বেড়াতে এসেছে। মাঠে ফুটবল খেলা দেখে আক্কাস আলী তার চাচাকে জিজ্ঞেস করল, ‘চাচা, এখানে ওই লোকগুলো বলটি নিয়ে অমন ছোটাছুটি করছে কেন?’ চাচা হেসে জবাব দিলেন, ‘ওরা বলটি নিয়ে গোল করার চেষ্টা করছে।’ ‘বল তো গোলই আছে, সেটারে আবার গোল করার জন্য এত ছোটাছুটি করার কী আছে?’ ‘ওদের তো দেখি “গোল” সম্পর্কে স্পষ্ট ধারণাই নেই।’ আক্কাস আলীর জবাব।আমেরিকার একটি ফুটবল দলের কোচের সঙ্গে প্রায়ই তাঁর স্ত্রীর ঝগড়াঝাঁটি হয়। তাই এ ঝগড়ার নিরসন ঘটাতে ফুটবল দলে অনেক চেষ্টা করে কোচ তাঁর ছেলেকে খেলোয়াড় বানিয়েছেন। মাঠে নেমে কোচ তাঁর ছেলেকে খেলার খুঁটিনাটি বিষয় বুঝিয়ে দিচ্ছেন, তুমি কি খেলায় দল ও সহযোগিতা বোঝো? ছেলের ঝটপট জবাব, ‘হুম্।’ কোচ আবারও জিজ্ঞেস করলেন, ‘যখন অফসাইড দেওয়া হয় বা ধরো, হুট করে একটি ফাউল দিয়ে দিল, তাহলে রেফারির সঙ্গে কি তোমার তর্কাতর্কি করা ঠিক হবে?’ একটু ভেবেচিন্তে ছেলে জবাব দিল, ‘না, ঠিক হবে না।’ এবার কোচ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ছেলেকে বললেন, ‘হুম্, ঠিক আছে। এবার তাহলে তোমার মায়ের কাছে গিয়ে বিষয়টি ব্যাখ্যা করো।’ডেভিড বেকহাম একবার একটি স্কুলে বেড়াতে গেছেন। ক্লাসে ঢুকেই তিনি ছাত্রদের উদ্দেশে বললেন, ‘কেউ কি আমাকে একটা ট্র্যাজেডির উদাহরণ দিতে পারবে?’ ছোট্ট একটা ছেলে উঠে বলল, ‘আমার এক বন্ধু রাস্তায় খেলছিল, হুট করে একটি গাড়ি এসে তাকে চাপা দিয়ে গেছে, এটা একটা ট্র্যাজেডি হতে পারে।’ তা শুনে ডেভিড বেকহাম বললেন, ‘না, এটা তো ট্র্যাজেডি নয়। এটা একটা দুর্ঘটনা।’ এবার একটি মেয়ে দাঁড়িয়ে বলল, ‘যদি একটি স্কুলবাসে ৫০ জন ছাত্রছাত্রী থাকে এবং ওই বাসটি যদি খাদে পড়ে গিয়ে সবাই মারা যায়, তখন এটা ট্র্যাজেডি হতে পারে।’ ‘না, এবারও হয়নি। এটা তো একটা বিশাল ক্ষতি। কী ব্যাপার, তোমরা তো কেউ ট্র্যাজেডি কী, সেটাই জানো না!’ ডেভিড বেকহামের বিস্ময়। এবার একদম পেছনের বেঞ্চ থেকে একটি ছেলে বলল, ‘ডেভিড বেকহাম যদি একটি বিমানে করে কোথাও যায় এবং ওই বিমানটিতে যদি বোমা বিস্ফোরিত হয়, তাহলে এটা ট্র্যাজেডি হবে।’ ডেভিড বেকহাম এবার হাসিমুখে বললেন, ‘অসাধারণ! অসাধারণ! আচ্ছা, বলো তো, এটা কেন ট্র্যাজেডি হবে?’ ছেলেটি মুখ কাঁচুমাচু করে জবাব দিল, ‘কারণ, এটা কোনো দুর্ঘটনাও নয়, আবার কোনো বিশাল ক্ষতিও নয়, তাই...!’কৌতুক সংগ্রহ: আবু হেনা