
ফুটবল নিয়ে আবার মাঠে দৌড়াবে, গোল করবে চাথুইমা মারমা। হাঁটুর আঘাতজনিত কারণে খেলায়াড়জীবন শেষ হওয়ার উপক্রম হয়েছিল তার। অবশেষে মানুষের সহযোগিতায় তার চিকিৎসা শুরু হয়েছে।
রাঙামাটির কাউখালীর ঘাগড়া উচ্চবিদ্যালয়ের বালিকা ফুটবল দলের আক্রমণ ভাগের খেলোয়াড় চাথুইমাকে প্রায় এক বছর ফুটবল খেলা থেকে দূরে থাকতে হয়েছে। কারণ, তার দরিদ্র বাবার পক্ষে চিকিৎসার খরচ জোগাড় করা সম্ভব হয়নি।
চিকিৎসকেরা জানান, চাথুইমার চিকিৎসার জন্য কমপক্ষে ২ লাখ ৫০ হাজার টাকা প্রয়োজন।
গত ৪ সেপ্টেম্বর প্রথম আলোর চট্টগ্রামের ক্রোড়পত্র আমার চট্টগ্রামে ‘পায়ের চোটে দর্শক বনে যাবে ফুটবলার চাথুইমা’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদ দেখে চাকমা সার্কেলের রাজা দেবাশীষ রায় ও রানি য়েন য়েন ইতিমধ্যে ২৫ হাজার টাকা দিয়েছেন। এ ছাড়া একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা চাথুইমার চিকিৎসার জন্য এক লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ব্যক্তিগতভাবে অনেকে চাথুইমার চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন।
ঘাগড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী চাথুইমা মারমা ২০১২ সালে অনুষ্ঠিত বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের জাতীয়ভাবে চ্যাম্পিয়ন ঘাগড়া মগাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আক্রমণ ভাগের খেলোয়াড় ছিল। পরে ২০১৩ সালে অনুষ্ঠিত একই টুর্নামেন্টে তার বিদ্যালয় রানার্সআপ হলেও সে সেরা গোলদাতার পুরস্কার পেয়েছিল। একই বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব ১৪ আঞ্চলিক মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের সদস্য ছিল। এরপর চাথুইমা ঘাগড়া উচ্চবিদ্যালয়ে মাধ্যমিকে ভর্তি হলে বিদ্যালয়ের ফুটবল দলে স্থান পায়। এর মধ্যে নানা সময় বিদ্যালয়ের হয়ে খেলায় অংশ নেয় সে। ২০১৫ সালে নেপালে অনুষ্ঠিত একটি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের সময় বাঁ হাঁটুর লিগামেন্টে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যায় চাথুইমা।
চাথুইমা জানায়, তার চোটের খবর পেয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। সেই টাকায় প্রাথমিক চিকিৎসার পর জানতে পারে হাঁটুতে অস্ত্রোপচার না করালে ফুটবলজীবন শেষ হয়ে যাবে।
ঘাগড়া উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুভাষ চাকমা ও ফুটবল দলের কোচ শান্তিমণি চাকমা জানান, চাথুইমার হাঁটুতে অস্ত্রোপচারের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। অনেকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। চাকমা রাজা দেবাশীষ রায় ও রানি য়েন য়েনের দেওয়া টাকায় প্রাথমিক চিকিৎসা শুরু করা হয়েছে। এর মধ্যে অবশিষ্ট টাকা পাওয়া গেলে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে।