ফুটবল নিয়ে পড়ালেখা
ফুটবল কি কেবল ২২ জনের খেলা? মাঠের বাইরেও তো দলের প্রস্তুতি, অনুশীলন, আয়োজন-সংক্রান্ত বহু কাজ থাকে। মাঠের খেলার চেয়ে এসবের গুরুত্বও কম নয়। ফুটবল ব্যবস্থাপনা এমনই একটি ক্ষেত্র, যেখানে মাঠের বাইরের অন্য দায়িত্বগুলো সামাল দিতে হয়।
প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট ব্যবস্থাপনা, বিপণন, জনসংযোগ-প্রচারসহ মাঠের বাইরের যেকোনো পরিস্থিতি বিশ্লেষণ ও সমাধান করার কাজগুলো করেন একজন ফুটবল ম্যানেজার। বিশ্বব্যাপী ফুটবলের প্রসার ও ব্যবসায়িক কলেবর বৃদ্ধির পাশাপাশি চাহিদা বাড়ছে এই পেশার। বিশ্বের বিভিন্ন দেশে এই পেশাকে ঘিরে উচ্চশিক্ষা ও পেশাদার ডিগ্রি গ্রহণেরও সুযোগ রয়েছে।
বর্তমানে কনফেডারেশন দ্য ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা) অধীনে উয়েফা একাডেমিতে ফুটবল ম্যানেজমেন্ট বিষয়ের ওপর একটি স্নাতকোত্তর ও একাধিক স্বল্পমেয়াদি কোর্স করার সুযোগ রয়েছে। এই কোর্সগুলোর মধ্যে অন্যতম উয়েফা সার্টিফিকেট ইন ফুটবল ম্যানেজমেন্ট কোর্স। সম্প্রতি কোর্সটি সম্পন্ন করেছেন বাংলাদেশের বসুন্ধরা কিংস ক্লাবের মার্কেটিং ও মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক।
গত বছরের সেপ্টেম্বরে ৯ মাস মেয়াদি এই কোর্স সম্পন্ন করেছেন তিনি। তাঁর ব্যাচের অন্যদের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে ‘সার্টিফিকেট অব ডিস্টিংশন’ সনদও পেয়েছেন শায়েক। ৮০ শতাংশ পয়েন্ট অর্জনকারী শিক্ষার্থীদের এই সনদ দেওয়া হয় বলে জানান তিনি।
এর আগে ২০১১ সালে এফএ কোচিং লেভেল-১ সম্পন্ন করেন তিনি। সে সময় যুক্তরাজ্যে প্রকৌশল বিষয়ে স্নাতকোত্তর করছিলেন। যদিও ইচ্ছা ছিল ডেভিড বেকহাম-ওয়েইন রুনির শহরে খেলাধুলাবিষয়ক কোনো বিষয়ে উচ্চশিক্ষা নেবেন। তবে পরিবারের শর্ত ছিল, আগে স্নাতকোত্তর শেষ করতে হবে। আর ফুটবল নিয়ে কিছু করতে হলে সেটির খরচ নিজেকে দিতে হবে। তাই পড়াশোনার পাশাপাশি কোর্স করেন তিনি। কোর্স শেষে ইংলিশ ফুটবল ক্লাব ফুলহামের কোচিং সহকারী হিসেবে তিন মাস কাজও করেছেন।
আহমেদ শায়েক বলছিলেন, ‘২০১২ সালে দেশে ফিরে আসি। এরপর বিভিন্ন দেশে ফুটবল কোচিং ও ম্যানেজমেন্ট-বিষয়ক কোর্সের খোঁজ নিতে শুরু করি। তবে পেশাদার ফুটবল খেলার অভিজ্ঞতা না থাকায় কোর্সগুলোতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছিলাম না। সেই সময় ব্র্যাক ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) দলের কোচের দায়িত্ব পালন করেছি।’ এরপর ২০১৯ সালে উয়েফা একাডেমির ওয়েবসাইটে কোর্সটি সম্পর্কে জানতে পারেন শায়েক।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগ্রহী যে কেউ এই কোর্স করতে পারবেন। প্রতি কোর্সে সর্বোচ্চ ৩৫ জন অংশগ্রহণের সুযোগ পান। ৯ মাসের এই কোর্স করতে খরচ হয় ৭ হাজার ৯০০ ইউরো, অর্থাৎ ৮ লাখ টাকার বেশি। ১০টি ধাপে কোর্সটি ভাগ করা হয়। এর মধ্যে ৬টি অনলাইন মডিউলের পাশাপাশি সুইজারল্যান্ডের নিয়ন শহরে উয়েফার সদর দপ্তরে ৩টি সেমিনারে অংশ নিতে হয়। শায়েক জানালেন, প্রতি চার মাস পরপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। দুটি অ্যাসাইনমেন্ট মিলিয়ে থাকে ৮০ শতাংশ পয়েন্ট। সর্বশেষ মাসের প্রেজেন্টেশন আর মৌখিক পরীক্ষায় থাকে ২০ শতাংশ পয়েন্ট।
ব্যক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি কোর্সটির মাধ্যমে বিভিন্ন দেশের ফুটবলের সংস্কৃতি আর ব্যবস্থাপনা কাঠামো সম্পর্কে জেনেছেন শায়েক। তাঁর মতে, অন্য দেশগুলোর তুলনায় শুধু খেলার মানে নয়, পেশাদারি, ব্যবস্থাপনাসহ সার্বিকভাবে আমাদের ফুটবল বেশ পিছিয়ে আছে। তাই ফুটবল ব্যবস্থাপনা নিয়ে প্রাতিষ্ঠানিক জ্ঞান কাজে লাগানোর জন্য বাংলাদেশের ফুটবল বেশ উপযুক্ত একটি কাজের ক্ষেত্র। শায়েকের বিশ্বাস, প্রাতিষ্ঠানিক জ্ঞানের পাশাপাশি দক্ষতা আর অভিজ্ঞতা অর্জন করতে পারলে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যেকোনো দেশেই কাজের দুয়ার খুলে যাবে।