ফুটবল-মহারণের দামামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্জেন্টিনা, নাকি ব্রাজিল—কার হাতে উঠবে ট্রফি? দুই দলই সমানে সমানে। মাঠ ছাপিয়ে সেই তর্ক এখন বন্ধুদের মধ্যেও। মডেল: (ডান থেকে) সংগীতা, আলভী, জুয়েল, ফ্লোরা, আলিশা ও মোরশেদ । ছবি: সৌরভ দাশ
আর্জেন্টিনা, নাকি ব্রাজিল—কার হাতে উঠবে ট্রফি? দুই দলই সমানে সমানে। মাঠ ছাপিয়ে সেই তর্ক এখন বন্ধুদের মধ্যেও। মডেল: (ডান থেকে) সংগীতা, আলভী, জুয়েল, ফ্লোরা, আলিশা ও মোরশেদ । ছবি: সৌরভ দাশ

আর মাত্র কয়েকটা ঘণ্টা। বিশ্বকাপের দামামা বেজে উঠবে আজ রাতেই। কিক অফের সঙ্গে ফুটবলপ্রেমীদের নির্ঘুম রজনীরও শুরু। মধ্যরাতে খেলা দেখার জন্য প্রস্তুতি নিয়েই রেখেছেন তাঁরা। নানা আয়োজন সবখানে। প্রিয় দলের সমর্থনে গলা ফাটানোর পাশাপাশি প্রতিপক্ষকে ঘায়েল করতে নানা তথ্য-উপাত্ত সংগ্রহেও পিছিয়ে নেই কেউ।
রাত জেগে খেলা দেখাকে উপভোগ্য করতে চা-কফির আয়োজনও থাকছে। যত কষ্টই হোক প্রিয় দলের খেলা দেখা কেউ মিস করতে চাইছেন না। জাতীয় দলের সাবেক অধিনায়ক আশীষ ভদ্র বলেই ফেললেন, ‘খেলাগুলো রাতে হওয়ায় একটু ঝামেলা হয়ে গেছে। তবে প্রিয় দলের এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলো মিস করব না। রাত জেগেই দেখতে হবে।’
আশীষ ভদ্রের প্রিয় দল ব্রাজিল। তাঁর মতে, এবার দক্ষিণ আমেরিকান দলগুলো এগিয়ে থাকবে। নিজেদের কন্ডিশন এবং দলের শক্তিমত্তার দিক থেকে ব্রাজিল ও আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেন আশীষ ভদ্র। এ ছাড়া ইউরোপের জার্মানি, বেলজিয়াম ও পর্তুগালের মতো দলগুলোও সম্ভাবনাময় বলে মানলেন আশীষ ভদ্র। তিনি বলেন, ইউরোপের কিছু ভালো দল রয়েছে। তবে তারা আমেরিকায় গিয়ে কতটুকু খেলতে পারছে, তা দেখার বিষয়।
বিশ্বকাপ বাঙালির দৈনন্দিন জীবনযাত্রায় একটি উত্সবের আবহ নিয়ে আসে বলে জানান সাবেক এই ফুটবলার।
বিশ্বকাপ ফুটবল সত্যিই একটি উত্সব। চারদিকে পতপত করে উড়ছে পতাকা। চায়ের টেবিলে গরম আলোচনা। ট্রেন, বাস ও অফিসে ফুটবল, স্কুল-কলেজের আলোচনায় ফুটবল। উত্সব নয়তো কি! এই উত্সবে শরিক হয় খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সুরম্য দালানের বাসিন্দাটিও।
ফুটবলের একটু খোঁজখবর রাখেন—এমন লোকও বিশ্বকাপ-জ্বরে আক্রান্ত হচ্ছেন। অফিসের ব্যস্ততা ভুলে খেলার আলোচনায় মন ঢুকে যায়। আর রাতে খেলা দেখে প্রতিদিন অফিসে দেরিতে যাওয়ার ঘটনাও কম ঘটে না ফুটবল বিশ্বকাপের সময়।
এই যেমন বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ফেরদৌস আহমেদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিশ্বকাপ শুরুর আগেই সকালে অফিসে আসতে দেরি হবে—এমন আশঙ্কার কথা জানিয়ে রেখেছেন। তিনি বলেন, ‘রাত জেগে খেলা দেখব। সকালে কীভাবে অফিস করব। তাই একটু দেরি হবে, সেটা জানিয়ে রেখেছি।’

ডিসি হিলে উড়ছে বিভিন্ন দেশের পতাকা । প্রথম আলো
ডিসি হিলে উড়ছে বিভিন্ন দেশের পতাকা । প্রথম আলো

রাত দুইটা কিংবা চারটার খেলাগুলো বেশির ভাগ মানুষ নিজ নিজ বাসায় দেখবেন। তবে রাত ১০টার খেলাগুলো সবান্ধব দেখার পরিকল্পনা অনেকের। বিশেষ করে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা তরুণেরা বন্ধুদের সঙ্গে নিয়ে কারও বাসায় কিংবা কোনো ক্লাবে খেলা দেখার আয়োজন করে রেখেছেন। অনেকে মধ্যরাতের খেলাও একসঙ্গে দেখার আয়োজন করছেন।
চট্টগ্রাম আবাহনীর সাবেক অধিনায়ক দেবাশীষ বড়ুয়া এখন পেশাদার সাংবাদিক। তিনি বলেন, ‘যদি অফিসে থাকতে না হয়, তাহলে পরিবার-পরিজন নিয়ে ঘরে বসেই খেলা দেখব। নয়তো অফিসে দেখতে হবে। যত রাতই হোক, খেলা দেখা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। খেলার ফাঁকে চা-কফির আয়োজনও থাকবে।’
দেবাশীষ বড়ুয়ার প্রিয় দল আর্জেন্টিনা। তাঁর প্রাণভোমরা মেসি। আর্জেন্টিনা ছাড়াও তিনি এবার ব্রাজিল ও স্পেনের সম্ভাবনা দেখছেন। তবে সবকিছু ছাপিয়ে বাঙালির উত্সবকে বড় করে দেখছেন তিনি।
দেবাশীষ বড়ুয়া বলেন, ‘বাঙালি ফুটবলপাগল। যদিও এখানে এখন ফুটবলের কদর কম, তবে বিশ্বকাপ এলেই বোঝা যায় ফুটবল আমাদের রক্তে। এবারের আসরও সেই উত্সবের আবহ নিয়েই এল।’