ফুটবলপ্রেমিক
দুনিয়াজুড়ে চলছে ফুটবলের উন্মাদনা। সবাই ফুটবল-জ্বরে ভুগছে। আমিও ভুগছি। ছাত্রজীবনে প্রায় সব খেলাই খেলেছি। হকি খেলতে গিয়ে মুখে আঘাত পাই। তার পর থেকে ফুটবলই আমার প্রিয় খেলা। ১৯৯৮ থেকে নিয়মিত বিশ্বকাপ ফুটবল খেলা দেখে আসছি। ৪০ বছর একটানা একই অধিদপ্তরে চাকরি করেছি। অবসর নিয়েছি ১৯৯৫ সালে। এখন অবসরজীবন কাটাচ্ছি। হাঁটাহাঁটি বেশি করি বলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে। ১১ জুন বিশ্ব ফুটবলের আসর বসেছে দক্ষিণ আফ্রিকায়। ধনী দেশ। তাদের আয়োজন জমজমাট। উদ্বোধনী দিনেই আমার একজন নিকটাত্মীয় আইনি ভাই অর্থাৎ শালার ছেলে নোমানের বিয়ের দাওয়াত। না খেয়েও উপায় নেই। আবার বিশ্বকাপের আসরটাও দেখতে হবে। শুক্রবার দুপুরে অনুষ্ঠান। যেতে হবে সেই মুগদা স্টেডিয়ামের কাছে। সকাল ১০টায় গন্তব্যের উদ্দেশে রওনা হই। মুগদার কাদের ভূঁইয়াবাড়ি যেতে বেশি সময় লাগেনি। তারপর শুরু হলো ঐতিহ্যবাহী ঢাকাইয়া খানা। শরবত থেকে শুরু করে আম, জাম, কাঁঠাল, লটকন—কোনো ফলই বাদ নেই। এই পঁচাত্তর-ঊর্ধ্ব বুড়োর ভয়, যদি পেট খারাপ হয়ে যায়! আর বিশ্বকাপ ফুটবলের শুরুটাই না দেখতে পাই। যা হোক, নিয়ন্ত্রণ করেই খেতে লাগলাম। ওখানকার এক বড় মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়ে মুসল্লি-জ্যামে পড়লাম। চারতলা মসজিদের কোনোখানেই জায়গা নেই। শেষে সিঁড়িতেই বসে পড়লাম। নামাজ শেষে আবার খাওয়ার পালা। কত রকম যে খানা! মাছ, মাংস, রোস্ট, পোলাও—কোনো কিছুই বাদ নেই। মিষ্টি, দইও খেলাম। এতসব খাওয়ানোর জন্য মনোয়ারা বেগম ও কাদের ভূঁইয়া দম্পতিকে ধন্যবাদ দিই। বিকেল চারটার দিকে বিকেলের চা-নাশতা খেয়ে বিদায় নিলাম। পথে দলছুট হয়ে মতিঝিলে রয়ে গেলাম। মোহামেডান ক্লাবে ঢুকতে না দেওয়ায় পাশের ক্লাবে বসে খেলা দেখতে হলো। আবহাওয়া খারাপ বলে বাসায় ফিরে গেলাম। বিশ্বকাপের, বিশেষ করে ফুটবলের অনেক স্মৃতি জড়িয়ে আছে মনের কম্পিউটারে। ১৯৯৮ সালের বিশ্বকাপ ফুটবল কুইজে আমি সান্ত্বনা পুরস্কার পাই প্রথম আলোর সম্পাদক মতি ভাইয়ের কাছ থেকে। জাতীয় প্রেসক্লাবে ওই অনুষ্ঠান হয়। ইয়া বড় একটা গিফট বক্স। লিভার ব্রাদার্সের সব রকম মালামাল। তার মধ্যে আমার প্রিয় সাবান লাইফবয়, যা কিনা আমি ৪০ বছর ধরে ব্যবহার করছি। আজ আর নয়। সবাইকে ধন্যবাদ।এ এন ওয়াহিদজিগাতলা, ঢাকা।