ফুটবলার ভার্সন

গরুর শ্রেণিবিন্যাগরু আছে অনেক ধরনের, বাহারি চরিত্রের। আমরা যদি ফুটবলারদের চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে গরুর শ্রেণিবিন্যাস করি, ব্যাপারটা কেমন দাঁড়াবে!
বালোতেল্লি গরু
এই গরুর গাত্রবর্ণ কুচকুচে কালো। দৈহিক গড়ন লম্বাটে। সিক্স প্যাক বডি। গরু হিসেবে এরা খুবই কড়া মেজাজের। এরা ‘শিং থাকতে মুখে কথা কী’–তে বিশ্বাসী।
আরিয়েন রোবেন গরু
এই টাইপের গরু কিছু হওয়ার আগেই উষ্ঠা খেয়ে পড়ে যায়। আর করুণ দৃষ্টিতে মালিকের দিকে তাকিয়ে থাকে। গাত্রবর্ণ ফরসা, দৈহিক গড়ন লম্বা। এদের মাথায় কোনো শিং নেই। আদি নিবাস হল্যান্ড হলেও লোকে ইন্ডিয়ান ভেবে ভুল করে।
ক্রিস্টিয়ানো রোনালদো গরু
এই টাইপের গরুর খুব ভাব। শিং নিয়ে এদের অসীম আগ্রহ। তারা বারবার শিংয়ের স্টাইল পাল্টায়। এরা ভালো লাফ দিতে পারে। এদের অনেক সঙ্গিনীর খোঁজ মেলে।
গ্যারেথ বেল গরু
এই গরুকে কেন জানি সবাই খালি কলা খেতে দেয়। এই গরুর দৌড়ের গতি মারাত্মক! এদের ফিগার তাগড়া। শিং একদিকে কাত করে রাখে।
নেইমার গরু
এই গরু খুবই হালকা–পাতলা গড়নের হয়। ভালো দৌড়াতে পারে। এরা খুবই ইমোশনাল স্বভাবের। হালকা–পাতলা হওয়ায় মাঠে দৌড়ানোর সময় অন্য কোনো গরুর সঙ্গে ধাক্কা খেলে দশ হাত দূরে আছড়ে পড়ে।
লিওনেল মেসি গরু
এই গরুগুলো সাইজে তেমন বড় নয়, ফিগারও নয় তেমন নজরকাড়া। কিন্তু একবার দৌড় দিলে কাহিনি শেষ। দশ–বারোজনকে উল্টে ফেলে দিতে পারে অনায়াসে। মানুষের হাত থেকে একবার ছুটল তো ছুটলই! একদম সীমানার বাইরে!
লুইস সুয়ারেজ গরু
গরু জাতির মধ্যে এরা সবচেয়ে ব্যতিক্রম। এদের সবচেয়ে ভয়ংকর বৈশিষ্ট্য হলো, এরা গুঁতা বা ঢুস না দিয়ে কামড়ে দেয়। ঈদের হাটে এই গরুগুলোকে বিক্রি করা হয় না। তারা আপাতত ‘বিক্রয়ের জন্য নহে’!
ফ্রাঙ্ক ল্যাম্পার্ড গরু
এরা খুবই প্রভুভক্ত। একবার তাদের মালিক বদল হলে রাস্তায় বসে কান্নাকাটি শুরু করে। তবে একবার এই প্রজাতির একটি গরু হাতবদলের দুঃখে ভুল করে পুরোনো মালিককেই ঢুস দিয়ে বসেছিল!
পেপে গরু
গরু প্রজাতির মধ্যে বেশ ভয়ানক। এরা কথাবার্তা ছাড়াই লাথালাথিতে পারদর্শী। মাঝে মধ্যেই অতিরিক্ত লাথালাথির জন্য এদের খুব শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। ষাঁড়ের লড়াই পছন্দ করে। সুয়ারেজ গরুর সঙ্গে পেপে গরুর লড়াই দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষায় থাকে।
ঢাকা