ফুটবলার মেয়েটির কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুই নু প্রু মারমা৷ ছবি: প্রথম আলো
সুই নু প্রু মারমা৷ ছবি: প্রথম আলো

ছোটবেলা থেকে ফুটবল খেলাটা তাঁর কাছে ছিল বিস্ময়কর। একটা বলকে কিছু মানুষ লাথি মেরে গোলবারে নেওয়ার চেষ্টা করছে, আর অন্যরা তাই দেখে মজা পাচ্ছে! নিয়মিতই খেলা দেখতে মাঠে যেতেন। বাবা-কাকারা ফুটবল খেলতেন আর মেয়েটি মাঠের বাইরে হাততালি দিত। তবে কখনো ভাবেনি, নিজে একদিন ফুটবল খেলবে। ফুটবল দিয়েই মাত করবে ফুটবলপ্রেমীদের মন। অনেকটা হুট করেই ফুটবলের মাঠে প্রবেশ। এরপর ফুটবলার হিসেবে নিজের জাত চেনানো। এরপর এখন তো বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক। এরই মধ্যে নিশ্চয়ই বুঝে গেছেন পাঠক। হ্যাঁ, সুই নু প্রু মারমার কথাই বলছি।
রাঙামাটির মেয়ে সুই নু প্রু মারমা ছোটবেলায় ছিলেন ভালো অ্যাথলেট। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন নিজের উপজেলা কাউখালীতে। এরপর ঢাকায় চলে আসেন। পড়াশোনা করেছেন গাজীপুরে। ২০০৪ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিভা অন্বেষণ ক্যাম্পের মাধ্যমে সুই নু প্রুর ফুটবলে আসা৷ চাকরি পান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে খেলোয়াড় হিসেবে। এরপর ২০০৫ সালে সুযোগ আসে জাতীয় দলে খেলবার। সুযোগটা হাতছাড়া হয়নি সুই নু প্রুর। বরং দিন যাচ্ছে আর নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন। মাঠে সেন্টার মিড ফিল্ডের (প্লে মেকার) খেলোয়াড় হিসেবে একের পর এক বল ঢোকাচ্ছেন প্রতিপক্ষের জালে।
দেশের বাইরে শ্রীলঙ্কা, ভারত ও দক্ষিণ কোরিয়ায় ফুটবল খেলতে গেছেন। কথা বলতে বলতেই সুই নু প্রু বললেন, ‘২০১০ সালে সাউথ এশিয়ান গেমসে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। এদিকে খেলাও প্রায় শেষের দিকে। সবাই লড়ছে জয়ের জন্য। আমার মাথায় ছিল—জিততেই হবে৷ এরপর হুট করেই সুযোগ পেয়ে একটি গোল করে ফেললাম। সেই গোলেই সেবার বাংলাদেশ জিতেছিল। এখনো মনে হলে উচ্ছ্বসিত হই। এরপর অনেক গোল করেছি কিন্তু সেটাই আমার কাছে এখনো সেরা খেলা।’
সুই নু প্রু বর্তমানে আছেন গাজীপুরের শফিপুর আনসার ভিডিপি একাডেমিতে। সেখানেই সকাল-বিকেল দুই বেলা চলে অনুশীলন৷ খেলোয়াড় হিসেবে নিজেকে তুলে ধরতে পরিবারের সমর্থন পেয়েছেন সারাক্ষণ। সামনে জাতীয় লীগের খেলা, সেটার জন্যই এখন নিজেকে প্রস্তুত করছেন। এ ছাড়া কয়েক মাস পরেই সাফ ফুটবল। সেটাও মাথায় আছে এই অধিনায়কের। আবার দুয়ারে ঘণ্টি বাজাচ্ছে বিশ্বকাপ ফুটবল। সেটা নিয়েও আছে নানা পরিকল্পনা। জানালেন, ‘বিশ্বের সেরা দলগুলোর খেলা হবে এখানে। তাই একজন ফুটবলারের চোখেই দেখব বিশ্বকাপ। ভালো খেলোয়াড়দের পাসিং, বল তৈরি থেকে গোল পর্যন্ত পৌঁছানো অনেক কিছুই শেখার জন্য মুখিয়ে আছি।’ যে কাপের জন্য এই লড়াই, বাংলাদেশ ঘুরে গেছে সেই বিশ্বকাপ ট্রফি। ট্রফির পাশে দাঁড়িয়ে কয়েক মুহূর্তের জন্য অভিভূত হয়ে পড়েন এই ফুটবলার। এত আকর্ষণীয় ট্রফি!
ফুটবল নিয়ে সুই নু প্রু অনেক বড় স্বপ্ন দেখেন। যখন খেলার বয়স শেষ হয়ে যাবে, তখন ফুটবল কোচ হতে চান। বিশ্বকাপের মতো আসরে একসময় আমাদের লাল-সবুজ পতাকা তুলে ধরতে চান।