ফুটবলে কলসিন্দুরকে ছাড়িয়ে গেল ঘাগড়ার মেয়েরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির ঘাগড়া উচ্চবিদ্যালয় ৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। পরপর তিনবারের চ্যাম্পিয়ন ময়মনসিংহের কলসিন্দুর স্কুল ও কলেজ এবার হয়েছে রানার্সআপ। বিদ্যালয় মাঠে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের সঙ্গে কোচ ও শিক্ষকেরা। ছবিটি ২৩ সেপ্টেম্বর তোলা l প্রথম আলো
রাঙামাটির ঘাগড়া উচ্চবিদ্যালয় ৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। পরপর তিনবারের চ্যাম্পিয়ন ময়মনসিংহের কলসিন্দুর স্কুল ও কলেজ এবার হয়েছে রানার্সআপ। বিদ্যালয় মাঠে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের সঙ্গে কোচ ও শিক্ষকেরা। ছবিটি ২৩ সেপ্টেম্বর তোলা l প্রথম আলো

ময়মনসিংহের কলসিন্দুরের মেয়েদের সাফল্যগাথা এখন দেশজুড়ে। ফুটবলের অনূর্ধ্ব ১৬ জাতীয় দলে তাদের নৈপুণ্য নজর কেড়েছে সবার। এবার সেই কলসিন্দুরকে ছাড়িয়ে গেছে রাঙামাটির ঘাগড়ার মেয়েরা।

ঘাগড়া উচ্চবিদ্যালয় ৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। পরপর তিনবারের চ্যাম্পিয়ন ময়মনসিংহের কলসিন্দুর স্কুল ও কলেজ এবার হয়েছে রানার্সআপ। প্রতিযোগিতায় উপ–অঞ্চলে সেরা হওয়া চারটি বিদ্যালয় অংশ নেয়।

২১ সেপ্টেম্বর কুমিল্লা শহীদ সুরেন্দ্রনাথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্তপর্ব। এতে চারটি দল একে অপরের সঙ্গে খেলে। ‘বকুল’ অঞ্চলের চ্যাম্পিয়ন রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চবিদ্যালয়ের বালিকা ফুটবল দল ‘চাঁপা’ অঞ্চলের রংপুরকে ১২-০ গোলে পরাজিত করে। এর আগে ‘গোলাপ’ অঞ্চলের চ্যাম্পিয়ন খুলনাকে ২-০ গোলে হারায়। সর্বশেষ ‘পদ্ম’ অঞ্চলের ময়মনসিংহ জেলার কলসিন্দুর স্কুল ও কলেজের বালিকা ফুটবল দলের সঙ্গে গোল শূন্য ড্র করে। গোলের ব্যবধান বেশি থাকায় ঘাগড়া উচ্চবিদ্যালয়কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। অবশ্য খেলায় একইভাবে দুটি দলকে হারায় কলসিন্দুর।

ঘাগড়া উচ্চবিদ্যালয়ের বালিকা ফুটবল দলের কোচ শান্তি মণি চাকমা বলেন, আমাদের দল ২০১৩ থেকে ২০১৫ সালে অনুষ্ঠিত জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় পরপর তিনবার রানার্সআপ হয়। কিন্তু বিদ্যালয়টি ফুটবলের জন্য কোনো সহযোগিতা পায়নি। এলাকাবাসীর প্রচেষ্টায় এ সাফল্য অর্জন করেছে।

তিনি নানা প্রতিকূলতায়ও ফুটবলে মেয়েরা এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন। শান্তি মণি চাকমা বলেন, এবার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তিনজন খেলোয়াড়ের বুট জুতা না থাকায় পুরোনো জুতা সেলাই করে খেলতে হয়েছে। ঠিকমতো পৃষ্ঠপোষকতা পেলে এখানকার মেয়েরা আরও এগিয়ে যাবে।

বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও দলের আক্রমণ ভাগের খেলোয়াড় রূপনা চাকমা রংপুরের সঙ্গে খেলায় আক্রমণ ভাগে খেলেছিল। ওই খেলায় একাই ছয় গোল করে রূপনা। সে আত্মবিশ্বাসের সঙ্গে বলে, ‘সহযোগিতা পেলে আরও ভালো করতে পারতাম।’

 ১১ সেপ্টেম্বর প্রথম আলোর চট্টগ্রাম অঞ্চলের ক্রোড়পত্র আমার চট্টগ্রামে ঘাগড়ার মেয়েদের নিয়ে ‘ঘাগড়া উচ্চবিদ্যালয় যেন আরেক কলসিন্দুর’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। তখন তারা উপ–অঞ্চলে সেরা হয়।

ঘাগড়া উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বালিকা ফুটবল দলের প্রধান পৃষ্ঠপোষক সুভাষ চাকমা বলেন, স্থানীয় লোকজন নিজেদের সামর্থ্য দিয়ে কিশোরী ফুটবলারদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। সরকার, প্রশাসন ও অন্য কোনো সংস্থার সহযোগিতা পেলে ঘাগড়া উচ্চবিদ্যালয়ের ফুটবলাররা আরও ভালো করতে পারবে। বিদ্যালয়ের তিনজন খেলোয়াড়—আনুচিং মগিনি, আনাইচিং মগিনি ও মনিকা চাকমা সম্প্রতি অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব ১৬ বালিকা ফুটবল টুর্নামেন্টে জাতীয় দলের হয়ে খেলেছে। এ ছাড়া একজন রয়েছে জাতীয় ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিতে।

কোচ শান্তি মণি চাকমা জানান, খেলোয়াড়েরা সবাই দরিদ্র পরিবারের সন্তান। অনুশীলনের সময় কয়েকজন খেলোয়াড়কে ঘাগড়া উচ্চবিদ্যালয়ের পরিত্যক্ত একটি ভবনে গাদাগাদি করে থাকতে হয়েছে। আর অন্যরা প্রতিদিন তিন থেকে পাঁচ কিলোমিটার পথ পায়ে হেঁটে অনুশীলনে আসত। অনুশীলনের পর ভালো খাবারও দিতে পারেন না।

চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়েরা হলো মাউচাই মারমা (অধিনায়ক), রূপনা চাকমা, সুইনুচিং মারমা, জিতা চাকমা, বিথী চাকমা, মলিনি চাকমা, উমেচিং মারমা, তন্নি দেওয়ান, রিপ্রু মারমা, রিয়া চাকমা, থুইমা মারমা, চম্পা চাকমা, উনুপ্রু মারমা, কুসুমিকা চাকমা ও ইহ্লা চিং মারমা।