ফুটবলে বেঁধেছি প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: শামসুল হক
ছবি: শামসুল হক

সেই ছোট্টটি থেকেই ফুটবল মিশে আছে আমার রক্তে। আজও তা নাচন তোলে শরীরে। পেছনে তাকিয়ে শুধু মনে হয়, এই তো সেদিনের কথা। স্কুলের পড়ার সময় খেলা নিয়ে কত তোড়জোড়, কত আবেগ। সেসব দিন আমাকে ভাসিয়ে নিয়ে যায় স্মৃতির ভেলায়।
আমাদের পরিবার অবস্থাপন্নই ছিল। তখনকার দিনেই আমাদের গাড়ি ছিল। আমিও ছিলাম বেশ আদরের দুলাল। কিন্তু ফুটবল খেলতে চাইলে তো আদরের দুলাল সেজে ফুলবাবু হয়ে থাকার সুযোগ নেই। এখানে নিরন্তর চেষ্টা করে যেতে হয়। সেই চেষ্টাই হয়তো বহুদূর টেনে এনেছে আমাকে।
আমার পরিবারের সহযোগিতাও কম গুরত্বপূর্ণ ছিল না। একদিন নাক ফেটে গেল খেলতে গিয়ে। ভয়ে ভয়ে বাসায় এলাম। আম্মা অনেক রাগারাগি করলেন। কিন্তু আব্বা বললেন, খেলতে গেলে এমন হবেই। এই যে আব্বার দিক থেকে খেলার জন্য সবকিছু মাফ, সেটাও আমাকে লক্ষ্যে পৌঁছাতে দিয়েছে অফুরান সাহস।
কিন্তু আমি একটু ঘাড়ত্যাড়া ধরনের ছেলে ছিলাম। মুক্ত বাতাস চাইতাম নিরন্তর। ‘মুরগির খোপে’ আটকে থাকার লোক আমি নই। খোলা জায়গায় দাবড়ে বেড়িয়েছি শৈশব-কৈশোরে। এ কারণে আম্মার হাতে অনেক মার খেয়েছি। আমার অন্য কোনো ভাইবোনই এটা খায়নি।
এটা শুনে আবার ভাববেন না, আম্মা আমাকে পেছনে টেনে ধরে রাখতে চাইতেন। আসলে মা-বাবা কখনো আমার খেলোয়াড়ি জীবনে বাধার দেয়াল তোলেননি। ছোটবেলায় খেলা দেখতে যাব, আব্বার কাছে টাকা চাইলে সঙ্গে সঙ্গে বের করে দিতেন। অন্য কিছু চাইলে হয়তো না করে দিতেন। স্কুলে পড়ার সময় আম্মার একটাই শর্ত ছিল: যা-ই করি না কেন, সূর্য ডোবার আগে আগে বাসায় ফেরা চাই।
মনে পড়ে, তখনকার সময়ে কেউ বিলেতে গেলে বলতাম, আমার জন্য এক জোড়া রানিং স্পাইক ও এক জোড়া ফুটবল বুট নিয়ে এসো। ফুটবলে আমি এতটাই একাগ্র ছিলাম। ১৯৬৮-৬৯ সালের দিকে হরতাল ছিল অনেকটা কারফিউর মতো। সেই ভীতি-জাগানিয়া সময়েও ধানমন্ডিতে আমার এলাকায় সারা দিন ফুটবল পেটাতাম নাওয়া-খাওয়া ভুলে।
স্কুলে যেতাম মাঝেমধ্যে রিকশায়, কখনো বাসে, কখনো হেঁটে। যখন যেভাবে ইচ্ছা। স্কুলবাসও ব্যবহার করতাম। পড়তাম বিএএফ শাহীন স্কুলে। দেখা গেল, বাসা থেকে স্কুটারের ভাড়া দিল স্কুল থেকে ধানমন্ডির বাসায় ফিরতে। কিন্তু অনেক সময় ওই পয়সা দিয়ে রেস্টুরেন্টে খেয়ে-পরে হেঁটে বাসায় গিয়েছি। ধরাবাঁধা ছক কখনোই আমাকে একটা গণ্ডির মধ্যে আটকে রাখতে পারেনি।
এরই ধারাবাহিকতায় সবে মেট্রিক পরীক্ষা শেষ। ওইটুকু বয়সেই ঢাকার প্রথম বিভাগ ফুটবলে ওয়ারীর হয়ে অভিষেক, ১৯৬৯ সালে। অথচ এর আগের বছরই ক্রিকেটের প্রথম বিভাগে আমার শুরু! ছিলাম টপ অর্ডার ব্যাটসম্যান। টানা তিন বছর স্কুল অ্যাথলেটিকসে পূর্ব পাকিস্তানের সেরা হয়েছি। সেই আমি ফুটবলই বেছে নিলাম কেন, প্রশ্ন বটে। আসলে ক্রিকেট খেলার সময় আমরাই ছিলাম খেলোয়াড়, আমরাই আম্পায়ার, আমরাই সব। মাঠে লোক তেমন হতো না। ফুটবলে তখন হাজার হাজার লোক। দর্শকের জোয়ার, নিজের ভালোবাসা—সব মিলিয়ে ফুটবলই হলো আমার চূড়ান্ত ঠিকানা।
ফুটবল আমজনতার খেলা। ক্রিকেট একটু অভিজাত শ্রেণির। আমি যে পরিবার থেকে এসেছি, সেটি ছিল শিক্ষিত ও সচ্ছল। সেই হিসেবে ক্রিকেটেই জীবন গড়তে পারতাম অনায়াসে। তার পরও ফুটবলই বেছে নিয়েছি। ফুটবলই আমাকে দিয়েছে মানুষের অফুরান ভালোবাসা। এখনো যেখানেই যাই, লোকে বলে, ওই যে সালাউদ্দিন। এ এক অনির্বচনীয় অনুভূতি।
ঢাকা লিগের সোনায় মোড়ানো সময়টার কথাই বা ভুলি কী করে! এক বছর ওয়ারীতে কাটিয়েই মোহামেডান। তখন মোহামেডানে পাকিস্তান দলের আট-নয়জন খেলোয়াড়। একাদশে সুযোগ পাওয়া আকাশের চাঁদ পাওয়ার মতোই ব্যাপার। আমাকে মাঠের বাইরে বসে থাকতে হয় কি না, সেই চিন্তায় অনেকেই বারণ করলেন মোহামেডানে যেতে।
কিন্তু চ্যালেঞ্জ নিতেই ভালোবাসি। জীবনে কখনো দ্বিতীয় হতে চাইনি। এই অদম্য ইচ্ছেঘুড়ি আমার আকাশে উড়ে বেড়াত সারাক্ষণ। সেটা এখনো আছে। সব সময় চাই আলাদা কিছু করতে। মাঠে নিজেকে উজাড় করে দিতাম। তেমনই একটা ম্যাচের কথা বলি। স্বাধীনতার পর ঢাকায় মোহনবাগানের বিপক্ষে ঢাকা একাদশ জিতল আমারই গোলে, পরপরই থাইল্যান্ডে গেলাম দেশের জার্সিতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে। রক্ত তখন টগবগ করছে।
সব ছাপিয়ে একটা চিরজাগরূক স্মৃতি—মুক্তিযুদ্ধ। একাত্তরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের করাচিতে আমরা খেলতে গেলাম তৎকালীন পাকিস্তান জাতীয় চ্যাম্পিয়নশিপে। সেটি শেষ করার পরই পাকিস্তান দলে আমার ডাক এল। কিন্তু আমি স্বাধীন বাংলা দলের হয়ে ‘ফুটবলযুদ্ধে’ই নাম লিখলাম। সোনার অক্ষরে লেখা সেই গল্পের পরতে পরতে শিহরণ জাগানো সব ঘটনা।
স্বাধীন বাংলা দলটা ছিল পুরোপুরি সফল ও জনপ্রিয়। এই দলটা পায়ের নিচে শক্ত মাটি খুঁজে পায় দ্বিতীয় ম্যাচে মোহনবাগানের সঙ্গে খেলে। মোহনবাগান সেদিন খেলেছিল ‘গোষ্ঠপাল একাদশ’ নামে, সম্ভবত গোষ্ঠপাল মোহনবাগানেরই সাবেক কোনো ফুটবলার। ওই ম্যাচে আমরা ড্র করেছিলাম, গোলটা ছিল আমার। সেদিনই কলকাতার ফুটবল সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, ওপার বাংলার ছেলেরা ফুটবল খেলতে পারে।
স্বাধীন বাংলা দল আমাকে দিয়েছে অভূতপূর্ব সব অভিজ্ঞতা। মোহনবাগান মাঠের সামনে একটা ঘরে আমরা থাকতাম, রান্না-গোসলটোসলও একই জায়গায়। তখন আমাদের দেওয়া হতো দৈনিক এক টাকা চার আনা ভাতা। ওই টাকা দিয়ে নাশতা করলে আর ভাত খাওয়া যেত না। তাই একটু দেরি করে একবারে ভাত খেয়ে নিতাম।
মুক্তিযুদ্ধ শেষে শুরু অন্য লড়াই। নিজেকে আরও সামনে তোলার নিরন্তর সাধনা। দেশে ফেরার পর জাতীয় দলের অংশ হলাম। প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপে খেলেছিলাম মোহামেডানের জার্সি গায়ে। ওটা ছিল আমার জন্য দারুণ সফল এক টুর্নামেন্ট। সেমিফাইনালে হ্যাটট্রিক, ফাইনালে দুই গোল। মনে পড়ে, ফাইনালের পর তখনকার ইংরেজি দৈনিক অবজারভার-এ শিরোনাম হয়েছিল, ‘ফাইভ গোল ইন টোয়েন্টিফোর আওয়ারস।’
আমার ক্যারিয়ারে ওটা ছিল বিশাল এক বাঁক। চারদিকে নাম ছড়িয়ে পড়ল আরও। টুর্নামেন্টটি খেলার পর শেখ কামাল একদিন এসে বলল, ‘তূর্য (আমার ডাকনাম), আমি আবাহনী নামে একটা দল করব। তুই কি আমার দলে খেলবি?’ কামাল আমার ঘনিষ্ঠ বন্ধু, স্কুল থেকে এই বন্ধুত্বের শুরু। কামালকে বললাম, ‘তোর কি মাথা খারাপ? আমি আবাহনীতে খেলব! মোহামেডান ছেড়ে কেউ নতুন দলে খেলতে যাবে নাকি!’
কামাল জেদ ধরল, আমাকে আবাহনীতে নেবেই। তখন মোহামেডানের বিরুদ্ধে দল গড়ে চ্যাম্পিয়ন হওয়া ছিল খুবই কঠিন। কামালকে বলেছিলাম, তুই যদি জাতীয় দলের মতো একটা গড়তে পারিস, তাহলেই তোর দলে খেলব। কামাল সেই কাজটাই করল সাফল্যের সঙ্গে। তার দলে আমিও ভিড়লাম, তখন তো আর জানি না ‘আবাহনীর সালাউদ্দিন’ হতে চলেছি পাকাপাকিভাবে।
পঁচাত্তরে হংকংয়ে গেলাম পেশাদার লিগে খেলতে। সে বছরই ঘাতকের গুলি কেড়ে নিয়েছে কামালকে। এরপর এমন কোনো ক্লাব ছিল না যে আমাকে নিতে চেষ্টা করেনি। কিন্তু প্রিয় বন্ধুকে হারানোর ব্যথা মনটাকে সারাক্ষণই বিষণ্ন করে রাখত। কামালের সম্মানে কখনো আবাহনী ছাড়ার কথা ভাবিনি। ১৯৮৪ সালে আবাহনীর হয়েই ফুটবলকে বিদায় জানালাম।
ভুল। বিদায় জানালাম কই! সেই তো ফুটবলেই রয়ে গেলাম। খেলা ছেড়েই আবাহনীর কোচ! খেলোয়াড় হিসেবে আবাহনীর হয়ে যত ট্রফি জিতেছি, কোচ হিসেবেও সেই আবাহনীকে সব ট্রফিই দিয়েছি। ১৯৮৭ সালের দিকে কোচিং ছেড়ে পাঁচ বছর পর ১৯৯২ সালে আবার আবাহনীর কোচ হিসেবে ফেরা। এই পাঁচ বছর এমন নয় যে রাগ বা অভিমান করে দূরে ছিলাম। আসলে কিছুদিন ইচ্ছা করেই ফুটবলের আলো-বাতাস গায়ে মাখতে দিইনি।
১৯৯২ সালে আবাহনীতে ফিরে আবার দলটাকে লিগ চ্যাম্পিয়নশিপ উপহার দিলাম। পরপরই ফের ছেড়ে দিলাম কোচিং। এবার আবাহনীর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি। মজার ব্যাপার, ১৯৯৪ সালে আরও একবার প্রত্যাবর্তন আবাহনীর কোচের চেয়ারে। সেবার একটা টুর্নামেন্টে ছিলাম। তাতে আকাশি-নীলরা চ্যাম্পিয়ন।
ওই বছরই আবার দূরে সরে যাই ফুটবল-জগৎ থেকে। এবার বেশ লম্বা সময়। টানা ১০ বছর। ২০০৪ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এলাম সহসভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধান হিসেবে। এখানে এসে দেখলাম, আমি ফুটবল নিয়ে আলাপ করি। অথচ অন্যরা এর ধারেকাছে যেতেও অনাগ্রহী। সবকিছুতেই বাধা। বোঝাপড়ায় গন্ডগোল দেখা দেওয়ায় মাস তিনেক পরই ফেডারেশন থেকে পদত্যাগ করলাম। সাংবাদিক বন্ধুদের বলেছিলাম, কখনো ফিরে এলে ফুটবল ফেডারেশনের সভাপতি পদেই আসতে চাইব। সভাপতি হলে তবেই নিজের মতো কাজ করতে পারব, এই ছিল আমার ভাবনা।
ফুটবল ফেডারেশনে যোগ দেব, সংগঠক হব—কখনো ভাবিনি। আজ আমি দ্বিতীয় মেয়াদে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের নির্বাচিত সভাপতি। ফিফার একটা সাব-কমিটিতে আছি। এএফসি-ফিফায় আমার যাতায়াত এখন নিয়মিতই। আপনাদের সবার শুভকামনায় পথ চলেছি।
চলার পথটা মসৃণ ছিল না কখনোই। কাঁটার আঘাত সবখানেই। ২০০৮ সালে প্রথমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচন করেছিলাম একটা বিরাট শক্তির বিরুদ্ধে লড়াই করে। বয়োজ্যেষ্ঠ কেউ কেউ বলেছিলেন, সভাপতি হওয়ার দরকার নেই, তুমি সহসভাপতি হও। কিন্তু আমি সভাপতি পদেই অটল হয়ে রইলাম। আমার চিন্তাটা ছিল, আমার তো একটা ভোট আছে। শুধু ওই একটা ভোট পেলে নিজেকে বোঝাতে পারব, ফুটবল প্রশাসক হিসেবে হয়তো আমাকে চায় না ভোটাররা। এও ভেবেছি, হারলে কেউ তো আর বলতে পারবে না, ফুটবল তোমাকে তারকা বানিয়েছে। তুমি ফুটবলকে কিছু দিলে না হে।
বিধাতাই বোধ হয় চাননি আমি ফুটবল থেকে বিচ্ছিন্ন হই। চেষ্টা করছি ফুটবলকে কিছু ফিরিয়ে দিতে। কিছুটা হয়তো পেরেছি। তবে জাতীয় দলটাকে এশিয়ার শীর্ষে নিতে পারিনি, এই অতৃপ্তি আমার রয়েই গেছে। কাজ করছি। দেখা যাক, কোথায় গিয়ে দাঁড়াই। লক্ষ্য যখন স্থির, সামনে এগিয়ে যাবই। ফুটবলেই যে বেঁধেছি আমার প্রাণ।