ফুটবলের কজন সেই রকম সমর্থক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই তরুণেরা সমর্থন দিয়ে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে চান। ছবি: অধুনা
এই তরুণেরা সমর্থন দিয়ে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে চান। ছবি: অধুনা

এটুকু গল্প হিসেবেই পড়তে পারেন কিন্তু শুনতে পাওয়া যায়, ঘটনা সত্য। গল্পটা ঢাকাই ফুটবলের রমরমা দিনগুলোর। পুরান ঢাকায় ছেলেমেয়ের বিয়ে-থার আগে জাত, বংশ-পরিচয়ের সঙ্গে ‘বিয়াই পরিবার’ কোন দলের সমর্থক, সেটুকুও জানতে চাওয়া হতো।
আবাহনী সমর্থকের ছেলের সঙ্গে মোহামেডানের সমর্থকের মেয়ের বিয়ে? উহু; অলীক প্রস্তাব! এমন প্রস্তাব নিয়ে গেলে, ছাপার অযোগ্য কিছু গালিগালাজ জুটত; উত্তম-মধ্যমের উদাহরণও নাকি আছে। ফুটবলের সেই দিন নেই। ওগুলো ইতিহাস বইয়ের ‘কোনো এক পাতায়’ চাপা পড়ে গেছে।
২.
ওগুলো বাংলাদেশের ফুটবলের ‘সোনালি সময়’-এর গল্প। সত্তর কিংবা আশির দশকে যখন বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনী-ফরাশগঞ্জ ম্যাচের টিকিট নিয়েও ‘হাতাহাতি’ হয়েছে, সেই সময়ের। ‘গোলাভরা ধান, আর গোয়ালভরা গরুর মতো আমাদের ঢাকাই ফুটবলের দর্শকদেরও এখন ঠাঁই হয় ওই ইতিহাসের পাতায়ই। যেন ‘অতীত’। কেউ বলেন, মাঠে দর্শক নেই বলেই খেলোয়াড়দের খেলা ওঠে না। কারও মতে, খেলা ভালো হয় না বলেই মাঠে দর্শক নেই।

যদিও এসবের ধার খুব একটা ধারেন না সম্রাট, অতুল, জুবায়েরদের মতো তরুণেরা। প্রজন্মের এই ‘ফুটবল ভক্ত’রা মনে করেন, মাঠের কাজটা ঠিকই হচ্ছে, শুধু তাদের কাজটাই ঠিকঠাক হচ্ছে না। ‘মাঠে তো ফুটবল হচ্ছেই, শুধু দর্শক নেই। মানে আমরা নেই।’ বলছিলেন অতুল।
স্নাতক শ্রেণির এই শিক্ষার্থী সমালোচকদেরও নিয়েছেন একহাত, ‘ইদানীং বাংলাদেশের ফুটবলের এসব সাফল্য-ব্যর্থতা নিয়ে ব্যবচ্ছেদ করার লোকের অভাব নেই। যে-কেউ সমালোচনা করেন। যিনি যোগ্য তিনিও, যিনি যোগ্য নন তিনিও।’
অতুলের সঙ্গে একমত সম্রাট মহিম তালুকদারও, ‘কেউ কেউ “এ দেশের ফুটবলে কিচ্ছু হবে না” বলে ভেঙচি কাটেন। আপনি চোখ বন্ধ করে বলতে পারেন, এদের বেশির ভাগই মাঠে গিয়ে খেলা দেখেন না। শুধু মুখেই বড় কথা।’
এই তরুণদের মতে, তর্ক করার লোকের অভাব নেই, অভাব শুধু গ্যালারিতে।

৩.
এই তিন তরুণের নাম হঠাৎ করেই আসেনি। এসেছে বিশেষ কারণে। এঁরা শুধু মুখের কথায় নয়, বরং সত্যিকার অর্থেই বাংলাদেশের ফুটবলের ‘দর্শক’ হয়ে উঠছেন।
চলতি বছরের ২৬ মার্চ তাঁরা ফুটবলের নিয়মিত ‘দর্শক’ হয়ে ওঠার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেন। কিন্তু এ কজন মিলে মাঠে গেলে কী হবে? সিদ্ধান্ত হলো, ফেসবুকে গ্রুপ খোলার। পরদিনই ম্যাচ। আমন্ত্রণ জানানো হলো ফেসবুকে। তাঁদের ডাকে সাড়া দিয়ে এলেন জনা পঞ্চাশেক। এর পরের সপ্তাহে স্বাধীনতা কাপের সেমিফাইনালে মুখোমুখি আবাহনী ও মোহামেডান। যোগ হলো আরও শ দেড়েক দর্শক। ব্যস হয়ে গেল, ‘বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম’।
এই ফোরামেরই স্বপ্নোদ্যোক্তাই এই তিন তরুণ। বয়সের ভেদ নেই, তাঁদের ডাকে যোগ দিতে শুরু করেন দেশের ফুটবল ভক্তরা। গ্রুপটা চোখ পড়ে গেল ফুটবল ফেডারেশনের। ফোরামের সঙ্গে কথা বলে ফুটবলে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম বরাদ্দ করলেন বিনা মূল্যের টিকিট।
অতুল বলেন, ‘ফেসবুকে তিন দিন আগে ইভেন্ট ঘোষণা দিই। যাঁরা যোগ দিতে চান, তাঁদের জন্য টিকিট থাকে। প্রতি ম্যাচেই দর্শক বাড়ছে। বুঝতে পারলাম, এখনো বাংলাদেশের ফুটবল নিয়ে মানুষের আগ্রহ আছে।’ এই তরুণের দলটা তিন মাসেই জড়ো করে ফেলেছেন তিন শ ফুটবল-পাগলকে।

৪.
কেন এমন চিন্তা? কী এমন অর্জিত হতে পারে এতে? এমন সব প্রশ্নে ব্যক্তিগত কোনো অর্জন বা চাওয়া-পাওয়ার কথা উড়িয়ে দেন অতুল, সম্রাটরা। যা বলেন তাতে স্পষ্ট, নিজের খেয়েই বনের মোষ তাড়াচ্ছেন এই তরুণেরা।
মাঠে দর্শক বাড়ানোই কি লক্ষ্য? ‘ঠিক তেমন না।’ অতুল একটা গল্প শোনান; ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলের খেলোয়াড় সোহাগ, আবাহনীর অনূর্ধ্ব-১৪ দলেরও অধিনায়ক। তার লিগামেন্ট ইনজুরির পর আবাহনী কিংবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহযোগিতা করেনি। আমরা করেছি।’
‘উই লাভ বাংলাদেশ ফুটবল’ নামের আরেক গ্রুপের সিয়ামের সঙ্গে মিলে সোহাগের চিকিৎসার ঘোষণা দেন ফেসবুকে। সোহাগের চিকিৎসার জন্য প্রচারণা হয়। এগিয়ে আসেন জাতীয় দলের খেলোয়াড়সহ অনেকে। সোহাগের চিকিৎসা হয়। এ বছরই ওই ছেলেটাই পাইয়োনিয়ার লিগের চ্যাম্পিয়ন দল নারিন্দার হয়ে খেলেছে।
সম্রাট বলেন, এসব হয়তো ছোট অর্জন, কিন্তু একটা শুরু। তবে সম্রাট, জোবায়েররা দেখছেন ‘দূর ভবিষ্যৎ’। এককাট্টা হচ্ছেন। কমিটিও হয়েছে একটা। নতুন নতুন স্লোগানও ঠিক হচ্ছে।
ফোরামের বাইরেও ফেসবুকে ‘উই আর প্রাউড ফ্যান অব বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম’ নামের একটা গ্রুপ প্রচারণা চালাচ্ছে ফেসবুকে।

৫.
এই তরুণেরা মনে করেন, ফুটবলে দর্শক না এলে পৃষ্ঠপোষক আসবে কোত্থেকে? আর টাকা না এলে ফুটবল জমবে কীভাবে?
ম্যাচ যেমনই হোক, মাঠে যেতে হবে। সেখানে গিয়ে খেলা দেখেই করতে হবে খেলার সমালোচনা। সে কারণেই ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের এক কোনায় পড়ে থাকলেও পছন্দের দলকে সমর্থন দিতেই মাঠে আসেন তাঁরা—দর্শক হয়ে, সমর্থক হয়ে। সেই সমর্থন যতটা না ক্লাবের, তার চেয়ে বেশি ফুটবলের।

৬.
বাংলাদেশের ফুটবলে ‘সোনালি প্রজন্ম’ কিংবা ‘গোল্ডেন জেনারেশন’ শব্দটা খুব চলে। তবে সেই সোনালি প্রজন্ম কেবল পেছনেই পড়ে থাকে।
সম্রাট মনে করিয়ে দেন, এই বিশ্বকাপেই ইউরোপের নয়া শক্তির চেহারা নেওয়া বেলজিয়াম দেখিয়েছে তাদের ‘গোল্ডেন জেনারেশন’টা। হ্যাজার্ড, ফ্যালাইনিরা তো তাঁদের দীর্ঘদিনের পরিকল্পনার অংশ। এখন বাংলাদেশের ফুটবল কর্তাদের কাছেও তেমন পরিকল্পনা আশা করেন এই তরুণেরা।