ব্রাজিলের 'অমর' ফুটবলভক্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলভক্তরা কেবল জীবন বাজিই রাখেন না, তাঁরা জীবন বাঁচাতেও ঝাঁপিয়ে পড়েন। ব্রাজিলের ফুটবলভক্তরা সে দৃষ্টান্তও স্থাপন করেছেন। ছবিটি প্রতীকী।
ফুটবলভক্তরা কেবল জীবন বাজিই রাখেন না, তাঁরা জীবন বাঁচাতেও ঝাঁপিয়ে পড়েন। ব্রাজিলের ফুটবলভক্তরা সে দৃষ্টান্তও স্থাপন করেছেন। ছবিটি প্রতীকী।

ফুটবলভক্তরা শুধু জীবন বাজিই রাখেন না, তাঁরা জীবন বাঁচাতেও ঝাঁপিয়ে পড়েন। ব্রাজিলের ফুটবলভক্তরা সে দৃষ্টান্তও স্থাপন করেছেন। প্রিয় দলের আহ্বানে সাড়া দিয়ে নিজের অঙ্গ দান করছেন এই ফুটবলভক্তরা। তাঁদের দান করা অঙ্গ পেয়ে নতুন জীবন ফিরে পাচ্ছেন অসংখ্য বিপন্ন মানুষ। ফুটবল আর ব্রাজিলের এই বিশেষ রসায়নকে কাজে লাগিয়েই মানবসেবায় এই অনন্য উদ্যোগ নিয়েছে ব্রাজিলের একটি ফুটবল ক্লাব। ব্রাজিলের সেই ‘অমর’ ফুটবলভক্তদের কথা জানিয়েছে বিবিসি।
ভক্তদের অমর হওয়ার আহ্বান
জর্জ পিয়েকসেতো সব সময়ই বলেন, ‘প্রত্যেক ব্রাজিলীয়ই আত্মায় ফুটবল নিয়ে জন্মান।’ কিন্তু কয়েক বছর ধরে ফুটবলভক্তদের জন্ম নয় বরং মৃত্যু নিয়ে ভাবছিলেন তিনি। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম সেরা ফুটবল দল ‘স্পোর্ট ক্লাব রেসিফে’-এর সমাজকর্মবিষয়ক সহসভাপতি পিয়েকসেতো ভাবতে থাকেন মৃত্যুর পর পাগল-পারা ফুটবলভক্তদের মরদেহের কী হয়।
রেসিফের সদস্যরা অনুধাবন করেন, একটা ফুটবল দলের শক্তি কেবল মাঠের ১১ জন খেলোয়াড়ের মধ্যে সীমিত নয়। ভালো কাজের জন্য, বড় কাজের জন্য মাঠের বাইরের বিপুল সমর্থকের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে পারেন তাঁরা। এই উপলব্ধি আর পিয়েকসেতোর ভাবনা এক করেই সমর্থকদের ‘ইমমরটাল ফ্যানস’ বা ‘অমর ভক্ত’ হওয়ার আহ্বান জানায় ফুটবল ক্লাবটি। ভক্তদের আহ্বান জানানো হয় মৃত্যুর পর নিজেদের অঙ্গ দান করতে। এই মরণোত্তর অঙ্গ দানের মধ্য দিয়ে একজন বিপন্ন মানুষ স্বাভাবিক জীবন ফিরে পাবেন। তেমনি অন্যের দেহে হলেও প্রিয় দলের জন্য ওই ভক্তের ভালোবাসা বেঁচে থাকবে তাঁর মৃত্যুর পরও!
রেসিফের আহ্বানে সাড়া দিয়ে ফুটবলভক্তরা এই স্বপ্নকে সম্ভব করে তুলেছেন। ব্রাজিলের ওই অঞ্চলে মরণোত্তর অঙ্গ দানকারীর সংখ্যা ব্যাপক হারে বেড়ে চলেছে। এর ফলস্বরূপ অঙ্গ প্রতিস্থাপনের জন্য বসে থাকা বিপন্ন মানুষের অপেক্ষমাণ তালিকাও খুব দ্রুতই প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে।

এই চোখ খেলা দেখবে! জেগে থাকবে এই স্পন্দন!

ইতিমধ্যেই মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করে ‘ডোনার কার্ড’ পূরণ করেছেন প্রায় ৬৬ হাজার মানুষ। ‘ডোনার কার্ড’ হাতে স্পোর্ট ক্লাব রেসিফের এক ভক্ত। ছবি: বিবিসি
ইতিমধ্যেই মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করে ‘ডোনার কার্ড’ পূরণ করেছেন প্রায় ৬৬ হাজার মানুষ। ‘ডোনার কার্ড’ হাতে স্পোর্ট ক্লাব রেসিফের এক ভক্ত। ছবি: বিবিসি


কর্নিয়া প্রতিস্থাপনের জন্য অপেক্ষমাণ এক ব্যক্তি বলছেন, ‘আমি কথা দিচ্ছি, তোমার চোখ স্পোর্ট ক্লাব রেসিফের খেলা দেখবে’। হৃৎপিণ্ড প্রতিস্থাপনের জন্য অপেক্ষায় থাকা এক সম্ভাব্য গ্রহণকারী বলছেন, ‘আমি কথা দিচ্ছি, তোমার হৃৎপিণ্ড স্পন্দনে স্পন্দনে স্পোর্ট ক্লাব রেসিফের সঙ্গে থাকবে।’
‘ইমমরটাল ফ্যানস’ প্রচারাভিযানের জন্য বানানো টেলিভিশন বিজ্ঞাপনে এভাবেই সম্ভাব্য অঙ্গ-গ্রহীতাদের ভাষ্যে মরণোত্তর অঙ্গদানে উত্সাহিত করা হয়েছে ফুটবল দলটির সমর্থকদের। রেসিফে শহরে স্পোর্ট ক্লাব রেসিফের নিজস্ব স্টেডিয়াম ‘ইলহা ডো রেটিরো’-তে প্রতিটি ম্যাচের আগেই বিশাল স্ক্রিনে এই বিজ্ঞাপন দেখানো হয়। এই মাঠে দর্শকদের আসন সংখ্যা ৩৫ হাজার। কিন্তু ক্লাবটির আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যেই মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার করে ‘ডোনার কার্ড’ পূরণ করেছেন প্রায় ৬৬ হাজার মানুষ।
অঙ্গ প্রতিস্থাপনে অভাবনীয় সাফল্য
স্পোর্ট ক্লাব রেসিফের এ কর্মসূচির অন্যতম উদ্যোক্তা এবং সমাজকর্ম সংগঠক পিয়েকসেতো জানান, তাঁদের আহ্বানে সাড়া দিয়ে ফুটবলভক্তরা মরণোত্তর অঙ্গদান শুরু করার প্রথম বছরেই রেসিফে শহরে অঙ্গ প্রতিস্থাপনের অপেক্ষমাণ তালিকা শূন্যে চলে আসে। আর শুধু রেসিফেতেই নয়, পার্শ্ববর্তী রাজ্য পেরনামবুকোতেও এর প্রভাব পড়তে শুরু করে বলে জানান তিনি।

পেরনামবুকো ইনস্টিটিউট অব ইন্টিগ্রেটেড মেডিসিনের হৃৎপিণ্ড প্রতিস্থাপন ইউনিটের পরিচালক ফার্নান্দো ফিগুয়েরা জানান, ‘বছরে পাঁচ থেকে সাতটা হৃৎপিণ্ড প্রতিস্থাপন করতাম আমরা। কিন্তু গত বছর আমরা ২৮ জনের দেহে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করার গৌরব অর্জন করেছি।’ ফুটবলভক্তদের অমর হওয়ার আহ্বান জানিয়ে চালানো রেসিফের কর্মসূচির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘ওই প্রচারাভিযানের সঙ্গে এই অঙ্গদানের হার দ্রুত বেড়ে যাওয়ার খুবই ঘনিষ্ঠ যোগাযোগ আছে।’

ফুটবলভক্তদের শক্তিকে এমন অনন্যভাবে মানবসেবায় কাজে লাগানোর এই দৃষ্টান্ত ইতিমধ্যেই মনোযোগ আকর্ষণ করেছে দেশ-বিদেশের অন্যান্য ফুটবল ক্লাব এবং নানান সংগঠনের। রেসিফের সংগঠক পিয়েকসেতো জানিয়েছেন, প্যারিস সেন্ট-জারমাইন এফসি এবং বার্সেলোনার মতো ফুটবল দলও তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে এবং এ ধরনের কর্মসূচি গ্রহণের সম্ভাব্যতা বিবেচনা করছে। তিনি আশা প্রকাশ করেন এবারের বিশ্বকাপ ফুটবল আসরকে ঘিরে তাঁদের এই প্রচারাভিযান আরও বিস্তার লাভ করবে।

‘জে দো রেডিও’ নামে পরিচিত আইভালদো ফিরমিনো দোস সানতোস এখন স্পোর্ট ক্লাব রেসিফের শুভেচ্ছাদূতে পরিণত হয়েছেন। রেডিও হাতে তাঁর ছবি দিয়েই ছাপানো হয়েছে স্পোর্ট ক্লাব রেসিফের পোস্টার।
‘জে দো রেডিও’ নামে পরিচিত আইভালদো ফিরমিনো দোস সানতোস এখন স্পোর্ট ক্লাব রেসিফের শুভেচ্ছাদূতে পরিণত হয়েছেন। রেডিও হাতে তাঁর ছবি দিয়েই ছাপানো হয়েছে স্পোর্ট ক্লাব রেসিফের পোস্টার।

বছরে দুবার জন্মদিন দোস সানতোসের!
একসময় ব্রাজিলের সবচেয়ে বিরক্তিকর ফুটবলভক্ত হিসেবে পরিচিত ছিলেন আইভালদো ফিরমিনো দোস সানতোস। প্রতিপক্ষ দলের দর্শকদের বিরক্ত করতে তাঁদের পেছনে গিয়ে ভীষণ জোরে জোরে রেডিও বাজিয়ে দিতেন তিনি। এ জন্য দেশের ‘সবচেয়ে বিরক্তিকর ফুটবলভক্ত’ খেতাবের ‘জে দো রেডিও’ নামও জুটেছিল তাঁর।
এখন ৬৯ বছর বয়সী দোস সানতোসের শরীরে হৃৎপিণ্ড প্রতিস্থাপন হয়েছিল ১২ বছর আগে। এ জন্য তাঁকে মারাত্মক অসুস্থতা নিয়ে প্রায় ছয় মাস অপেক্ষায় থাকতে হয়েছিল কোনো হৃৎপিণ্ড পাওয়া না যাওয়ায়। ২০০২ সালের ১ মার্চের কথা, এ জন্যই তাঁর এখনো মনে আছে। সেদিন সকালেই চিকিত্সক তাঁকে ফোন করে বলেছিলেন, ‘তোমার জন্য একটা হৃৎপিণ্ড আছে আমার কাছে।’ দোস সানতোস এখন বছরে দুবার জন্মদিন পালন করেন। প্রথমটা তাঁর জন্ম তারিখেই। দ্বিতীয়টা তাঁর শরীরে সফলভাবে হৃৎপিণ্ড প্রতিস্থাপনের দিন।
‘জে দো রেডিও’ এখন স্পোর্ট ক্লাব রেসিফের শুভেচ্ছাদূতে পরিণত হয়েছেন। রেডিও হাতে তাঁর ছবি দিয়েই ছাপানো হয়েছে স্পোর্ট ক্লাব রেসিফের জনপ্রিয় পোস্টার। তিনি এখন অন্যান্য ফুটবলভক্তদের মরণোত্তর হৃৎপিণ্ড ও চোখ দানের জন্য উত্সাহিত করার চেষ্টা করে যাচ্ছেন। আর সবাইকেই তিনি বলে বেড়ান, ‘আমি একটা হৃৎপিণ্ড পেয়েছি...লোহার তৈরি...আমি এখনও স্পোর্ট ক্লাব রেসিফের খেলা দেখতে যাই এবং আমার এই হৃৎপিণ্ড সব উত্তেজনাই সইতে পারে!’

ভালোবাসা দলের জন্যই নয়! মানুষের জন্য!

ফুটবলভক্তদের মানবসেবায় জাগ্রত করার এই কর্মসূচি কিন্তু কেবল দলীয় সমর্থনের মধ্যে আটকে নেই। এটা ছড়িয়ে পড়ছে সবার মধ্যেই। রেসিফে শহরের আরেকটি ফুটবল দল সান্তা ক্রুজের সমর্থক ৩২ বছর বয়সী দানিয়েলে দিয়াস পেসোয়া। কিন্তু দলের প্রতি সমর্থন না পাল্টালেও পেসোয়া সিদ্ধান্ত নিয়েছেন প্রতিপক্ষ রেসিফের এই প্রচারাভিযানে যোগ দেবেন তিনি।

পেসোয়ার মা মারা যান দু বছর আগে। শেষ ইচ্ছানুযায়ী তাঁর পাঁচটি অঙ্গ দান করা হয় এবং সেগুলো সফলভাবে অন্য মানুষের শরীরে প্রতিস্থাপন করা হয়। পেসোয়া বলেন, ‘এটা কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু এটা তো ভালোবাসার কাজ। মাকে ধন্যবাদ। পাঁচজন মানুষ তো অঙ্গ প্রতিস্থাপনের অপেক্ষমাণ তালিকা থেকে মুক্তি পেল।’

পেসোয়ার মাও রেসিফের চিরাচরিত প্রতিপক্ষ সান্তা ক্রুজের সমর্থক ছিলেন। কিন্তু পেসোয়া বলেন, ‘আমি নিশ্চিত তাঁর অঙ্গ কোনো রেসিফে ভক্তের শরীরে গেলেও তিনি কিছুই মনে করবেন না।’