ফুটবলের শোরগোল

রেলওয়ের শহীদ শাহজাহান মাঠে উৎসবের আমেজ। দুই পাশে রঙিন শামিয়ানা টানানো। মাঠজুড়ে যেন কিশোর-কিশোরীদের মেলা। কারও হাতে বাঁশি। কারও হাতে ভুভুজেলা। কেউ এসেছে জার্সি গায়ে। ক্ষণে ক্ষণে শোরগোল। গোল গোল চিৎকারে ফেটে পড়ছে চারপাশ। এমন উচ্ছ্বাস কিশোরী ফুটবলের আসর ঘিরে।
নগরের পাহাড়তলী এলাকার এই মাঠে ১৪ অক্টোবর দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ব্র্যাক কিশোরী উন্নয়ন কর্মসূচি চট্টগ্রাম অঞ্চল। স্লোগান ছিল ‘অল্প বয়সে স্বল্প জ্ঞান, এই বয়সে বিয়ে কেন?’
বেলা আড়াইটা। চূড়ান্তপর্বের খেলায় মুখোমুখি ফেনী ও খাগড়াছড়ির কিশোরী দল। রেফারি বাঁশিতে ফুঁ দিতেই শুরু হলো লড়াই। ফেনী আক্রমণে যায় তো খাগড়াছড়ি ঠেকায়। আবার ফেনীর রক্ষণভাগ ভাঙার সেকি চেষ্টা খাগড়াছড়ির কিশোরীদের। এভাবে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য।
দ্বিতীয়ার্ধে এসে আরও দুর্বার গতি দুই দলের। কিন্তু একসময় ফেনীর রক্ষণভাগকে বোকা বানায় খাগড়াছড়ির আক্রমণভাগের খেলোয়াড় সুইম্রাচিং মারমা। মধ্য মাঠ থেকে রুপালি ত্রিপুরার লম্বা শটে বল পায় সুইম্রাচিং। এরপর ফেনী দলের রক্ষণভাগের তিন খেলোয়াড়কে বোকা বানিয়ে বল পাঠিয়ে দেয় ফেনীর জালে। পরে ফেনী সেই গোল আর শোধ করতে পারেনি। ১-০ ব্যবধানে শিরোপা জেতে খাগড়াছড়ি। রানারআপ হয় ফেনী জেলা কিশোরী দল। চূড়ান্ত পর্বের খেলায় একমাত্র গোলটি করে সেরা খেলোয়াড়ের খেতাব পায় সুইম্রাচিং।
সেরা খেলোয়াড়ের খেতাব পাওয়া খাগড়াছড়ি রামগড় বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণিপড়ুয়া এ শিক্ষার্থী বেশ উচ্ছ্বসিত। সে বলে, ‘মাঠে নামার আগে থেকেই ইচ্ছে ছিল দলের জন্য কিছু একটা করব। ভালো লাগছে আমার দেওয়া একমাত্র গোলে দল জিতেছে বলে।’
চূড়ান্ত পর্বের খেলায় দল হারলেও ফুরফুরে দেখা গেল ফেনী দলের অধিনায়ক সাবিনা আক্তারকে। সে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে পড়ছে ফেনীর এম বক্তার মুন্সী শেখ শহীদুল কলেজে। খেলা প্রসঙ্গে সাবিনা বলে, ‘আমরা আমাদের চেষ্টা করে গেছি। ভাগ্য খারাপ ছিল তাই হয়তো আজকের ম্যাচটা হাতছাড়া হয়ে গেল। কিন্তু আগে চারটি জেলা দলকে হারিয়ে যে এই টুর্নামেন্টের চূড়ান্তপর্বে খেলতে পেরেছি এতেই আমরা সন্তুষ্ট।’

খেলার আয়োজন প্রসঙ্গে ব্র্যাকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক এ কে এম ফখরুল আলম জানান, এ নিয়ে তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ৬ অক্টোবর নোয়াখালী স্টেডিয়ামে লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী ও ফেনী জেলার কিশোরী দলগুলো মুখোমুখি হয়। এখানে সব কটি দলকে হারিয়ে বিজয়ী হয় ফেনী। আর ১৪ অক্টোবর সকাল থেকে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার কিশোরী দলগুলো মুখোমুখি হয়। এদের মধ্যে বিজয়ী হয় খাগড়াছড়ি। আঞ্চলিক পর্বের চূড়ান্ত খেলায় বিজয়ী খাগড়াছড়ি দল আগামী ডিসেম্বরে ঢাকায় বিভিন্ন অঞ্চলের বিজয়ী কিশোরী দলগুলোর মুখোমুখি হবে।’
সকালে টুর্নামেন্ট উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, ছেলেদের সঙ্গে মেয়েরাও খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। নারী ক্রিকেটারদের পাশাপাশি ফুটবলারও একদিন বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
বিকেলের সমাপনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক মোহাম্মদ আবদুল খালেক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঋষিকেশ শীল ও পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. হোসেন।