
মানুষ সাধারণত শখের বশে বাসার অ্যাকুরিয়ামে গোল্ডফিশ রাখে। কিন্তু গোল্ডফিশ যদি প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়, তবে তা ফুটবলের সমান বড় হতে পারে—এ ধারণা হয়তো অনেকেরই নেই। এমন বড় আকৃতির গোল্ডফিশ পাওয়া গেছে অস্ট্রেলিয়ায়।
অস্ট্রেলিয়ার পার্থের মারডক বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ফুটবলের সমান বড় এমন অনেক গোল্ডফিশ পেয়েছেন। গবেষক দলের সদস্য স্টিফেন বেটি বলেন, তাঁরা অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে এমন অনেক গোল্ডফিশ পেয়েছেন, যেগুলোর ওজন এক কেজির বেশি। সবচেয়ে বড়টির ওজন প্রায় দুই কেজি। একটি গোল্ডফিশ বছরে ২৩০ কিলোমিটারের বেশি ভ্রমণ করে।
গোল্ডফিশ মূলত পূর্ব এশিয়া অঞ্চলের মাছ। তবে বর্তমানে বিশ্বের প্রায় সব অঞ্চলেই এটি জনপ্রিয়। সৌন্দর্য বৃদ্ধির জন্য ঘরের অ্যাকুরিয়ামে গোল্ডফিশ রাখা হয়। তবে এটিকে অন্যতম আক্রমণমূলক জলজ প্রাণী মনে করা হয়। পানিতে ছাড়া হলেও সেখানকার সামগ্রিক বাস্তুসংস্থানের ওপর বড় ধরনের প্রভাব ফেলবে গোল্ডফিশ।
মারডক বিশ্ববিদ্যালয়ের ফিশ অ্যান্ড ফিশারিজ বিভাগের গবেষক বেটি বলেন, গোল্ডফিশের কারণে পানির ক্ষতি হয়, রোগের বিস্তার ঘটতে পারে, পানিতে অন্যান্য জলজ প্রাণীর জীবননাশ হতে পারে এবং জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর হতে পারে। গবেষকেরা বলেন, এই ফলাফল ভবিষ্যতে এই জলজ প্রাণীর বিস্তার নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।
রয়াল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়ালটি টু অ্যানিমেলস জানিয়েছে, গোল্ডফিশ সম্পর্কে মানুষের সাধারণ ধারণা হলো এটি পাঁচ বছর পর্যন্ত বাঁচে এবং ১২ সেন্টিমিটার পর্যন্ত বড় হয়। কিন্তু প্রকৃত ব্যাপার হলো, গোল্ডফিশ ২৫ বছর পর্যন্ত বাঁচে এবং ৪০ সেন্টিমিটার পর্যন্ত বড় হয়।
যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ারে ১৯৯৯ সালে একটি গোল্ডফিশ ৪৩ বছর বয়সে মারা গিয়েছিল। এটি গোল্ডফিশ বেঁচে থাকার রেকর্ড।
গবেষকেরা বলেন, বাসার অ্যাকুরিয়াম ফেলে দেওয়া হলে সেখানে থাকা গোল্ডফিশ পানিতে চলে যেতে পারে। সেখানে অন্যান্য জলজ প্রাণীর জন্য তা ক্ষতিকর হবে। তাই কোনো জীবিত মাছসহ অ্যাকুরিয়াম ফেলে দেওয়া উচিত নয়।