ফুটো ছাউনির নিচে দোকানপাট দুর্গন্ধে টেকা দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে ঢুকলেই চোখে পড়ে যত্রতত্র ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে। দুর্গন্ধে নাক চেপে ধরতে হয় ক্রেতাদের। বাজারের জীর্ণ টিনের ছাউনির ফুটো দিয়ে পড়ে বৃষ্টির পানি। খুঁটিগুলো বিপজ্জনকভাবে ক্ষয়ে যাওয়ায় পুরো ছাউনি যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা আছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রাচীনতম পণ্য বেচা–কেনার কেন্দ্র বাইশারি বাজারের এমন বেহাল দশা। সাড়ে তিন দশক ধরে কোনো উন্নয়ন ও সংস্কারের উদ্যোগ না থাকায় বাজারের এ রকম শোচনীয় অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি করেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম।
বাজারের ব্যবসায়ী আবুল কালাম ও সৈয়দ আলম বলেন, বাজারের নালা-নর্দমা ও ছাউনি কখনো সংস্কার হতে দেখেননি তাঁরা। এর ফলে টিনের ছাউনিটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নালা-নর্দমা ভরাট হয়ে গেছে। নির্দিষ্ট জায়গা না থাকায় মানুষ যেখানে-সেখানে ময়লা ফেলছে। এ জন্য সমগ্র বাজার এখন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে।
বাজারের টিনের ছাউনির নিচে দরজির দোকান আছে ব্যবসায়ী গুঁড়া মিয়া ও ফজল কাদেরের। তারা বলেন, ১৯৮১-৮২ সালে বাজারের ছাউনি নির্মিত হয়। নির্মাণের পর আর কখনো এই ছাউনির সংস্কার হয়নি। ছাউনির খুঁটিগুলো ক্ষয়ে গিয়ে নড়বড়ে হয়ে পড়েছে। টিনের ছাউনিতে মরিচা পড়ে অসংখ্য ছিদ্র সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে অনেক বিক্রেতাকে দোকান গুটিয়ে ফেলতে হয়। ছাউনিটি যেকোনো সময় ধসে যেতে পারে, এমন আশঙ্কা নিয়েই এখানকার ব্যবসায়ীরা ব্যবসা করছেন।
বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল হক বলেন, পার্বত্য অঞ্চলে হাট–বাজার নিয়ন্ত্রণ ও পরিচালনাকারী সংস্থা বাজার ফান্ড কর্তৃপক্ষ সালামি ও হাসিল আদায় করছে নিয়মিত। কিন্তু ওই সংস্থা বাজার সংস্কারে কোনো পদক্ষেপ নেয়নি এখন পর্যন্ত।
তিনি আরও বলেন, জরুরি ভিত্তিতে নালা-নর্দমাগুলো সংস্কারে উদ্যোগ নেওয়া জরুরি। বিষয়টি বাজার ফান্ড কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, নাইক্ষ্যংছড়িতে ১৯১৯ সালে থানার হওয়ার আগে থেকে বাইশারি পুলিশ ফাঁড়ি ও বাজার ছিল। উপজেলার প্রাচীনতম বাজারটি এখনো এই অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। তবে ব্যবসা-বাণিজ্য বাড়লেও বাজারের অবকাঠামোর উন্নয়ন হয়নি। বাজার ফান্ড কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা এ বিষয়ে পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দিয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাজার ফান্ড কর্মকর্তা নুরুল আবছার বলেন, বাজার ফান্ডের আয় ও উন্নয়ন বাজেট অত্যন্ত কম। সংস্কার কিংবা উন্নয়ন করতে হলে জেলা পরিষদ থেকে করতে হয়। বাইশারি একটি বর্ধিষ্ণু এলাকা বলে জেলা পরিষদ বিষয়টি দেখবে। বাজার উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।