ফুরফুরে মেজাজে হোক সকালের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকালের প্রথম চা দিনটাকে ফুরফুরে করে দেয়। মডেল: শ্রাবণ্য, ছবি: খালেদ সরকার
সকালের প্রথম চা দিনটাকে ফুরফুরে করে দেয়। মডেল: শ্রাবণ্য, ছবি: খালেদ সরকার

মদন মোহন তর্কালঙ্কার বলেছিলেন, ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভালো হয়ে চলি।’ ভাবুন তো সকালটা শুরু হলো একটু ওলট-পালটভাবে। তাহলে কি আর ভালো থাকা যায় পুরো দিন? কিন্তু কে না চায় সারাটা দিন ভালোভাবে কাটাতে। দিনের শুরু হওয়া চাই স্নিগ্ধ, সুন্দর ও ঝলমলে সকাল দিয়ে। তাহলে রেশটা থাকে সারা দিন। কিন্তু সেটি কি আর এমনে এমনে হয়?
ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের ল্যাবরেটরি সার্ভিসেস বিভাগের পরিচালক অধ্যাপক শুভাগত চৌধুরী বলেন, ‘সারা দিন উজ্জীবিত থাকতে চাইলে অবশ্যই সকালে ওঠা উচিত। ভোরে ওঠার অভ্যাস গোটা দিনটাকে আরও একটু বড় করে দেয়। নিজের জন্যও একটু পরিচ্ছন্ন সময় পাওয়া যায় ভোরে উঠলে। যাঁরা ভাবেন ভোরে ওঠা অসম্ভব, তাঁদের জন্য বলব, অভ্যাসই মানুষের স্বভাব গঠন করে।’
এ তো গেল সকালে ওঠা। তারপর কী করবেন? প্রতি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জলপান খুব উপকারী। আজকাল জাপানে এটি খুব জনপ্রিয় চর্চা। ভারতবর্ষে প্রাণায়াম ও যোগব্যায়ামে এটি অনুষঙ্গ হিসেবে আছে বহু বছর ধরে। বিজ্ঞানীরাও গবেষণা করে এর হিতকরী দিক খুঁজে পেয়েছেন। যদি শুধু পানি পান করতে ভালো না লাগে তবে পানিতে এক টুকরো তাজা লেবু চিপে নিয়ে পান করুন। সারা দিনের জন্য আপনার দেহ তরতাজা হয়ে উঠবে। অনেকের আবার ঘুম থেকে উঠেই টেলিভিশনের সামনে বসা অভ্যাস। কেউ হয়তো ভাবেন, সকাল সকাল খবরের শিরোনাম জেনে নেওয়া দরকার। সেটি করা যেতে পারে অফিস কিংবা মূল কাজ শুরুর আগের সময়টিতে। কিন্তু ঘুম থেকে ওঠার পরপরই টেলিভিশনের সামনে বসলে মন বিক্ষিপ্ত হয়ে যেতে পারে। টেলিভিশনের নানা খবরাখবর আপনার মনকে অস্থির করে তুলতে পারে। সকালবেলায় এটি মোটেই কাম্য নয়। শারীরিক ও মানসিকভাবে কাজের প্রস্তুতি নিতে সারা দিনের একটি ছক তৈরি করুন মনে মনে। কিংবা কোনো ভাবনাচিন্তা ছাড়া বারান্দায়, ছাদে কিংবা বাড়ির কাছের খোলা জায়গায় ৫-১০ মিনিট সময় কাটান হেঁটে বেড়িয়ে। সকালের স্নিগ্ধ আলো উপভোগ করুন। সকালের আলো প্রাকৃতিকভাবে আপনার মনকে পুরো দিনের জন্য তৈরি করে ফেলতে সক্ষম।
তারপর সোজা চলে যেতে পারেন শাওয়ারের নিচে। সকালে গোসল করার অভ্যাস মনকে সতেজ করে। ঘুমের কারণে অবিন্যস্ত চুল হয় পরিপাটি। ত্বকে আসে নমনীয়তা। গোসলে ত্বক-উপযোগী সাবান ব্যবহার করা যেতে পারে। সকালে গোসলের অভ্যাস কাজের উদ্যম বাড়ায়, শরীরে রক্ত চলাচল স্বাভাবিক করে, বিষণ্নতা কমায়। তারপর নাশতা সেরে নিন। অনেকে ডায়েট করতে গিয়ে কিংবা সময়ের অভাবে সকালে নাশতা করেন না। কিন্তু আপনার দিনের শুরুটা খারাপ করার জন্য এই সামান্য নাশতা না খাওয়ার ব্যাপারটিই দায়ী। সকালের নাশতা কোনোভাবেই এড়িয়ে যাবেন না। সঙ্গে হাতে তুলে নিতে পারেন এক কাপ গরম চা। শরীরকে ঝরঝরে ও চাঙা রাখতে এটির কোনো বিকল্প নেই। চা যদি আবার হয় মসলাদার, তাহলে তো কথাই নেই। চায়ে মসলা মিশ্রিত করা মানে তাতে সম্পূর্ণ ভিন্ন এক স্বাদ পাওয়া। মসলা চায়ে সাধারণত চিনি ও দুধের সঙ্গে থাকে এলাচ, দারুচিনি, লবঙ্গ, জোয়ান ইত্যাদি মসলা যা ভেষজ গুণাবলি সমৃদ্ধ। এসব মসলায় রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, কেরোটিন ও জরুরি মিনারেল। যা স্বাস্থ্যের জন্য বয়ে আনে বাড়তি সুফল। এই চায়ে ক্যাফেইনের পরিমাণ খুব সামান্য। আয়ুর্বেদিক তত্ত্ব অনুযায়ী, মসলা চায়ে ব্যবহৃত উপাদানগুলো শরীরকে সতেজ ও প্রাণবন্ত করে এবং মনকে রাখে প্রফুল্ল।