ফুরামোনের চূড়ায় বসন্ত উৎসব
জলবায়ু পরিবর্তন রোধ ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সচেতন ভূমিকা রাখার আহ্বানের মধ্য দিয়ে রাঙামাটি বার্ডক্লাব উদ্যাপন করেছে বসন্ত উৎসব। গত বুধবার রাঙামাটির সর্বোচ্চ পাহাড় ফুরামোনের চূড়ায় নাচ-গান ও আড্ডার মধ্য দিয়ে বসন্তকে স্বাগত জানিয়েছেন বার্ডক্লাবের সদস্যরা। বৃহস্পতিবার সকালে একদল পাখিপ্রেমী ফুরামোনের চূড়ায় উঠে পরস্পরের কাছে প্রশ্ন রাখেন—বসন্ত কী আগের মতো অনুভূত হয়, নাকি বদলে যাচ্ছে বসন্তের প্রকৃতি? চলে তর্ক-বিতর্ক, প্রাণবন্ত আড্ডা।সবাই শপথ নেন পরিবেশ বিপর্যয় বন্ধ করতে সচেতনতা বাড়াতে হবে। কাজ করতে হবে। প্রকৃতির অনুসঙ্গ বনভূমি, বন্যপ্রাণী, হ্রদ রক্ষায় নিজেদের স্বার্থে সব মানুষকে এগিয়ে আসতে হবে।রাঙামাটি বার্ড ক্লাবের সভাপতি সুপর্ন দেববর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড় কেটে চাষাবাদ, বন্য পশুপাখি শিকার ও বিক্রি বেড়ে যাওয়ায় পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে। প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে ভরপুর কাপ্তাই হ্রদ দূষণের পাশাপাশি ভরাট হয়ে যাচ্ছে। এতে হ্রদ এলাকাসহ রাঙামাটি জেলায় মানবিক বিপর্যয় সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা। বক্তারা বলেন, ‘প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা না গেলে মানব সভ্যতা টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে। তাই তথাকথিত সভ্যতার নামে প্রকৃতিকে কোনো অবস্থাতে ধ্বংস করা যাবে না। পরিবেশ বিনাশকারী সকল কার্যক্রম বন্ধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি প্রতিরোধ গড়ে তুলতে হবে।’পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে জুম নৃত্য, বোতল নৃত্যসহ আদিবাসী নাচ ও গান পরিবেশন করা হয়।