ফুল
বিস্ময়ে নাকি মানুষের চোখ ছানাবড়া হয়ে যায়। কিন্তু ঘুম থেকে উঠে বাগানে গিয়ে মালি হাশেমের চোখ বিস্ময়ে একেবারে দইবড়া হয়ে গেল। বাগানের একটা গাছে লাল রঙের ফুল ফুটে আছে। ঘটনা কিছুই বুঝল না হাশেম। এই বাগানে ফুল! কী ফুল এটা? গাছটাকে আগে কখনো দেখেছে বলে মনে করতে পারল না হাশেম। বাগান সামলানোর দায়িত্ব পেলেও নিজেকে সামলাতেই বেশি ব্যস্ত থাকে সে। কোথায় কী হয়, তার কিছুই জানে না হাশেম। বাগান আর বাগান নেই। ফুল-ফল কিছু হয় না। গরমের সময় অবশ্য প্রচুর কাঁঠাল হয়, কিন্তু মালিকের বাড়িতে না গিয়ে সেগুলো যে কখন হাশেমের বাড়িতে চলে যায়, কেউ টেরই পায় না। ফুল-ফল না হওয়ায় বাগানের খোঁজও নেয় না কেউ। কারও জানা নেই, বাগানের উন্নতি না করলেও নিজের উন্নতি ঠিকই করেছে হাশেম। পাশের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছিল এক ছেলে। প্রতিদিনই বারান্দায় দাঁড়িয়ে সামনের বাসার মেয়েটার সঙ্গে টাংকি মারা তার কাজ। মেয়েটাও তাকিয়ে থাকে ছেলেটার দিকে। কিন্তু আজকেই কেন যেন বাগানে চোখ গেল তার। দূর থেকে লাল ফুলটা দেখেই ‘ফুল, ফুল’ করে চিৎকার করে উঠল সে। মেয়েটার চিৎকারে হূদয় ভেঙে গেল ছেলেটার। কত কষ্ট করে ক্লাস মিস দিয়ে প্রতিদিন বারান্দায় আসে সে, আর মেয়েটা তাকে ‘ফুল’ বলল? মানে বোকা? দুঃখে মাথা নিচু হয়ে গেল তার। আর তখনই বাগানের লাল ফুলটা দেখে ফেলল সে। সে-ও চিৎকার দিল, ‘ফুল, ফুল’, ‘বাগানে ফুল ফুটসে’! তাদের চিৎকারে অন্যান্য বাসা থেকেও মানুষ ছুটে গেল বাগানে। খবর বাতাসের আগে ছোটে। ফুল ফোটার এই খবরও দ্রুত ছড়িয়ে পড়ল। দূর-দূরান্ত থেকে মানুষ ফুল দেখতে আসতে লাগল। হাশেমের মাথায় হাত। এত দিন পর লোকজন বাগানে এসে যখন দেখবে বাগান ধ্বংস, কী জবাব দেবে সে? মালিক কাঁঠালের হিসাব চাইলে কী বলবে সে? হতাশ হয়ে মাটিতে বসে পড়ল হাশেম।দ্রুত বাড়তে লাগল মানুষ। কোত্থেকে যেন টিভি চ্যানেলের লোকজন চলে এল। ফুল লাইভ দেখানো হবে। একটা চ্যানেল টক শোর আয়োজন করল। বিষয়, ‘বাগানে অজানা ফুল—সংকট না সম্ভাবনা?’ টক শোর পুষ্প-গবেষক বললেন, ‘হঠাৎ কীভাবে এই ফুল ফুটল, তা আমাদের গবেষণা করে বের করতে হবে। নিঃসন্দেহে এই ফুল দেশের এক নতুন বৈচিত্র্য।’ তাঁকে থামিয়ে একজন অর্থনীতিবিদ বললেন, ‘পুষ্প-গবেষকদের এ এক সমস্যা। তাঁরা সব সময় গবেষণাসুলভ কথা বলেন। প্রথমে আমাদের দেখতে হবে, আন্তর্জাতিক বাজারে এই ফুলের চাহিদা কেমন, এর কস্টিং কত। ফুলের সঠিক বাজারজাতকরণের মাধ্যমে আমাদের অর্থনৈতিক শক্তি আরও বৃদ্ধি করা যায়।’বাগানে তখন অসংখ্য মানুষের ভিড়। ফুলের রং, গন্ধে সবাই মুগ্ধ। সবাই প্রশংসা করছে। কিন্তু কয়েকজন আবার ব্যাপক বিরক্ত। বিদেশি এনজিওর এক কর্মী নিজের আইফোনে ফুলটার ছবি তুলতে তুলতে বললেন, ‘এইটা দেশি ফুল না। নিশ্চয়ই কোনো বিদেশি ফুলের বীজ বোনা হয়েছে। দেশি ফুল এত লাল হয় না।’ফুলের পাশে দাঁড়ানো স্ত্রীর ছবি তুলতে গিয়ে স্বামী বলল,—কী চমৎকার রং!—এই ফুলের রং সুন্দর?—না, না। তোমার গায়ের রঙের কথা বললাম! আর এইটা কোনো ফুল হইল? গন্ধে মাথা ধরে।—তুমি গন্ধও পাচ্ছ?—তাই তো। আমার তো সর্দি, ফুলের গন্ধ পাব কেমনে? ওইটা বোধ হয় তোমার পারফিউমের গন্ধ। এই ফুল দেখার কিছু নাই। চলো, যাই গা।যারা ফুল দেখতে আসেনি, তারাও সমালোচনা করতে লাগল।—ফুল দেখতে গেসিলি?—নাহ্। আজাইরা ফুল। কদিন আগে গার্লফ্রেন্ডের বার্থডে গেল, কই, তখন তো ফুল ফুটল না। প্রপোজ করার জন্য কত আনকমন ফুল খুঁজলাম। তখন কোথায় ছিল এই ফুল?হাশেম ভেবেছিল, বাগানের দুরবস্থা নিয়েই সবাই প্রশ্ন করবে। কিন্তু ফুলের আকর্ষণে কেউ বাগানের অন্য কিছু খেয়ালই করল না। সুযোগ বুঝে ফুলের পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিল সে। সাক্ষাৎকারে বলল, ‘আমি জানতাম, একদিন ফুল ফুটবে। তাই সব সময় বাগানের যত্ন নিতাম।’বাগানের আগের মালি কাশেম ভাবল, ‘এই তো চান্স। ছাগলের ঘাস কাটসি এত দিন। এখন আবার মালি হমু।’ তারপর ছাগলের পাল নিয়ে বাগানে ঢুকল সে। ছাগলগুলো ভেবেছিল ফুলটাকে সাবাড় করে ফেলবে। দীর্ঘদিন ধরে ঘাস খাচ্ছে তারা। একটু ভেরিয়েশন দরকার। কিন্তু ফুলের আশপাশে এত মানুষ দেখে তারা কাছে যাওয়ার সাহস পেল না। বিশেষ করে, বিটলা চেহারার পিচ্চিদেরই তাদের বেশি ভয়। সুযোগ পেলেই পিচ্চিরা ছাগলের কান টেনে ধরে, মোটরসাইকেলের হ্যান্ডেলের মতো মোচড় দেয়, পিঠে চড়ে। তাই তারা দূরে গিয়ে ম্যা ম্যা করতে লাগল।ফুল দেখে কাশেম বলল, ‘এই ফুল পরিবেশের জন্য ক্ষতিকর। বাগান নষ্ট হয়ে যাবে। পাখি আসবে না। হাশেমরে বাদ দ্যান। দেখেন, আমি কত সুন্দর ফুল ফোটাই।’হাশেম বলল,—তাইলে আগে ফোটাও নাই ক্যান? আগে তো তুমিই মালি ছিলা।—তুমি বারবার ভেজাল করসো। তাই পারি নাই।—ভেজাল তো তুমি করতেসো। ছাগল নিয়া আইসা বাগানে ছাইড়া দিসো। তোমার আস্কারায় এই ছাগলগুলা বাগান শ্যাষ করসে।—মুখ সামলায় কথা কও।—তুমি মুখ সামলায় কথা কও।তর্ক করতে করতেই শুরু হলো হাতাহাতি। বাগানের মানুষও দুই পক্ষ নিয়ে মারামারি শুরু করল। সুন্দর একটা ফুল নিয়ে কীভাবে এত কুৎসিতভাবে ঝগড়া হয়, তা বাচ্চাকাচ্চার মাথায় এল না।ঝগড়া দেখতে থাকা এক বাচ্চা তার বন্ধুকে বলল,—ফুলটা ফুটে খুব ভালো হয়েছে।—কেন?—দুই মালির কেউই যে বাগানের জন্য কাজ করে না, তা বোঝা গেছে।—নিজেদের বাগান, নিজেদেরই দেখতে হবে। মালিফালি দিয়ে কাজ হবে না।—ওরা ঝগড়া করুক। আয় আমরা কাজ শুরু করি।—ঠিক। ছাগলগুলো বাগানের গাছ নষ্ট করছে। আগে ওইগুলা তাড়াই।বলেই তারা লাঠি নিয়ে ছাগল তাড়াতে গেল।