ফুল দিয়ে সাজি
‘মোর প্রিয়া হবে এস রাণী, দেব খোঁপায় তারার ফুল।’ কবি তাঁর প্রিয়ার খোঁপায় তারার ফুল গুঁজে দিতে চেয়েছিলেন। ব্যস্ত এই নাগরিক জীবনে এমন রোমান্টিকতার সময় কই! তবে তারার ফুল না মিললেও অন্য যেকোনো ফুলই পরা যেতে পারে। সময়টা শরৎকাল। আকাশে পেজা তুলোর মতো মেঘ, কাশফুলও ফুটেছে। আর আপনার খোঁপায় যদি ফুল থাকে, তবে সেটা নিমেষেই প্রকৃতির সঙ্গে মানিয়ে যায়। কেবল খোঁপায়ই নয়, কানের পাশে, গলায় বা হাতেও পেঁচাতে পারেন নানা রকম ফুল। উৎসবের আমেজের সঙ্গেও তা দারুণ মানানসই। মোট কথা, ফুলের ব্যবহারে আপনার সাজটা পূর্ণতা পাবে।কীভাবে ফুল দিয়ে সাজবেন, এ ব্যাপারে পরামর্শ দিয়েছেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান।সাধারণত শাড়ির সঙ্গেই ফুল বেশি পরা হয়। চুলে খোঁপা করলে খোঁপাটাকে ঘিরে কাঠ বেলির গাজরা, রজনীগন্ধা, রঙ্গন, গাঁদাফুলের মালা পরলে বেশ ভালো লাগে। চুলের বেণিতে পেঁচিয়েও লম্বা মালা পরা যায়। আর চুলটা যদি খোলা থাকে তা হলে কানের এক পাশে জারবেরা, জিনিয়া ও গোলাপ পরা যেতে পারে। সালোয়ার-কামিজের সঙ্গেও একই ভাবেই ফুল পরা যায়। এ সময় শিউলি, বকুল, জবা, সন্ধ্যামালতী—এসব ফুলও পরতে পারেন।কেবল শাড়ি বা সালোয়ার-কামিজের সঙ্গেই নয়, চাইলে ফতুয়া, কুর্তা ও টপসের সঙ্গেও ফুলের সাজ নিতে পারেন। তবে এ ক্ষেত্রে চুলের কাটটা সুন্দর হতে হয়। চুলটাকে একটু ঢেউ খেলিয়ে ছেড়ে রাখুন। কানের পাশে গুঁজে দিন একটি কাঠবেলি, শিউলি ও জবা ফুল। আবার হাতে পেঁচিয়ে রাখতে পারেন যেকোনো ফুলের চিকন মালা। এতে আধুনিক পোশাকের সঙ্গে ফুলের সাজ মিলে একটা নতুনত্ব খুঁজে পাওয়া যায়। তিনি আরও বলেন, এই সময় প্রচুর শিউলি আর দোলনচাঁপা ফুল ফোটে। যাঁরা একটু সুগন্ধীযুক্ত ফুল পছন্দ করেন, তাঁরা শিউলির মালা বা দোলনচাঁপা দিয়েও সাজতে পারেন। কানিজ আলমাস আরও বলেন, শরৎ মানে শারদীয় উৎসবের আমেজ। আর ফুল খোঁপায়, কানের পাশে, বাঁ হাতে পেঁচিয়ে রেখে পুরো সাজের মধ্যে উৎসবের আমেজটা ফুটিয়ে তোলা সম্ভব। তবে সব সময় যে পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে ফুল পরতে হবে, তা কিন্তু নয়। উৎসবের সময় একটু রঙিন ফুল পরলে বা কয়েক রঙের ফুলের মিশেলে মালা বা গুচ্ছ তৈরি করেও সাজতে পারেন। কণ্ঠশিল্পী ফাহমিদা নবী তাঁর সাজে সব সময়ই ফুল রাখেন। তিনি বলেন, আসলে ফুল তো শুভ্রতা আর সিগ্ধতার পরশ বুলিয়ে দেয়। কোনো অলংকার না পরেও কেবল একটা ফুল দিয়ে সব অলংকারের অপূর্ণতাকে ঢেকে দেওয়া সম্ভব। আর সব সময় যে দামি ফুল দিয়েই সাজতে হবে, তা কিন্তু নয়। দেশীয় যেকোনো ফুল দিয়েও সাজা যায়।শাহবাগের ফুলের দোকান ‘নীল কণ্ঠের’ স্বত্বাধিকারী মোহাম্মদ আসাদুল বলেন, সব সময়ই ফুল বেচাকেনা হলেও পূজার সময় ফুল বিক্রি বেড়ে যায়। নিজেকে সাজাতে আর দেবীকে অঞ্জলি দিতে যেন সবাই ফুল একটু বেশিই কেনে। পূজার জন্য গাঁদা ফুল আর গ্লাডিউলাসটা বেশি চলে। কাঠবেলির গাজরা এক লহরের দাম পড়বে ১৫ থেকে ২০ টাকা। জারবেরার দাম পড়বে প্রতিটি ১০ থেকে ২০ টাকা। জিনিয়া প্রতিটি ৮ থেকে ১০ টাকা। গোলাপ প্রতিটি ৫ থেকে ১০ টাকা। গাঁদা ফুলের এক লহরের দাম পড়বে ১০ থেকে ২০ টাকা। অকির্ডের দাম নির্ভর করে রঙের ওপর। সাদা, বেগুনি, হলুদ, গোলাপি অকির্ড প্রতি পিস কেনা যাবে ২০ থেকে ৩০ টাকায়।এ ছাড়া শিউলি, জবা, বকুল, সন্ধ্যামালতি, রঙ্গন—এসব ফুল তো আশপাশে পাওয়াই যায়।ফুল কিনে তা সঠিকভাবে সংরক্ষণের উপায়ও বলে দিয়েছেন এই ফুল ব্যবসায়ী। যে দিন ফুলের ব্যবহার করবেন, তার আগের দিন ফুল কিনে এনে একটা পাত্রে পানি দিয়ে ভিজিয়ে রাখুন। ফুলটা ফ্রিজে না রাখাই ভালো। শীতাতপনিয়ন্ত্রিত ঘরেও রাখা যাবে না। স্বাভাবিক তাপমাত্রায় ফুল রেখে বারবার পানির ছিটা দিন। এতে ফুলটা বেশি সতেজ থাকে। শিউলি ও জবা ফুল খুব অল্প সময় ভালো থাকে। সারা দিন ধরে এসব ফুল পরে থাকা যাবে না।