ফুল-ফল সবুজের সমারোহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠজুড়ে সবুজ গাছগাছালি, ফুল আর ফলের সমারোহ। কোনো গাছে মুকুল এসেছে, কোনো গাছে ফল ধরেছে আবার কোনো গাছে পাকতে শুরু করেছে ফল।আর সব বয়সী নারী-পুরুষ, তরুণ-তরুণীরা দলবেঁধে ঘুরে দেখছেন। অনেকেই এর মধ্যে চেষ্টা করছেন বিভিন্ন গাছের, ফুল ও ফলের নাম জেনে নিতে। আবার অনেকে ব্যস্ত নিজের পছন্দের গাছ কিনতে।প্রতিদিনের এ চিত্র নগরের বৃক্ষমেলা দুটিতে। একটি আউটার স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি করপোরেশনের মাসব্যাপী বৃক্ষমেলা। অন্যটি চট্টগ্রাম উত্তর বন বিভাগের আয়োজনে পক্ষকালব্যাপী বৃক্ষমেলা। ১ জুলাই রোববার আউটার স্টেডিয়াম মাঠে এই মেলার উদ্বোধন হয় মহাসমারোহে। মেলার উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম।অন্যদিকে লালদীঘি মাঠে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১২’ শিরোনামে ১৫ দিনের মেলাটি উদ্বোধন করেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। জেলা প্রশাসক ফয়েজ আহমদ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এই মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।আউটার স্টেডিয়াম মাঠে আয়োজিত বৃক্ষমেলায় ফতেয়াবাদ নার্সারির সামনে অনেক গাছের ভিড়ে ঢাউস একটি চালতাগাছ। তাতে একটি চালতাও ঝুলছে। অন্যান্য ফুল ও ফলের গাছ তো আছেই। উত্তর রাউজান থেকে গাছ কিনতে আসেন গৃহিণী চেমন আরা বেগম। তিনি বলেন, প্রতিবছরই বৃক্ষমেলা থেকে তাঁর গাছ নেওয়া চাই-ই চাই। কেননা, বাগান করা তাঁর সখ। নিজস্ব বাগানে তিনি হরেক রকমের গাছ লাগান সারা বছরই। তবে গাছ লাগানোর উপযুক্ত সময় বর্ষাকাল। এ সময় তিনি ব্যতিক্রমী গাছ পেলেই নিয়ে যান রাউজানে। তিনি এবার কিনলেন সাতটি ফজলি ও ল্যাংড়া আমের চারা, একটি লাল জামরুল, দুটি মালয়েশিয়ান নারকেলগাছের চারা। মেলায় আসে নানা পেশার মানুষ। শনিবার সকালে বৃক্ষমেলায় আসা চট্টগ্রাম মেডিকেল কলেজের একদল শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। তাঁরা প্রত্যেকেই নিয়েছেন ফুলের চারা। কেউ নিয়েছেন নয়নতারা, কেউ জবা, কেউ বেলি। ঘরের বারান্দার এক চিলতে জায়গায় টবে গাছগুলো লাগাবেন তাঁরা। ফলগাছের মধ্যে নানা ধরনের আমগাছ, কামরাঙা, করমচা, জাম্বুরা, লেবু, নারকেল, সফেদা, জামরুল, আমড়া, পেয়ারা আর ফুলগাছের মধ্যে জবা, গোলাপ, রঙ্গন, পাতাবাহারসহ নানা ধরনের গাছ বেশি বিক্রি হচ্ছে বলে জানালেন কসমো নার্সারির বিক্রেতা মো. আবু নঈম। মেলায় গাছের চারা সর্বনিম্ন পাঁচ টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত দাম রাখা হয়েছে। তবে ফলধরা অবস্থায় গাছের দাম বেশি। বিক্রেতা আবু নঈম আরও জানান, মেলা উপলক্ষে তিনি বেশ কিছু ব্যতিক্রমী ফুল ও ফলগাছ এনেছেন। ফলধরা অবস্থায় থাই মাল্টাগাছের দাম দেড় হাজার টাকা। স্ট্রবেরি, পেয়ারা তিন হাজার টাকা, আম্রপালি, ল্যাংড়া, ফজলি, বারোমাসি আমগাছের দাম ৭০ থেকে ৯০ টাকাা পর্যন্ত। এর আগে সিটি করপোরেশন আয়োজিত সব কটি মেলায়ও অংশগ্রহণ করেছেন। লালদীঘি মাঠে আয়োজিত মেলায়ও কসমো নার্সারি অংশ নিচ্ছে। মেলায় কসমো নার্সারি ছাড়াও শিমুল-পারুল নার্সারি, সবুজবিপ্লব নার্সারি, নন্দন নার্সারি, চিটাগাং নার্সারি, পুষ্প নার্সারি, ফতেয়াবাদ নার্সারি, বনরূপা নার্সারি, ন্যাশনাল নার্সারি, চন্দননগর নার্সারি নিয়ে এসেছে হাজারো রকমের ফুল আর ফলের গাছ।আউটার স্টেডিয়ামের বৃক্ষমেলায় শুধু গাছের সমারোহই নয়, এখানে বসেছে বিভিন্ন মধু, হারবাল, আসবাবের স্টলও। নার্সারিগুলোতে গাছ তো পাবেনই আরও পাবেন গাছ লাগানোর জন্য মাটির নানা ধরনের টব ও জৈব সার। মাটির টবের দাম ২৫ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত। জৈব সার এক কেজি ওজনের প্যাকেটের দাম ১০ থেকে ১৫ টাকা, দুই কেজি ওজনের প্যাকেটের দাম ৩০ থেকে ৩৫ টাকা।এ ছাড়া মেলা প্রাঙ্গণে প্রতিদিনই বিকেল থেকে রাত পর্যন্ত চলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানে বুদ্ধিজীবী, রাজনীতিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বৃক্ষ, বন ও পরিবেশ সম্পর্কে বক্তব্য দেন। এরপর নাটিকা, বাউলগান, দেশাত্মবোধক গানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় রাত পর্যন্ত মেলা প্রাঙ্গণ থাকে মুখরিত।