ফুলকিতে ছোটদের সাহিত্য আসর বাসন্তিকা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের লেখাপাঠ ও প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ফুলকির ছোটদের সাহিত্য আসর। ফুলকির সুকুমার শিশু সাধারণ পাঠাগার আয়োজিত এবারের সাহিত্য আসরের শিরোনাম ছিল ‘বাসন্তিকা’। ১ এপ্রিল সুকুমার পাঠাগার কক্ষে অনুষ্ঠিত সাহিত্য সভায় এবারের অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, কবি রাশেদ রউফ। বসন্তের শব্দ খেলা, স্বরচিত লেখাপাঠ ও অতিথির গল্পবলা পর্ব ছিল এবারের আয়োজনে। উৎসব, মশা, সড়ক দুর্ঘটনা, বসন্ত, স্বাধীনতা ও স্বদেশ নিয়ে গল্প ও ছড়া লিখেছে শিশুরা। প্রত্যেকের লেখা আগ্রহ নিয়ে শুনে আলোচনা করেছেন রাশেদ রউফ। শিশুদের উদ্দেশে তিনি বলেন, ‘ভালো লিখতে হলে চাই মেধার সঙ্গে প্রচণ্ড ইচ্ছাশক্তি।’ পরে তিনি শিশুদের ছড়াজাদুকর সুকুমার বড়ুয়ার গল্প বলেন ও তাঁর কিছু ছড়া শোনান। আসরে উপস্থিত ছিলেন ফুলকির সম্পাদক কবি ও সাংবাদিক আবুল মোমেন। তিনি শিশুদের উদ্দেশে বলেন, নিয়মিত লিখতে হবে, আর লিখতে হলে বেশি বেশি বই পড়তে হবে। আসরে সহজপাঠ, সোনারতরী ও নগরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও পিডিবি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীরা অংশ নিয়েছে। বিজ্ঞপ্তি।