ফুলগাজী আওয়ামী লীগে স্বস্তি, বিপাকে বিএনপি
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী মাঠে নামাতে পেরেছে। কর্মী-সমর্থকেরা প্রচারণা-প্রচারণায় কাজ করতে পারছেন স্বস্তিতে। তবে ভাইস চেয়ারম্যান পদে বিভ্রান্তি এখনো থেকে গেছে।
অন্যদিকে, কেন্দ্র ও জেলা থেকে সব পদে বিএনপির একক প্রার্থীর নাম ঘোষণা করা হলেও তা কথার কথা হিসেবেই থেকে গেছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক নেতা প্রার্থী হিসেবে মাঠে থাকায় বিপাকে পড়েছেন দলের সাধারণ নেতা-কর্মীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনয়নপত্র প্রত্যাহারের পর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির দুজন করে, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুজন, বিএনপির পাঁচজন, জামায়াতের একজন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজন প্রার্থী হিসেবে থেকে গেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন আওয়ামী লীগের একজন ও বিএনপির দুজন।
দলীয় সূত্র জানায়, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক ও বর্তমান ভাইস চেয়ারম্যান অনিল বণিককে নিজ নিজ পদে এবারও সমর্থন দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। চেয়ারম্যান পদে যুবলীগের আহ্বায়ক মো. নাজিম উদ্দিন মজুমদারের নাম থেকে গেলেও তিনি একরামুল হকের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার বলেন, নাসির উদ্দিনের সঙ্গে দলীয় কোনো নেতা-কর্মী নেই। তিনি স্বতন্ত্র প্রার্থী হলেও দল-সমর্থিত প্রার্থীর কোনো সমস্যা হবে না। চেয়ারম্যান পদপ্রার্থী একরামুল হক বলেন, ‘পাঁচ বছর ধরে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে এলাকায় সাধ্যমতো উন্নয়নকাজ করেছি। ভোটাররা এবারও আমাকে নির্বাচিত করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।’
অপর দিকে, কেন্দ্রীয় ও জেলা বিএনপির সমর্থন নিয়ে মাহতাব উদ্দিন চৌধুরী মাঠে নামলেও স্থানীয় বিএনপির সমর্থন নিয়ে প্রচারণা চালাচ্ছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুর নবী।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রদলের সভাপতি কামাল হোসেন, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম, মো. কামাল উদ্দিন ও মো. এরশাদ উল্যাহ মজুমদার প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি রয়েছেন ১৯-দলীয় জোটের শরিক উপজেলা জামায়াতের আমির আবুল হাসেম ও স্থানীয় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা আবদুল মতিন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত মঞ্জুরা আজিজের বিপরীতে বিএনপির জেলা মহিলা দলের সহসভাপতি (বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান) সেলিনা আক্তার ও স্থানীয় নেত্রী শাহানা আক্তার নির্বাচন করছেন।
সব পদে দলের একাধিক প্রার্থী প্রসঙ্গে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান মজুমদার বলেন, বেগম খালেদা জিয়ার নিজ নির্বাচনী এলাকা ফুলগাজী। তিনি সবাইকে নির্দেশ দিয়েছেন মাহতাব উদ্দিন চৌধুরীর পক্ষে কাজ করতে। কিন্তু তাঁর (মাহতাবের) সঙ্গে স্থানীয় নেতা-কর্মীদের বিরোধ রয়েছে। বেশকিছু নেতা-কর্মী তাঁর কারণে কারাগারে রয়েছেন। এ কারণে নুর নবী প্রার্থী হয়েছেন। এখন প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ না থাকলেও তাঁকে প্রচারণা থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সব পদে একক প্রার্থীর পক্ষে কাজ করার চেষ্টা চলছে।
এ বিষয়ে নুর নবী বলেন, বেগম খালেদা জিয়ার অনুরোধে সাড়া দিয়ে তিনি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখনো মাহতাব উদ্দিন চৌধুরীর পক্ষে প্রচারণায় অংশ নেননি। এ ব্যাপারে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।