
ফেনীর ফুলগাজী মাতিয়ে গেলেন দেশের প্রখ্যাত বাউলশিল্পী আবদুল কুদ্দুস বয়াতি। গত শনিবার ফুলগাজী মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে গান করেন তিনি। কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বাউলগানে মেতে ওঠেন শিক্ষার্থীরা।
তখন বেলা তিনটা। মঞ্চে উঠলেন কুদ্দুস বায়াতি। শুরু করলেন ‘পাগলা ঘোড়ারে’ দিয়ে। একে একে গেয়ে শোনান ‘দয়াল আল্লারে’, ‘এ দুনিয়া পুতুল খেলা’, ‘এদিন দিন নয়’সহ বেশ কয়েকটি গান। অনুষ্ঠানে মহিলা কলেজের শিক্ষার্থীরাও গান পরিবেশন করেন।
সাংস্কৃতিক আয়োজনের আগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশীষ কুমার লোধ।
একই দিন বিকেলে কুদ্দুস বয়াতি ফুলগাজীতে নুরুল হক স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও গান পরিবেশন করেন।