ফুলগাজী সরকারি কলেজে ২৫ শিক্ষকের ১৬ পদই শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী সরকারি কলেজে শিক্ষকসংকটের কারণে শিক্ষার্থীদের লেখাপড়া চরম ভাবে ব্যাহত হচ্ছে। এখানে শিক্ষকের পদ আছে ২৫টি। এর মধ্যে অধ্যক্ষসহ ১৬টি পদই শূন্য। কোনো কোনো বিভাগে একজন শিক্ষকও নেই। ফলে উপাধ্যক্ষসহ মাত্র নয়জন শিক্ষক দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পাঠদান কার্যক্রম। কলেজ সূত্রে জানা যায়, কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ ২৫ শিক্ষকের পদ রয়েছে। কিন্তু বর্তমানে উপাধ্যক্ষসহ কর্মরত আছেন মাত্র নয়জন শিক্ষক। এতে শিক্ষাকার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। কিছুদিন আগে কলেজের অধ্যক্ষ বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। ব্যবস্থাপনা বিভাগে তিন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে একজনও নেই। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে দুটি পদই শূন্য। বাংলা ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তিনটি করে শিক্ষকের পদ থাকলেও আছেন মাত্র একজন করে। বিজ্ঞান বিভাগে শুধু পদার্থবিদ্যা বিষয়ে একজন শিক্ষক আছেন। রসায়ন, গণিত ও প্রাণিবিদ্যা বিভাগে কোনো শিক্ষকই নেই। নেই শরীরচর্চা শিক্ষক। অর্থনীতি বিভাগে প্রভাষকের একটি পদ শূন্য। হিসাববিজ্ঞান বিভাগে আবুল কাশেম নামে এক শিক্ষক ২০০৮ সালের ৩০ নভেম্বর যোগদানের পরদিন থেকে গত দুবছর অননুমোদিতভাবে কলেজে অনুপস্থিত রয়েছেন। এ শিক্ষকের অনুপস্থিতির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ে কলেজ কর্তৃপক্ষ চিঠি দিলেও কোনো লাভ হয়নি। এ ছাড়া কলেজে হিসাবরক্ষকের একটি পদ ও কার্যালয় সহকারীর একটি পদের মধ্যে মাত্র একজন কার্যালয় সহকারী দিয়ে চলছে হিসাব ও কার্যালয়ের কার্যক্রম।বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ইসরাত জাহান ও দ্বিতীয় বর্ষের ছাত্র বেলায়েত হোসেন বলেন, ‘আর্থিক সচ্ছলতার অভাবে বাড়ির পাশের কলেজে ভর্তি হয়েছি। কিন্তু রসায়ন, গণিত ও প্রাণিবিদ্যা বিষয়ে কোনো শিক্ষক নেই। শুধু প্রাইভেট পড়ে বিজ্ঞানের এসব বিষয়ে পাস করতে পারব কি না জানি না। এ নিয়ে অভিভাবকেরাও দুশ্চিন্তায় আছেন।’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (উপাধ্যক্ষ) মো. ইব্রাহিম কলেজে শিক্ষকসংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার কথা স্বীকার করে বলেন, যে কয়জন শিক্ষক আছেন—তাঁরা সাধ্যমতো পাঠদানের চেষ্টা করছেন। বর্তমানে কলেজে তিন শতাধিক শিক্ষার্থী আছে। শিক্ষকস্বল্পতার কারণে অভিভাবকেরা সন্তানদের এ কলেজে ভর্তি করাতে চান না। প্রয়োজনীয় শিক্ষক থাকলে শিক্ষার্থীর সংখ্যা আরও অনেক বাড়ত।