ফুলগাজীতে দলীয় প্রার্থিতা নিয়ে জটিলতা কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলায় ছয় ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩১৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে ৪২, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬১ ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২১৬ জন। ২২ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ৭ জুন উপজেলার ছয় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছে ফুলগাজী সদর, মুন্সিরহাট, আনন্দপুর, জিএম হাট, দরবারপুর ও আমজাদ হাট। এদিকে, দলীয়ভাবে চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করা না হলেও বিভিন্ন ইউনিয়নের অনেক প্রার্থী ইতিমধ্যে ঘরোয়াভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।সরকারি দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় একক প্রার্থী মনোনয়ন দেওয়া হবে বলে জানানো হলেও মনোনয়নপত্র বাছাইয়ের পর একক প্রার্থী হিসেবে এখনো কারও নাম ঘোষণা করা হয়নি। ফলে অনেকেই পুরোদমে প্রচারণায় নামতে পারছেন না। কেউ কেউ এলাকায় ঘরোয়াভাবে প্রচারণা চালানোর পাশাপাশি সমর্থন আদায়ের জন্য উপজেলা ও জেলা নেতাদের কাছে ধরনা দিচ্ছেন। আবার কেউ কেউ দলীয় মনোনয়নের আশা ছেড়ে দিয়েই কর্মী-সমর্থকদের নিয়ে শুরু করেছেন প্রচারকাজ। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ফুলগাজী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আটজন প্রার্থী হয়েছেন—এ কে এম মহিউদ্দিন, আবুল হোসেন, মঞ্জুরা বেগম, গোলাম রাব্বানী মজুমদার, মো. আবদুল খালেক, কবির আহম্মদ, নুরুল ইসলাম ও সিরাজুল ইসলাম। মুন্সিরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে নয়জন প্রার্থী হয়েছেন—মহিউদ্দিন মো. আলমগীর, আবদুল মোতালেব ভূঁঞা, নুরুল আমিন ভূঁঞা, মনজুর আহমেদ, হানিফ আহম্মদ, আবুল কাশেম খোন্দকার, মো. জামাল উদ্দিন চৌধুরী, আবদুস ছালাম ভূঁঞা ও আমিন আহমেদ। আনন্দপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে গোলাম রসুল মজুমদার, নাসির উদ্দিন পাটোয়ারী, নুরুল আফসার চৌধুরী, মো. হারুন মজুমদার ও মোহাম্মদ উল্লাহ চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। জিএম হাট ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী হয়েছেন—মো. মজিবুল হক, খোরশেদ আলম ও রিয়াজ উদ্দিন চৌধুরী। দরবারপুর ইউনিয়নে প্রার্থী হয়েছেন নিজাম উদ্দিন মজুমদার, মামুন, মো. ছৈয়দ তাজুল ইসলাম, আবুল আলম আজমীর, আলী হোসেন মজুমদার, মঈন উদ্দিন ও মো. ইলিয়াছ। আমজাদহাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন—মো. আবুল হাসেম, মো. আবু তৈয়ব, মো. হুমায়ুন কবির (গ্রাম তারাকুচা), মো. হুমায়ুন কবির (গ্রাম ধর্মপুর), মো. আবুল কাশেম, মো. ইব্রাহিম, মীর হোসেন, মো. গোলাম জাব্বার মজুমদার ও মো. দেলোয়ার হোসেন মজুমদার।ফুলগাজী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী কবির আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘দলীয় সমর্থনের আশা করছি, তবে দলীয় সমর্থন না পেলেও জনগণের সমর্থন নিয়ে নির্বাচন করব।’ ফুলগাজী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম জানান, দলীয় তৃণমূল সদস্যদের ভোটে মনোনয়নে তিনি প্রথম হয়েছেন। তবে দলীয় সমর্থন না পেলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।দরবারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল আলম আজমীর দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন, তবে দলীয় মনোনয়ন না পেলেও এলাকার উন্নয়নের স্বার্থে নির্বাচন করবেন। ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য একরামুল হক বলেন, দুই-তিন দিনের মধ্যে একক ইউপি চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হবে। যাঁরা দলীয় সিদ্ধান্ত মানবেন না তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে। অপরদিকে, ফুলগাজী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান মজুমদার জানান, তাঁরা উপজেলার ছয় ইউনিয়নের ছয়জন চেয়ারম্যান প্রার্থীকে ইতিমধ্যে দলীয় সমর্থন দিয়েছেন। দলে কোনো বিদ্রোহী প্রার্থী আছেন কি না সেটা তাঁর জানা নেই। অপরদিকে, তাঁর নিজের ইউনিয়ন অর্থার্যা ফুলগাজী সদর ইউনিয়নে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন। তিনি বলেন, ‘আমার বাবা এখানে চেয়ারম্যান ছিলেন। ইতিমধ্যে আমি দুবার নির্বাচিত হয়েছি। এবারও মানুষ আমাকে চায়।’