ফুলগাজীতে বিজিবির মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্ত এলাকায় মানব পাচার, গবাদিপশু ও মাদক চোরাচালান রোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি এসবের সঙ্গে জড়িত লোকজনের জন্য বিকল্প জীবিকা সৃষ্টি করতে হবে।
ফেনী জেলার ফুলগাজী উপজেলায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সীমান্ত এলাকায় চোরাচালান, মানব পাচার ও জঙ্গিবাদ বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন করার লক্ষ্যে গত ২৯ সেপ্টেম্বর এই সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবির কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. আহসানুজ্জামান।
ফেনীর জায়লস্কর ৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে কর্নেল কামরুল ইসলামের সভাপতিত্বে ও ৪ বিজিবির মিডিয়া সমন্বয়কারী চৌধুরী তৈয়বুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বিজিবির উপ-অধিনায়ক মেজর কাজী ওবায়দুর রেজা, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মুর্শেদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনিল চন্দ্র বণিক। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন, আমজাদহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইব্রাহিম মজুমদার, ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি সাহাব উদ্দিন।
সভায় উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার লোকজন উপস্থিত ছিলেন। বিজিবি কর্মকর্তারা বলেন, গত ১০ মাসে মাদকসহ চোরাচালানের কাজে জড়িত থাকার দায়ে পাঁচ শ জনকে শাস্তি দেওয়া হয়েছে। ১০০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।—ফেনী অফিস