ফুলগাজীতে সমবায় সমিতির নামে প্রতারণার অভিযোগ
ফেনীর ফুলগাজী উপজেলার গোসাইপুর গ্রামে মাসিক ডিপোজিট পেনশন স্কিম (এমডিপিএস) প্রকল্পে বেশি মুনাফার লোভ দেখিয়ে দুই শতাধিক নারী-পুরুষ থেকে প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ প্রতারণার কাজে ফেনী সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের ঠিকানায় ফেনী জেলা সমবায় অফিসের (রেজি. নম্বর ৪১) নিবন্ধিত ফাহালিয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নামে একটি সমবায় সমিতির পাস বই ব্যবহার করা হয়। সম্প্রতি গোসাইপুর গ্রামের প্রতারিত লোকজন এ বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ফেনী জেলা সমবায় কর্মকর্তা আবু ইউছুপ মিয়া প্রথম আলোকে বলেন, সমিতির প্রতারিত সদস্যরা জেলা সমবায় অফিসে অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরওয়ার হোসেন প্রতারিত গ্রামবাসীর লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তের জন্য উপজেলা সমবায় কর্মকর্তাকে দেওয়া হয়েছে। অর্থ আত্মসাতের বিষয়টি প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।