ফুলচোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন ক্লাস ফাইভে পড়ি। ফুল-গাছগাছালির প্রতি প্রচণ্ড নেশা। যেখানে যে ফুলগাছের খবর পাই, ছুটে যাই। খুব ভালো মানুষের মতো প্রথমে গাছের মালিকের কাছে ওটার জন্য আবদার করি। যদি মানুষটা ভালো হয়, তবে দিয়ে দেয়। আর যদি কেউ না দেয়, তবেই হয়েছে রে। আমি অভিজ্ঞ গোয়েন্দার মতো নজর রাখতে থাকি। তারপর একদিন সুযোগ বুঝে গাছটা নিয়ে দে ছুট! এভাবে দিনের পর দিন আমার বাড়ির ফুলের বাগান সমৃদ্ধ হতে লাগল। তো, একদিন আমি খেয়াল করলাম আমার সংগ্রহে অনেক ফুল থাকলেও আমার সবচেয়ে প্রিয় ফুল রজনীগন্ধাই নেই। আমি হন্যে হয়ে খুঁজতে লাগলাম রজনীগন্ধা ফুলের গাছ। সব জায়গায় খুঁজে খুঁজে আমি যখন হতাশ, আশা প্রায় ছেড়েই দেব, তখনই খবর পেলাম সেন্ট এন্ড্রুজ হাইস্কুলের বয়েজ হোস্টেলের। ওটা আমার প্রাইমারি স্কুলের পেছনেই ছিল। টিফিনের সময় আমরা দলবেঁধে খেলতে যেতাম ওখানে। আমি রজনীগন্ধা গাছ চিনতাম না। কার কাছে যেন শুনেছিলাম, দেখতে ধানগাছের মতো। আমি ভালো মানুষের মতো হোস্টেলের বাগানের কাছে ঘুরঘুর করলাম কিছুক্ষণ। তারপর গাছটা চিনে ফেললাম। সেদিন বন্ধুরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, বয়েজ হোস্টেলের সব ফুলগাছ নিয়ে আসব। আমাদের টিফিন পিরিয়ডের সময় হোস্টেল একেবারে খালি থাকে। সুযোগটা কাজে লাগালাম আমরা। আমি যত্ন করে রজনীগন্ধাগাছটা তুলে আনলাম। আরও কিছু গাছও এনেছিলাম। আমার নেতৃত্বে সেদিন পাঁচ মিনিটের মধ্যে পুরোটা বাগান তছনছ হয়ে গিয়েছিল। আমি রজনীগন্ধাগাছটা ব্যাগে রেখে দিয়েছিলাম, যেহেতু খুব ভালোবাসা ছিল ওটার প্রতি। আর সবাই বেঞ্চের নিচে রেখে দিয়েছিল গাছগুলো। ক্লাস ভর্তি ফুলগাছ। যথারীতি ম্যাডাম এলেন ক্লাসে। এসেই বললেন, ‘আজকে কে বয়েজ হোস্টেলের বাগান নষ্ট করেছে? হেডস্যারের কাছে তোমাদের নামে বিচার এসেছে। কে করেছ?’ ভয়ে আমার কলজে শুকিয়ে গেল। কারণ, আমার নামটাই সবার ওপরে থাকার কথা। ভাগ্য ভালো, ম্যাডাম দেখলেন সবাই বেঞ্চের তলায় ফুলগাছ রেখে দিয়েছে। বললেন, ‘ও আচ্ছা, সবাই মিলেমিশে চুরি করা হয়েছে, না? সবগুলো গাছ আমার সামনে রেখে যাও।’ সবাই সব গাছ দিয়ে দিল। আমিও দিলাম, তবে রজনীগন্ধাটা বাদে। শুনেছি, ওই গাছগুলো ম্যাডাম নিয়ে গিয়েছিলেন। আর আমার রজনীগন্ধাগাছটা মরে গিয়েছিল। খুব কষ্ট পেয়েছিলাম। পুরো ঘটনা মাকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে বলেছিলাম। মা বলেছিলেন, চুরি করে এনেছ তো, তাই ওটা অভিমান করে মরে গেছে। এরপর আমি আর ফুলগাছ চুরি করিনি, যদি আবারও অভিমান করে মরে যায়!নাম ঠিকানা পাওয়া যায়নি