ফুলতলীর দুঃখ ভাঙা স্লুইসগেট
আনোয়ারা উপজেলার রায়পুরের ফুলতলী এলাকায় পাঁচ বছর আগেও বছরে তিনবার ধান চাষ হতো। বর্তমানে বর্ষার শেষে কেবল তরমুজ, বাঙ্গি ও মরিচের চাষ হয়। তবে কিছুদিন ধরে সেসব ফসলের খেতেও রোগ দেখা দিয়েছে। ফলনও আশানুরূপ হচ্ছে না। জমিতে লবণাক্ততা বাড়ায় এমনটি হচ্ছে বলে চাষিদের অভিযোগ।
ফুলতলীর চাষিরা জানান, ছয় বছর আগে বেড়িবাঁধের স্লুইসগেট ভেঙে যাওয়ায় পারকি সমুদ্রসৈকতসংলগ্ন এই এলাকার ফসলি জমিতে জোয়ার ও পূর্ণিমার সময় লোনা পানি ঢুকছে। লবণাক্ততা বেড়ে যাওয়ায় ২০০ একর জমিতে এখন আর ধান চাষ হয় না। নতুন স্লুইসগেট নির্মাণ করা না হলে এলাকার ২০০ চাষি বিপাকে পড়বেন।
ফুলতলী এলাকাটি রায়পুর ইউনিয়নে হলেও সেখানে চাষাবাদ করেন বারশত ইউনিয়নের চাষিরা। বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকার চাষি মো. আমির (৪৩) তাঁদেরই একজন। তিনি প্রথম আলোকে বলেন, ‘শুধু একটি স্লুইসগেটের অভাবে আমরা কষ্ট পাচ্ছি। এখানে সারা বছর কোনো চাষাবাদ হয় না। বর্ষায় জোয়ারের সময় ও পূর্ণিমার রাতে ভাঙা বাঁধ দিয়ে ওই এলাকায় লোনা পনি প্রবেশ করে। এর ফলে জমিতে লবণাক্ততা বেড়েছে।’
স্থানীয় চাষি আহমদ ছফা (৪৯) বলেন, ‘আমাদের ভাগ্য ঝুলে আছে একটিমাত্র স্লুইসগেটে। এটি নির্মিত হলেই আমাদের ভাগ্য ফিরবে।’
আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন প্রথম আলোকে বলেন, লবণাক্ততার কারণে ফুলতলী এলাকার চাষিরা কষ্টে আছেন। ফলে এখানে বোরো ও ইরি চাষ হয় না।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী কাইছার উদ্দিন প্রথম আলোকে বলেন, স্লুইসগেট নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, ফুলতলী এলাকার জমিগুলোকে চাষযোগ্য করতে স্লুইসগেট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।