ফুলপ্রিয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুলসংগীতশিল্পী ফাতেমাতুজজোহরা৷ নজরুলের গান তাঁর ধ্যানজ্ঞান৷ ব্যক্তিগত জীবনে আটপৌরে এই শিল্পী সাজতে খুব ভালোবাসেন৷ সংগ্রহে আছে নানা রকমের শাড়ি, গয়না ও ছোট খেলনা পুতুল৷ ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী৷ এ উপলক্ষে এবার থাকছে নজরুলসংগীতের এই গুণী শিল্পীর স্টাইল৷

আছেন নজরুলের গানের সঙ্গে
আছেন নজরুলের গানের সঙ্গে

নিজেকে ‘ফুলের রানি’ উপাধি তাঁরই দেওয়া৷ তা হবে না কেন, চুলে ফুল ছাড়া তাঁকে কম সময়ই দেখা যায়৷ পোশাক শাড়ি, সালোয়ার-কামিজ, যা-ই হোক, ফুল পরা চাই৷ ভালোবাসেন ফুল, ভালোবাসেন প্রকৃতি৷ সময় পেলে ছুটে যান প্রকৃতির কাছে৷ আমাদের এই ফুলের রানি হলেন নজরুলসংগীতশিল্পী ফাতেমাতুজজোহরা৷ ‘আমি যখন চুলে ফুল পরা শুরু করেছিলাম, তখন কেউ খুব একটা পরত না৷ আমাকে নানা কথা শুনতে হতো৷ ওসব পাত্তা না দিয়ে ফুল পরতাম৷ ফুল ছাড়া সাজ যেন অসম্পূর্ণ থেকে যায়৷’ বলেন তিনি৷
সাজগোজ করতে পছন্দ করেন ফাতেমাতুজজোহরা৷ বাইরে গেলে হালকা মেকআপ করেন৷ কিন্তু বাড়িতে একেবারেই আটপৌরে৷ ম্যাক ব্র্যান্ডের প্রসাধনী তাঁর প্রিয়৷ আর সুগন্ধির মধ্যে হুগো বস, বারবেরি, মার্ক জ্যাকবস ও গুচি ব্যবহার করেন৷ তাঁর গয়না সংগ্রহের কথা না বললেই নয়৷ নানা রকমের নান্দনিক নকশার মুক্তা, বিডস, কাঠ, পুঁতি, সুতা, বাঁশ, বেত, ক্রিস্টাল, সোনা-রুপা ও হীরার গয়না আছে তাঁর৷
‘কেনাকাটা করতে ভালোবাসি৷ কোনো কিছু কেনার সময় খেয়াল রাখি, কোন রঙের জিনিসটা আমার নেই৷ পোশাকের মধ্যে দেশি সুতির শাড়ি, জামদানি ও সিল্ক আমার বেশি প্রিয়৷’ বলেন ফাতেমাতুজজোহরা৷ জানালেন, তঁার সংগ্রহে আছে প্রায় ছয় হাজার শাড়ি, শাল ও স্টোল৷ ‘প্রায় সব অনুষ্ঠানে, আয়োজনে শাড়ি পরি৷ তবে মাঝেমধ্যে সালোয়ার-কামিজ ও জিনস-টপ বেছে নিই৷’

পুতুল কিনতে ভালোবাসেন
পুতুল কিনতে ভালোবাসেন

টেলিভিশন চ্যানেলের সকাল ও রাতের সরাসরি গানের অনুষ্ঠানের ওপর নির্ভর করে ঘুম থেকে ওঠা ও ঘুমাতে যাওয়া৷ তিনি বলেন, ‘সকালে কাজ না থাকলে রাতে নিজের সব কাজ শেষ করি৷ তখন দেরি হয়ে যায়৷ রাতে বই পড়ি, নজরুলের ওপর লেখালেখি করি৷ অনেক সময় ভোরের আলো দেখে ঘুমাতে যাই৷’
ঘুম থেকে যখনই ওঠেন না কেন, সকালে প্রায় এক লিটার কুসুম গরম পানি তিনি পান করেন৷ ৫০ বছর ধরে মধু দিয়ে কালিজিরা খাওয়ার পর মুড়ি দিয়ে এক কাপ চা খান৷ ব্যস, হয়ে গেল সকালের নাশতা৷ দুপুর ও রাতে হালকা খাবারই খান৷ জানা গেল, ৩৫ বছর ধরে তিনি স্বাস্থ্যসম্মত ও পরিমিত খাবার খান৷ শরীরের ফিটনেস ধরে রাখার পরামর্শ দিয়ে বলেন, ‘খাওয়ার ওপর নিয়ন্ত্রণ থাকতে হবে৷ বিশেষ করে ভাত কম খেতে হবে৷ আর নিয়মিত ব্যায়াম করতে হবে৷ আমিও চেষ্টা করি নিয়মিত ইয়োগা ও ব্যায়াম করার৷’ নিজেকে তরুণ রাখার রহস্য তাহলে এই—এমন কথা শুনে একচোট হেসে নিলেন৷ বলেন, ‘আমার হাসি ও দুষ্টুমি এর রহস্য৷ নিজে হাসতে ও অন্যকে হাসাতে খুব ভালোবাসি৷ আর কত রকম দুষ্টুমি যে করি এখনো৷ একটা গোপন তথ্য দিই, মাঝেমধ্যে স্কুলের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার মতো আমি নানাভাবে, নানা ছদ্মবেশে নিজেকে সাজাই৷ এরপর বাইরে বের হই৷ লোকজন চিনতে পারে না৷ খুব মজা পাই৷’
রেওয়াজ করেন কখন? ‘নির্দিষ্ট কোনো সময় নেই৷ মুডের ওপর নির্ভর করে৷ যখনই মন চায় তখনই রেয়াজ করি৷’ কাজী নজরুল ইসলামের গানের সঙ্গে এই শিল্পীর বসবাস প্রায় ৫৫ বছর ধরে৷ তাঁর কাছে নজরুল একজন রহস্যময় ও অলৌকিক মানুষ৷ কবির রুদ্ধহীন অবারিত জীবন ফাতেমাতুজজোহরাকে বেশি আকর্ষণ করে৷ নিজের সম্পর্কে ফাতেমাতুজজোহরা বলেন, ‘আমি সহজ-সাদামাটা ব্যক্তি৷ বুদ্ধিমান হলেও সরল৷’
অ্যান্টিক জিনিস ও খেলনা পুতুলের প্রতি বিশেষ দুর্বলতা আছে তাঁর৷ আগে তো ব্যাগেই সব সময় দুটি পুতুল থাকত৷ আড্ডাপ্রিয়, প্রাণবন্ত, হাসিখুশি, খানিকটা রহস্যপ্রিয়—এই শব্দগুলো ফাতেমাতুজজোহরার সঙ্গে মিলে যায়৷ ১৮ মে বিকেলটা কখন গড়িয়ে রাত হলো, টেরই পেলাম না আমরা৷

ফাতেমাতুজজোহরার প্রিয় জামদানি৷ ছবি: কবির হোসেন
ফাতেমাতুজজোহরার প্রিয় জামদানি৷ ছবি: কবির হোসেন
গয়না পরতে পছন্দ করেন
গয়না পরতে পছন্দ করেন