ফুলব্রাইটের জন্য চাই কাজের অভিজ্ঞতা
ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম বিশ্বের অন্যতম সম্মানজনক বৃত্তি। ১৯৪৬ সালে এই কার্যক্রম চালু হয়। বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রির পাশাপাশি দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকলে যে কেউ ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামে আবেদন করতে পারেন। আমি ২০২০-২১ সালের ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামে নির্বাচিত হয়েছি। এখন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় আর্বানা-শ্যাম্পেইনে মাস্টার্স অব আরবান প্ল্যানিংয়ে পড়ছি।
আবেদনের প্রক্রিয়া
ফুলব্রাইট বৃত্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। অনলাইনে আবেদনপত্র ও সব শিক্ষাগত সনদের স্ক্যান কপি আপলোড করতে হয়। এ ছাড়া সুপারিশপত্রও (লেটার অব রেফারেন্স) প্রয়োজন হয়। আর সঙ্গে জমা দিতে হয় টোয়েফল ও জিআরই/জিম্যাটের নম্বরপত্র। অবশ্য আবেদনের সময়ে টোয়েফল ও জিআরই/জিম্যাট স্কোর না থাকলে পরে ফুলব্রাইট এই সব টেস্টের ব্যবস্থা করে থাকে। সাধারণত এপ্রিল-মে-জুন মাসে এই প্রোগ্রামের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা যায়। ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ঢাকার আমেরিকান সেন্টারে যোগাযোগ করা যাবে। বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে: foreign.fulbrightonline.org।
আবেদন প্রক্রিয়ার নানা ধাপে নিজের দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে লিখতে হয়। শিক্ষাজীবন ও কর্মজীবনের আলোকে, সততার সঙ্গে সব প্রশ্নের উত্তর দিতে হবে। এই লেখার মাধ্যমেই বোঝা যাবে লক্ষ্য অর্জনে আপনি কতটা আগ্রহী। পরে আপনার লেখার ওপর ভিত্তি করেই প্রাথমিক মূল্যায়ন এবং সাক্ষাৎকার নেওয়া হবে, যেখানে আপনি দ্বিতীয়বার নিজেকে তুলে ধরার সুযোগ পাবেন।
আমার অভিজ্ঞতা
আমার জন্ম বান্দরবানে। ছোটবেলা থেকেই পরিবারের সঙ্গে খুব একটা থাকা হয়নি। সেই যে ২০০৪ সালে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে পড়ার জন্য পরিবার থেকে দূরে এসেছিলাম, এরপর নিজের প্রিয় শহরে আর খুব একটা থাকা হয়নি। স্কুল-কলেজে নানা সহশিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলাম। কলেজের ড্যান্স ক্লাব ও আবৃত্তি দলের সক্রিয় সদস্য ছিলাম। এ ছাড়া বিভিন্ন অ্যাথলেটিকে অংশ নিতাম। ২০১১ সালে আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) স্থাপত্য বিভাগে ভর্তি হই। ক্লাসের পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতা বিকাশের দিকে মনোযোগ দিই। কীভাবে গবেষণা করতে হয়, কীভাবে স্থাপত্যসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের সাহায্যে সাধারণ মানুষের সমস্যা সমাধান করা যায়, তা নিয়ে ভাবার সুযোগ হয়েছে আমার। বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে থিসিসের অংশ হিসেবে আমি রাঙামাটি অঞ্চলের জন্য একটি হাউজিং মাস্টারপ্ল্যানের প্রস্তাব তৈরি করি। এই কাজ করার সময় টেকসই ও পরিবেশ উপযোগী নির্মাণের মাধ্যমে কীভাবে ভূমিধস বা ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলা করা যায়, তা নিয়ে গবেষণা করার সুযোগ হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করি। শুরু থেকেই যেমন নিজে শেখার চেষ্টা করেছি, তেমনি আমার শিক্ষার্থীদের সঙ্গে নানাভাবে যুক্ত থেকেছি। ২০২০ সালে করোনায় গৃহবন্দী হয়ে যাওয়ার পর সময়টা কাজে লাগাতে ফুলব্রাইটের আবেদন করি। ফুলব্রাইট বৃত্তির আবেদনে অনেক কিছু লিখতে হয়। নিজের সম্পর্কে না জানলে, পড়াশোনা ও কাজের আগ্রহ সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে আবেদনের ধাপে ধাপে দ্বিধায় পড়বেন। আমি যেহেতু শিক্ষকতা ও গবেষণায় যুক্ত ছিলাম, তাই চেষ্টা করেছি সর্বোচ্চ মনোযোগ দিয়ে আবেদন করতে।
আবেদনের পর সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হয়। করোনার কারণে আমার ইন্টারভিউ হয়েছিল অনলাইনে। সাক্ষাৎকারের ক্ষেত্রে আমার মতে একাডেমিক যোগ্যতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নতুন কিছু শেখার আগ্রহ, সেই সঙ্গে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের জন্য কিছু করার স্পৃহা। এসবই বৃত্তিদাতা কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ঝুঁকির মুখে পড়ছে, তা থেকে বাঁচতে কী করণীয়, আমার সাক্ষাৎকারের সময় আমি এ-সংক্রান্ত কাজে আগ্রহের কথা বলেছিলাম।
সাক্ষাৎকারে প্রাথমিকভাবে নির্বাচিত হলে জিআরই-টোয়েফলসহ বিভিন্ন পরীক্ষায় অংশ নিতে হয়। এ সময় ফুলব্রাইট কর্তৃপক্ষকে পছন্দের বিশ্ববিদ্যালয়ের কথা জানাতে হয়। পরে শিক্ষার্থীরা যোগ্যতা অনুসারে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ফুলব্রাইট বৃত্তির মাধ্যমে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন। বাংলাদেশের শিক্ষার্থীরাও আগে থেকে পরিকল্পনা করে নিজেকে তৈরি করতে পারেন।
যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে:
আবেদনের বিভিন্ন ধাপে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে।
আপনি কতটা প্রস্তুত বা ভবিষ্যতের চ্যালেঞ্জ নিতে কতটা আগ্রহী, সাক্ষাৎ পর্বে তা যাচাই করা হবে। সুতরাং এসব বিষয়ে পরিষ্কার ধারণা রাখুন।
বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি গবেষণাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশ নেওয়ার চেষ্টা করুন।