ফুলে ফুলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবের সাজপোশাকের সঙ্গে ফুলের ব্যবহার আনতে পারে ভিন্ন মাত্রা। স্নিগ্ধতা যেমন আসে, তেমনি সতেজ একটা ভাবও দেখা যায়। চুলের সাজে ফুলের ব্যবহার করা যায় সবচেয়ে ভালোভাবে।

এই মৌসুমে কী ধরনের ফুল পাওয়া যাচ্ছে বাজারে, তা একবার জেনে নেওয়া যাক। ঢাকার শাহবাগের সুবর্ণা পুষ্প বিতানের বিক্রেতা জুয়েল মিয়া জানালেন, এই সময় বেলি, জুঁই, কাঠগোলাপ, রজনীগন্ধা, দোলনচাঁপা, কাঠবেলি ফুলগুলো সহজেই পেয়ে যাবেন হাতের কাছে। এ ছাড়া জারবেরা, বিভিন্ন রঙের অর্কিড তো রয়েছেই।

ফুলের ছোঁয়া সাজপোশাকে আনে স্নিগ্ধতা। মডেল: অলিভা, পোশাক: লা রিভ, সাজ: ফারজানা মুন্নী, ছবি: নকশা
ফুলের ছোঁয়া সাজপোশাকে আনে স্নিগ্ধতা। মডেল: অলিভা, পোশাক: লা রিভ, সাজ: ফারজানা মুন্নী, ছবি: নকশা

পোশাকের সঙ্গে মিলিয়ে

চুলে কোন ফুল পরবেন, এটা সম্পূর্ণই নির্ভর করবে পোশাকের ডিজাইন এবং ধরনের ওপর, এমনটিই বললেন কিউবেলার রূপবিশেষজ্ঞ ফারজানা মুন্নি। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পোশাকের রং। তিনি আরও বললেন, এই সময়ে সাজটা একটু স্নিগ্ধ হলেই ভালো দেখাবে। তাই হালকা রঙের পোশাকের সঙ্গে সহজেই মানিয়ে যাবে সাদা রঙের কোনো ফুল। শাড়ি, কামিজ কিংবা স্কার্টের সঙ্গেও ফুল জড়াতে পারেন। লম্বা চুল একপাশে নিয়ে খেজুর বেণি করে অথবা চুলগুলোকে বেঁধে নিয়ে একটি ফুল গুঁজে দিতে পারেন। কিংবা সামনের দিক থেকে চুলগুলোকে টুইস্ট বা রোল করে একপাশে এনে গুঁজে দিলেন একটি ছোট জিনিয়া ফুল। শুধু যে শাড়ি এবং খোঁপার বাঁধনের সঙ্গেই ফুল পরতে হবে, এমন নিয়ম আর নেই। পশ্চিমা ধাঁচের পোশাকের সঙ্গে হাতে বেঁধে নিতে পারেন ফুলের মালা। যেমন লম্বা স্কার্ট, কিংবা বিভিন্ন কাটের টপের সঙ্গে বেলি, বকুল এবং কাঠবেলির মালা হাতে পরতে পারেন।

যেমন ফুল

শাড়ির সঙ্গে যেকোনো ধরনের ফুলই মানিয়ে যাবে। এই সময় চুলে পরতে পারেন চন্দ্রমল্লিকা, জারবেরা, অর্কিড কিংবা লম্বা কাঠগোলাপের মালা। এমনকি চাইলে এই মৌসুমের অন্যতম ফুল কদমও একপাশে গেঁথে নিতে পারেন। আর সে তুলনায় কামিজ কিংবা লম্বা ফতুয়ার সঙ্গে একটু ছোট বা মাঝারি আকৃতির ফুল পরতে পারেন। যেমন-একটু ছোট জিনিয়া, ডায়ানথাস নয়তো একটি দুটি অলকানন্দা ফুল। পোশাকের রঙের সঙ্গে বৈপরীত্য রেখে অন্যান্য রঙের ফুলও বেছে নিতে পারেন। যেমন-সাদা পোশাকের সঙ্গে বেগুনি অর্কিড, লাল রঙের সঙ্গে বেলি।

যেখানে যেমন

ফুলের সারি সারি দোকান মিলবে ঢাকার শাহবাগ, কাঁটাবন মোড়েই। এ ছাড়া ধানমন্ডি ২৭ নম্বর, গুলশান ২, নুরজাহান রোড, বিডিআর গেট, দোয়েল চত্বরের বিপরীতে পাবেন ফুল। ফুলের দরদামটা একেক জায়গায় একেক রকম হয়ে থাকে।