ফুলে ফুলে ঢলে ঢলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্মাসোনালুর ডালে বসে আছে বুলবুলি। ছবি: লেখক
বার্মাসোনালুর ডালে বসে আছে বুলবুলি। ছবি: লেখক

সবুজ পাহাড়ে ঘেরা চারদিক। এমন জায়গায় যেতেই অভ্যর্থনা জানাল সারি সারি জারুল ফুলের গাছ। হ্রদে ফুটে আছে পদ্ম। এগোতে থাকলে চোখে পড়ে কৃষ্ণচূড়া, সোনালু, রাধাচূড়া, বার্মাসোনালু, টগরসহ হরেক জাতের ফুল—বড় বড় গাছে সব ফুটে আছে।

রাধাচূড়া, কৃষ্ণচূড়ার ফাঁকে উঁকি দিচ্ছে বার্মাসোনালু
রাধাচূড়া, কৃষ্ণচূড়ার ফাঁকে উঁকি দিচ্ছে বার্মাসোনালু

ফুলের এই দৃশ্য দেখা গেল হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকায় প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে। গ্রীষ্মের খরতাপেও পুরো জায়গাটা সেজেছে গ্রীষ্মের ফুলে ফুলে। সোনালুর দিকে তাকালেই মনে হবে কেউ যেন তার গায়ে হলুদের পানি ঢেলে দিয়েছে। দূর থেকে এক রূপ, কাছে গেলে আরেক রূপ। তপ্ত রোদে কৃষ্ণচূড়া লালে লাল। গাছের নিচে পড়ে আছে ঝরা ফুলের পাপড়ি। রঙে মাখা গাছগুলোর দিকে তাকালেই মন ভরে যায়।

দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের আঙিনাজুড়ে ফুটে আছে নানা জাতের ফুল
দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের আঙিনাজুড়ে ফুটে আছে নানা জাতের ফুল

ছবি তুলতে তুলতে চোখে পড়ল মৌমাছির ওড়াউড়ি। ডালে ডালে বুলবুলির বিচরণ, ফুলের ধারে বসে কোকিলের মনমাতানো চিরচেনা ‘কুহু কুহু’ সুর। সে দৃশ্য এখানকার প্রতিদিনের। জ্যৈষ্ঠের তপ্ত বাতাসের সঙ্গে মনমাতানো ফুলের ঢেউ এবং সুরভিত ছন্দময় হয়ে আছে প্যালেসের প্রাকৃতিক পরিবেশ।

চারদিকে ফুটে আছে এমন বাহারি ফুল
চারদিকে ফুটে আছে এমন বাহারি ফুল

রিসোর্টের প্রকল্প সমন্বয়কারী কাজল আহমেদ জানালেন, ছোট-বড় পাহাড়-টিলায় লাগানো আছে ২৩০ প্রজাতির বনজ ও ফলদ গাছ। এর মধ্যে বিভিন্ন জাতের প্রায় পাঁচ হাজার ফুল গাছে ষড়্ঋতুর বিভিন্ন সময়ে বিভিন্ন ফুল ফোটে। বসন্তে থাকে শিমুল-পলাশের দাপট। গ্রীষ্মে রাধাচূড়া, কৃষ্ণচূড়া, সোনালু, গগনচূড়া, টগরসহ বিভিন্ন জাতের ফুল।

বড় বড় গাছের ছায়াঘেরা এই ফুলেল প্রকৃতি গরমে কিছুটা হলেও স্বস্তি দেয়।