ফুলে ফুলে ঢাকা
পথ থেকে চোখটা একটু ওপরে গেলেই নানা রঙের মেলা। লাল, কমলা কৃষ্ণচূড়া ফুল আড়াল করে দিয়েছে সবুজ পাতাগুলো। ফাঁকে উঁকি দিচ্ছে নীল আকাশ। পিচগলানো গরমেও পথ চলতে চলতে মনটা ভালো হয়ে যায়। ঢাকা শহরে যেন নতুন এক সাজ। পথের ধারের গাছে গাছে ফুটেছে নানা বর্ণিল ফুল। গাছের শাখায় শাখায় ভরে থাকা রক্তিম কৃষ্ণচূড়া যে-কারও মন কাড়বে। থোকায় থোকায় ফুটে থাকা এই ফুলের আড়ালে কচি কচি সবুজ পাতা উঁকি দিচ্ছে, দোল খাচ্ছে বাতাসে। সে এক অপূর্ব দৃশ্য! অনেক দূর থেকেও চোখে পড়ে।গ্রীষ্মের ঝলমলে রোদ এসে পড়ছে কৃষ্ণচূড়ার গাছে। আর সেই আনন্দে ফুলগুলোও যেন হাসছে! এ সময় টকটকে লাল রক্তবর্ণ কৃষ্ণচূড়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে কমলা রঙের কৃষ্ণচূড়াও। শুধু কৃষ্ণচূড়াই নয়, এ সময় ঢাকার বিভিন্ন পথের ধারে ফুটে থাকা রাঁধাচূড়া, জারুল, সোনালুসহ আরও হরেক রকমের ফুল দৃষ্টি কাড়বে আপনার।কৃষ্ণচূড়া দেখতে হলে আপনাকে যেতে হবে জাতীয় সংসদ ভবনের পেছনে ক্রিসেন্ট লেকের সামনের রাস্তায়। এখানে রাস্তার দু ধারে একের পর এক কৃষ্ণচূড়ার গাছে যেন লেগেছে ফুলের উৎসব। এ রাস্তায় গাড়িতে করে যাওয়ার সময় জানালা দিয়ে চোখে পড়ে এই সুন্দর দৃশ্যটি। পার্কে বা লেকের পাড়ে বসে বসেই এই নয়নাভিরাম দৃশ্য দেখে যেন মনটা ভালো হয়ে যায়। ফুরফুরে বাতাসে চমৎকার একটি সময় কাটে এখানে বসে বসে। বুট-বাদাম, আইসক্রিম, ফুচকা-চটপটি খেতে মজা এখানে বসেই। ঢাকা শহরের সবচেয়ে বেশি এলাকাজুড়ে কৃষ্ণচূড়ার দেখা পাওয়া যাবে এখানেই। কৃষ্ণচূড়া ফুলের দেখা মিলবে জাতীয় সংসদ ভবনের সামনের শেরে বাংলা এভিনিউতেও। অনেকে ক্যামেরা সঙ্গে নিয়ে আসেন ফুলের দৃশ্য বন্দী করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানেও ফুটেছে কৃষ্ণচূড়া, রাঁধাচূড়া, জারুল। কলা ভবনের সামনে অপরাজেয় বাংলার আশপাশে ও মল চত্বরে এলে দেখা মিলবে এসব ফুলের। আর সোনালু ফুলের সৌন্দর্যটা ধরা দেয় কার্জন হলে গেলে। যেন হলুদের ধারা নেমে আসছে গাছ বেয়ে বেয়ে। কেন্দ্রীয় শহীদ মিনার বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সামনে ফুলার রোডের শুরুতে স্বাধীনতার সংগ্রাম ভাস্কর্যের পাশে রয়েছে কৃষ্ণচূড়া ফুলের অপূর্ব এক মায়া ধরানো রূপ। ভরদুপুরে জিরিয়ে নেওয়ার ফাঁকে দেখা যাবে এর অপার সৌন্দর্য। এখানে বিকেলবেলায় বসে বসে দারুণ সময় কাটানো যায়। গাছের ছায়ায় বসে থাকলে মনেও আসে একধরনের শীতলতা! চটপটি বা ফুচকা খেতে খেতে চমৎকার একটি সময় কাটানো যাবে এখানে এলে। ধানমন্ডি লেকের কথা এ ক্ষেত্রে একটু আলাদা করেই বলতে হয়। এখানেও ফুটেছে কৃষ্ণচূড়াসহ নানা ধরনের ফুল। বসার জায়গাটাও যেমন এখানে অত্যন্ত ভালো, তেমনি জম্পেশ আড্ডা দেওয়ার জন্যও এই স্থানের জুড়ি নেই।ঢাকার চার দেয়ালের একঘেয়ে জীবন আর ব্যস্ততার ফাঁকে এসব স্থানে ঘুরে আসুন একটুখানি। পরিবার-পরিজন, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে বসে প্রকৃতির এই মায়াজড়ানো রূপের সান্নিধ্যে এসে বসুন। দেখবেন আপনার মনটা ভালো হয়ে গেছে। প্রকৃতির রঙে নিজেকে রাঙিয়ে নেওয়ার এই তো সুযোগ।