ফুলে ফুলে ভরা কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার
রাত ১২টা এক মিনিটে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের নেতৃত্বে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর লাইনে দাঁড়ানো হাজারো মানুষ শ্রদ্ধা জানায় এবং ফুলে ফুলে ভরে ওঠে মহান একুশের স্মৃতির মিনার।জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার নিবাসচন্দ্র মাঝির নেতৃত্বে পুলিশ প্রশাসন, কমান্ডার মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে কক্সবাজার প্রেসক্লাব, আবদুল কুদ্দুসের নেতৃত্বে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, চিকিৎ সক অরূপ দত্তের নেতৃত্বে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এ ছাড়া কক্সবাজার সরকারি কলেজ, জেলা পরিষদ, জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), কমিউনিস্ট পার্টি, প্রথম আলো বন্ধুসভা, খেলাঘর, স্বপ্নের সিঁড়ি, ঝিনুক নাট্যকেন্দ্র, বে অব বেঙ্গল গ্রুপসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সকাল সাতটায় কক্সবাজার সরকারি মহিলা কলেজ মাঠে নবনির্মিত শহীদ মিনারে অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরীর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকারা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর বিভিন্ন বিভাগ, বন্ধুসভা ও ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, কলেজ প্রতিষ্ঠার ২৪ বছর পর এবারই প্রথম কলেজের ছাত্রীরা আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারে ফুল দিয়ে দিবসটি পালন করলেন। সকাল ১০টায় কলেজমাঠে অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সরোয়ার আলম, অধ্যাপক সচ্চিদানন্দ পাল, সরোয়ার কামাল, শহীদুল ইসলাম, বিপ্লব কান্তি পাল, আনোয়ারুল হক, সানোয়ারা বেগম, রোকসানা বিনতে ওয়াজেদ, তপন কুমার দত্ত ও বিটা শর্মা। শেষে কলেজছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।