ফুলে ফুলে সাদা
সকালের মিষ্টি রোদ, ঘাসের ডগায় শিশিরের স্নিগ্ধ পরশ, আকাশজুড়ে সাদা মেঘের আনাগোনা, পথে পথে কাশফুলের শুভ্রতা—এসব মিলিয়েই হলো শরৎ কাল। রাজধানী ঢাকার কোলাহল ও যান্ত্রিক জীবনকে কিছুক্ষণের জন্য দূরে ঠেলে দিয়ে ঢাকার আশপাশে কিছু জায়গায় বেড়াতে গেলেই মিলবে শরৎ-প্রকৃতির অপরূপ সৌন্দর্য।বরুয়া বিল-ইছাপুর ও বালু নদনগরের খিলক্ষেত থেকে একটু ভেতরের দিকেই এ জায়গাটা। ঢাকার এত কাছেই প্রকৃতি কত সুন্দর, তা দেখে চমকিত হতে হয়। বরুয়া ঢোকার পরপরই নানা পাখপাখালির কলকাকলি আর ছোটাছুটি। কখনো কখনো একটা-দুটো বক বা পানকৌড়িও এসে বসছে। সেই ভালো লাগাকে সঙ্গে নিয়ে সামনে এগোলেই এক দিকে বরুয়া বিল আর অন্যদিকে বিশাল কাশবন। সাদা সাদা কাশফুল। এখানে বিভিন্ন হাউজিং সোসাইটির ভেতর বালুর ওপর ফুটেছে থোকায় থোকায় কাশফুল। অপলক চেয়ে থাকতে ইচ্ছে করে। এখানে ঘুরতে কারও কোনো বাধা নেই। পাশের বিলেই জাল দিয়ে মাছ ধরছেন জেলেরা। কিছুক্ষণ পরপর জাল তুলে দেখছেন, মাছ আটকেছে কি না। আর জাল তোলার দিকেই রাস্তার মানুষের রাজ্যের কৌতূহল!এই পথ ধরে আরও কিছুদূর গেলেই ইছাপুর বাজার। মনে হচ্ছে, বাজারটির নাম ইচ্ছেপুরও হতে পারত! সে কথাই বলছি। ইছাপুরের সড়কসেতুর ওপর থেকে নদটা খুব সুন্দরভাবে দেখা যায়। পাশে বড় বড় কচুরিপানার ফাঁকে ফাঁকে ভাতশালিকের ওড়াউড়ি। সেতুটি পার হলেই বালু নদের ঘাট। অপেক্ষা করছে অনেকগুলো নৌকা। প্রতি ১০ মিনিট পরপর এ নৌকাগুলো ছেড়ে যায় দেরাইতের উদ্দেশে। নৌকা থেকে নদের দুই পাশ দেখতে অসাধারণ লাগবে। প্রতি ঘণ্টা ১৫০ টাকা করে ঘোরা যায় নদে। আবার এখান থেকে কাঞ্চন সেতুও ঘুরে আসা যায়। দলবেঁধে পিকনিকের জন্য এ জায়গাটা দারুণ। ঘাট থেকে সেখানটায় দুই থেকে আড়াই ঘণ্টা লাগে পৌঁছাতে। ইছাপুর বাজারে হাটবার সোমবার হলে কী হবে, সারাক্ষণই এ বাজারটি জমজমাট থাকে। এখন কতবেলের মৌসুম। ছোট-বড় কতবেলের পসরা সাজিয়ে বসেছে এখানকার দোকানিরা। আছে সারি সারি আখের দোকান। পাশের গ্রামের আখ খেতের আখ পাওয়া যায় এখানে। আশপাশের গ্রামগুলোর আবাদ করা নানা জাতের তরতাজা মৌসুমি সবজিও অনেক কম দামে মিলবে এখানটায়। বিকেলে এখানে নৌকার ঘাটে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। এ ছাড়া নৌকার ঘাটে চা-নাশতার পাশাপাশি চিনির মুরালি, ভাজা-ভুনাও খেয়ে নিতে পারেন। ইছাপুর বাজারে পাওয়া যায় তরতাজা মাছ। ফিরে আসার সময় এর খোঁজখবরও নিতে পারেন। এভাবে সারা দিন ঘুরে খুব সুন্দর একটি দিন কাটিয়ে দেওয়া যায় বরুয়া বিল-ইছাপুর ও বালু নদের পাশে। এখানে যাওয়ার জন্য প্রথমে বাসে করে খিলক্ষেত। এর পর টেম্পোতে ইছাপুর। তবে নিজের গাড়িতে করে কিংবা দলবেঁধে গেলে আরও ভালো লাগবে এখানটায়।ভার্কুত্তার তুরাগ নদ আর বিস্তীর্ণ কাশবনগাবতলী থেকে আমিনবাজার পার হয়ে শালিপুর। এর একটু ভেতরে ঢুকলেই ভার্কুত্তা ইউনিয়ন। মহাসড়ক থেকে চলে গেছে একটি রাস্তা। রাস্তাটির শুরুতেই চোখে পড়বে এক দিকে তুরাগ নদ, আর অন্যদিকে বিস্তীর্ণ কাশবন। এখানে এলেই বন কথাটির যথার্থতা মেলে। যত দূর দৃষ্টি যায়, শুধু সাদা সাদা কাশফুল! একটু ভেতরে ঢুকতেই যেন আরও অপরূপ সৌন্দর্য ধরা দিল। সুন্দর একটি বেইলি ব্রিজ পার হয়েই কাশবনের ভেতরে ছোট ছোট পাখির কিচিরমিচির শব্দ। কিন্তু পাখি কোথায়? খুঁজতে খুঁজতে চোখ আটকে গেল কাশফুলের ঘন ঝোপের দিকে। কিছুটা আড়াল থেকে নানা ভঙ্গিতে ডেকে যাচ্ছে কালো আর গাঢ় হলুদ রঙের মুনিয়া পাখির দল। এখানে-সেখানে ফুরুৎ ফুরুৎ করে উড়ছে মুনিয়ারা। হাঁটুপানির ওপর থোকায় থোকায় ফুটে আছে ধবধবে সাদা কাশফুল। মৃদু বাতাসে তুলছে এদিক-সেদিক, যা সত্যিই অতুলনীয়! বালুর ওপর হাতের নাগালে পাওয়া কাশফুলগুলোর নরম ছোঁয়া পেয়ে ভালো লাগে। কাশবনের উল্টোদিকে তুরাগ নদে মাছ ধরছেন জেলেরা। এই নদে নৌকায় করে ঘুরতে বের হওয়া যায়। জেলেদের জালে ধরা নদের মাছ কিনতে পাওয়া যায় এখানে। ভার্কুত্তা গ্রামের আশপাশটাও চমৎকার। পথে পথে ফুটেছে কলমিলতা আর নানা ধরনের বুনোলতার ফুল। এ গ্রামে অনেক দুধের খামার আছে। চাইলেই মিলবে গরুর খাঁটি দুধ।ভার্কুত্তার ওপারে বয়ে গেছে ক্ষীণ স্রোতের বুড়িগঙ্গা নদী। এতটাই কম স্রোত যে সেখানে এটির ওপর দিয়ে বাঁশের সাঁকো চলে গেছে।গাবতলী থেকে ছোট ছোট গাড়ি ১০ টাকার বিনিময়ে ভার্কুত্তা যায়। এই পরিবহন ছাড়া অটোরিকশা দিয়েও ঘুরে আসতে পারেন এই এলাকাটি।আরও কিছু কাশবনঢাকার আশপাশের মধ্যে বুড়িগঙ্গার দক্ষিণ দিকে হাসনাবাদে সেনাছাউনির পাশে আছে কাশবন। এরপর দুই মাইল দূরে কেরানীগঞ্জের মোল্লারাপুরেও আছে কাশফুল। ঢাকার গাবতলী থেকে আরিচা মহাসড়কের দুই পাশে, বনশ্রীর আফতাবনগর, হেমায়েতপুর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছে দৃষ্টিনন্দন কাশবন। এ ছাড়া কাশবন রয়েছে টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থার মাঠজুড়ে। এই স্থানগুলোর পাশেই রয়েছে নানা খাবারের দোকান। ঘোরার ফাঁকে ফাঁকে হালকা নাশতাও করে নিতে পারবেন এখানে।