ফুলে মঞ্চসাজ
মৌসুম এখন বিয়ের ফুল ফোটানোর। শুধু জীবনে নয়, বিয়ের অনুষ্ঠানেও। হলুদ গাঁদা, লাল গোলাপ আর শুভ্র রজনীগন্ধার পাশাপাশি বিয়ের অনুষ্ঠানে বিশেষকরে মঞ্চসাজে এসেছে বিদেশি ও শুকনো ফুলের ব্যবহার। আর সেসবে এখন সাদা রংটাই বেশ জনপ্রিয়। ফুলের জলসায়বিয়েতে ফুলের ব্যবহার মঞ্চেই বেশি দেখা যায়। কাপড়, শোলা ও কাঠের দৃশ্যপটের সঙ্গে একটু ফুল না থাকলে যেন বিয়ের মঞ্চই হয় না। লহরে কিংবা তোড়ায়—ফুল থাকবেই বিয়ের মঞ্চে। তবে লহরেও এসেছে বাঁক। ফুলের লহরে মুড়ে মঞ্চ যেন হয়ে উঠছে স্বর্গপুরী। স্পিকিং রোজেসের প্রধান নির্বাহী কর্মকর্তা কুমকুম হাসান জানান, বিয়ে কিংবা বউভাতের মঞ্চের জন্য সাদাই সর্বসেরা। শুভ্র গ্লাডিওলাসের দৃশ্যপটে বর-কনে উভয়েই যেন আরও বেশি দৃশ্যমান হন। কিন্তু হলুদের মঞ্চ হবে রঙিন। সবুজ, হলুদ, লাল ফুলের লহরের পাশে ক্রিস্টালের লহরও মানাবে ভালো। মঞ্চের সামনে রাখতে পারেন চাড়িভর্তি মোমবাতি ও ফুল। মোমদানিতে মোম জ্বেলে নিচে ঢেলে দিন রং-বেরঙের ফুল। মোমের আলোয়, ফুলের শোভায় মঞ্চ হোক ইন্দ্রপুরী।কুমকুম হাসান আরও বলেন, তোরণ শুধু কাঠ ও কাপড়ের হবে, সেদিন আর নেই। তোরণ একই ফুলে মোড়া হবে, সে দিনও শেষ। তোরণে সাদার প্রাধান্য এখনো বেশি থাকলেও পুরো অনুষ্ঠানে নিয়ে আসতে পারেন যেকোনো রঙের থিম। সে ক্ষেত্রে তোরণের ফুলের রং নির্বাচনও সহজ হবে। তোরণ থেকে মঞ্চ—এটুকু পথ ছোট হলেও প্রতি পদেই যেন আনন্দের স্ফুরণ ছোটে। তাই এই আনন্দমাখা পথে ঢেলে দিতে পারেন গোলাপের পাপড়ি। আর পথের পাশে ছোট ছোট থামের মাথায় রাখুন একটি ফুলের তোড়া। তা থেকে ঝুলিয়ে দিন আইভির লতা। ডুপ্লেক্স বাড়ি হলে সিঁড়ির রেলিং ও থামে ফুলের লহর তো থাকবেই। ফুল ছাড়া কি বিয়েবাড়ি হয়?ফুলে ফুলে অভ্যর্থনাবিয়ের পুরো আসরে সবাইকে জানাতে পারেন ফুলেল অভ্যর্থনা। তাই তো খাবার টেবিল, অতিথিদের চেয়ার কিংবা ছাদেও থাকছে ফুলের সাজ। খাবার টেবিলে হরেক পদের খাবারের মধ্যে একটি ছোট ফুলদানি আপনার মনের তৃপ্তি মেটাবে; কিংবা ন্যাপকিন হোল্ডারে রেখে দিন একটি লম্বা ডাঁটার গোলাপ। তাতে থাকতেই পারে বর-কনের চেহারা, একটি শুভকামনার বার্তা। স্পিকিং রোজেস নকশা করে দেয় এমন বিশেষ ফুলের। অথবা প্লেটের ওপরের ন্যাপকিনটি পাকিয়ে তাতে বেঁধে দিতে পারেন একটি অর্কিড বা জারবেরা। ছোট ছোট স্থানে ফুলের ব্যবহার আপনার পুরো আয়োজনকেই করে তুলবে নান্দনিক। টেবিল রানার কিংবা কাপড়ের বিপরীত রঙের ফুলের তোড়াও এখনকার ফ্যাশন। ফুলের ছোট একটি গুচ্ছ ফিতায় মুড়ে লাগিয়ে রাখতে পারেন চেয়ারের মাথায়।আসল চমক রাখতে পারেন সিলিংয়ে। শ্যান্ডেলিয়ার বা ফুলের তৈরি ঝাড়বাতি নেমে আসুক মাথার ওপরে। ফুলের আলোয় আলোকিত হোক সবার আনন্দ। মঞ্চের দিকে যাওয়ার সময় কনের হাতে থাকতে পারে হ্যান্ডবুকে বা কনের ফুলের তোড়া। তাতে পেঁচানো ফিতায় বসিয়ে দিন প্রজাপতি, ঘাসফড়িং কিংবা ছোট একটি পাখি। কনের সঙ্গের ছোট্ট শিশুগুলোর মাথায় পরিয়ে দিন হ্যালো বা ফুলের মুকুট। ছেলেদের কোটে বিশেষ কোটফুল তো থাকতেই পারে।বিয়ের গাড়ি ছিমছাম, পরিপাটি ফুলের নকশাই এখন চলছে বেশি। সে ক্ষেত্রে মোটা ফিতার টানা রেখায় গোঁজা একটি করে ফুলের উপস্থিতি চোখে পড়বে আপনার। গাড়ির সামনে রাখতে পারেন বিয়ের গাড়ির বিশেষ ফুলের তোড়া বা রিদ। পেছনে ফুলে সাজানো ছোট বোর্ডে লিখে দিন না সদ্য বিবাহিত কথাটি। অনেকে গাড়ি সাজাতে আজকাল ডেইজি, অর্কিড, ক্রিসেনথিমাম বা কারনেশনকেই বেছে নিচ্ছেন। ফুলেল শয্যাছাদ থেকে নেমে আসা ঝুরিঝুরি লহরের চেয়ে বিয়ের খাটকেই বাগানের মতো সাজাতে বেশি পছন্দ করছেন এই সময়ের তরুণেরা। এমনটিই বললেন শাহবাগে অবস্থিত অনন্যা পুষ্পবিতানের স্বত্বাধিকারী মো. লোকমান হোসেন। তিনি বললেন, খাটের চার মাথায় ফুলের তোড়া বসিয়ে চারপাশ পাতা ও ফুল দিয়ে মুড়ে দেওয়াকেই সবাই পছন্দ করছেন। সাদা রংই বেশি মানায় বাসরঘরে। সবার পছন্দ অনুযায়ী ফুলের ধরন অদলবদল হচ্ছে। দেয়ালে ফুলের ছোট তোড়া রাখার পাশাপাশি ঘরের কোনায় ফুলের সাজও চাইছেন অনেকে। ফুলের মধ্যে ক্রিস্টাল, পুঁতিও যোগ করে নিচ্ছেন তাঁরা। মোট কথা, বাসরঘরে ফুলের ছিমছাম ব্যবহারই বেছে নিচ্ছেন একালের তরুণেরা। ফুলের পাশে তাঁরা প্রদীপ, মোমবাতিকেও সমান প্রাধান্য দিচ্ছেন। দরদামশাহবাগের মো. লোকমান হোসেন বললেন, সাধারণত মধ্যবিত্তরাই শাহবাগের প্রধান ক্রেতা। বনানীর কাঁচাবাজার মোড়ের ফুলের মার্কেটের ফ্লাওয়ারস পেটালের পরিচালক রাজু জানান, মধ্যবিত্তরাও দেশি ফুলের পাশাপাশি বিদেশি ফুল কিনছেন। এসব মার্কেটে আপনি দেশি-বিদেশি ফুল কিনতে পারবেন কমবেশি দামে। জারবেরা প্রতিটি পড়বে ২০-৩০ টাকা, লিলি ২০০-৩০০, গ্লাডিওলাস ১৫-২০, ক্রিসেনথিমাম ১০০ টাকা, কারনেশন ২০-২৫, অর্কিড ২০-৩০, চায়না রোজ ৫০-৬০, ইয়োস্টোমা ১০০, স্নোবল ১২০-১৫০, জিপসি প্রতি আঁটি ৮৫০-৯০০, স্প্রে করা অর্কিড ৬০-১০০ টাকা। গাড়ি, মঞ্চ, সিলিং, বিয়ের আসর, বাসর—সবকিছুই আলাদা দামে পাবেন। সব মিলে শাহবাগ ও বনানী মার্কেটে দাম পড়বে গড়ে ৭০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার পর্যন্ত এবং অন্যান্য নামীদামি ফুলের সাজের প্রতিষ্ঠান বা স্পিকিং রোজেসে হলুদের অনুষ্ঠানের জন্য খরচ হবে ১ লাখ থেকে ৫ লাখ পর্যন্ত। বিয়ের অনুষ্ঠানে খরচ পড়বে ২ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত। তবে যেখান থেকেই কিনুন না কেন, আলোচনা সাপেক্ষে আপনি মূল্যছাড় পাবেন।