
‘রাতে চাঁদ ওঠে সাদা বেলুনের মতো। ওড়ে খেজুরগাছের ডালের অনেক ওপরে। যেখানে এপাশে পুকুর ওপাশে ঘরবাড়ি। একটু দূরে মাঠে ধান, সবুজ ঘাস, কুমড়োর হলদে ফুল। একটা খাল পুকুর থেকে বের হয়ে পুঁটি মাছের লাফ আর খলশের ঝাঁক নিয়ে চলে গেছে বিলের দিকে। তার ওপর একটি কাঠের সাঁকো। নিচে সাঁকোর টলোমলো ছায়া। তার নাম গ্রাম।’
ফুলের গন্ধে ঘুম আসে না বইতে রাড়িখাল গ্রামের এমন ছবি এঁকেছিলেন হুমায়ুন আজাদ। সেই ছবি থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনের দর্শকদের সামনে আরও একবার হাজির করল প্রমা আবৃত্তি সংগঠনের শিশু শিল্পীরা। কচি কণ্ঠগুলো যেন মনে করিয়ে দিল গ্রামই এ দেশের হৃদয়, যেখানে পুকুরে ঝাড়বাতির মতো ফোটে কচুরিপানার ফুল।
১৪ অক্টোবর ‘স্বপ্নে হারাই অচিনপুর’ শিরোনামে শিশুদের আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছিল প্রমা। অনুষ্ঠানের শুরুতেই ছিল হৃদয়ছোঁয়া এই পরিবেশনা, যাতে অংশ নিয়েছিল প্রায় ২০ জন শিশু। তবে আবৃত্তির প্রয়োজনে মূল রচনার সঙ্গে নানা আলংকারিক ও বাড়তি শব্দের ব্যবহার কানে লেগেছে। বড়দের অতি নাটকীয়তাটুকুও যেন অনুকরণ করেছে খুদে আবৃত্তিকারেরা।
আবৃত্তির অনুষ্ঠানে সচরাচর যা হয়, মিলনায়তনের প্রায় অর্ধেকই খালি থাকে। এই অনুষ্ঠানে দেখা গেল তার বিপরীত চিত্র। আসরের শুরু থেকে শেষ পর্যন্ত মিলনায়তন দর্শকে কানায় কানায় পূর্ণ ছিল। প্রমার শিশুদের পাশাপাশি সোনারতরী ও ফেইমের শিশুরাও প্রচুর হাততালি কুড়িয়েছে দর্শকদের।
রবীন্দ্রনাথ ঠাকুর ও ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা আবৃত্তি করে সোনারতরীর শিশুরা। পরিবেশনার নাম ‘শরতে রোদ বৃষ্টির ছুটি’।
ভীষণ উপভোগ্য ছিল ফেইমের শিশুদের উপস্থাপনাও। লীলা মজুমদার, মুহম্মদ জাফর ইকবাল ও মন্জুর মোর্শেদের লেখা থেকে পাঠ করে তারা। ‘ফোন, চিঠি ও কলম কথা’ শিরোনামের পরিবেশনাটি ছিল হাস্যরসের ভরা। সব মিলিয়ে দেড় ঘণ্টার এই আসর দেখতে দেখতেই কেটে গেল।
শিশুদের নিয়ে এই আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। শুভেচ্ছা বক্তব্য দেন প্রমার সভাপতি রাশেদ হাসান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুই আবৃত্তি প্রশিক্ষক সোনারতরীর শর্মিলী তেওয়ারী ও ফেইম ড্যান্স ড্রামা ও মিউজিকের মুবিদুর রহমানের হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা স্মারক।