ফুলের গ্রাম চরখাগরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে ফুল আর ফুল। বিস্তৃত খেতজুড়ে ছড়িয়ে গেছে রং—লাল, সাদা, হলুদ। আশায় বসতি মানুষের। ফুলে বদলাবে দিন। একজনের দেখাদেখি মাঠে নামছেন আরেকজন। বাড়ছে চাষ, বাড়ছে চাষি। ছিল আলুর রাজ্য, এখন ফুলের সুবাস। গ্রামটির নাম চরখাগরিয়া। সাতকানিয়া উপজেলার চরখাগরিয়া ইউনিয়নের এই গ্রামটি এখন পরিচিতি পেয়েছে ফুলের গ্রাম হিসেবে। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য এলাকার ফুলের চাহিদা মেটাচ্ছেন এখানকার চাষিরা। বর্ষা ছাড়া বছরের অন্য সময়ে ফুল চাষেই মন দেন তাঁরা। ব্যবসাও বাড়ছে দিন দিন। শুধু শীত মৌসুমেই বিক্রি হয় কোটি টাকার ফুল।চাষিরা জানান, চট্টগ্রামসহ আশপাশের এলাকার পুরোপুরি চাহিদা মেটাত যশোরের ফুল। এখন সেখানে ভাগ বসিয়েছে চরখাগরিয়া। প্রায় ২০ শতাংশ ফুল সরবরাহ দেওয়া হচ্ছে এখান থেকে। আলুর চেয়ে লাভ বেশি হওয়ায় বেশির ভাগ চাষি ঝুঁকে পড়েছেন ফুল চাষে। কারণ, ফুল চাষ করে কাউকে এখনো লোকসান গুনতে হয়নি। শুধু তা-ই নয়, যাঁরা একসময় দাদন নিয়ে আলু চাষ করতেন, তাঁদের এখন ঋণের বোঝা নেই।শুরুর কথা: সময়টা ১৯৮৫ সাল। গ্রামের সন্তান এম ইউনুস প্রথম ফুলের চাষ শুরু করেন। চট্টগ্রামের শহরে নন্দনকাননের বাংলাদেশ নার্সারির মালিক তিনি। নার্সারির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি লাগালেন গাঁদা। গ্রামের কৃষকেরা ভেবেছিলেন এটা নিছক পাগলামি। কিন্তু দমে যাননি ইউনুস। আধুনিক পদ্ধতিতে চাষ করে তিনি ভালো ফলন পেয়েছেন। এরপর বাড়াতে থাকেন চাষ। দুই-তিন বছর না যেতেই অন্য সবার টনক নড়ে। ভিড় বাড়তে থাকল চাষিদের। কীভাবে কী করবে—এ নিয়ে ইউনুসের পরামর্শ নিতে থাকল সবাই। তিনিও সাহায্য করেন। এভাবেই আলুর খেত ফুলের দখলে গেল। এখন ৮০ শতাংশ বাসিন্দা ফুল চাষ ও এর ব্যবসার সঙ্গে জড়িয়ে গেছেন। সেপ্টেম্বর থেকে শুরু হয়ে জুন পর্যন্ত চলে চাষ। মাঝখানে দুই মাস বিলে পানি থাকায় চাষ বন্ধ রাখতে হয়। একদিন ফুলের রাজ্যে: চট্টগ্রাম-কক্সবাজার সড়কের দোহাজারীর দেওয়ানহাট থেকে হাতের ডানে পাকা সড়ক ধরে প্রায় এক কিলোমিটার গেলে গ্রাম চরখাগরিয়া। গ্রামে ঢুকতেই বিস্ময়ের শেষ নেই। বিচিত্র রঙের ছড়াছড়ি। খেতজুড়ে ফুটে আছে গ্ল্যাডিওলাস, গাঁদা, জিপসি, চন্দ্রমল্লিকা, ডালিয়া, সিলসিলা ও রজনীগন্ধা।আমরা যখন পৌঁছি তখন সবে সকালের আমেজ কাটছে। তেতে উঠেছে রোদ। তবে সূর্যের চোখ রাঙানি কাবু করতে পারছে না এক দল মানুষকে। রাজ্যের ব্যস্ততা তাঁদের। কথা বলারও সময় নেই। ফুল তুলে বোঝাই করতে হবে গাড়িতে। এক চালান চলে গেছে সেই ভোরে। এখন যাবে দ্বিতীয় চালান। কথা হয় ষাটোর্ধ্ব নুসরাত বেগমের সঙ্গে। তিনি দৈনিক ভিত্তিতে কাজ করেন। নুসরাত বলেন, প্রতিদিন ভোর থেকে ফুল তোলা শুরু হয়। এরপর বাঁধা হয় আঁটি। তবে গাঁদা ফুল এখন লহর করে দিতে হয়। দুপুরে ফুল নিয়ে গাড়ি চলে যায় বিভিন্ন জায়গায়।চাষিরা জানান, এখানকার ফুল যাচ্ছে চট্টগ্রাম শহরের চেরাগীপাহাড়, কক্সবাজার, পার্বত্য তিন জেলা—খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি, আমিরাবাদ, চকরিয়া, হাটহাজারী ও রাঙ্গুনিয়ায়।সাফল্যের গল্প: ফুল চাষ করে বদলে গেছে অনেকের দিন। আলু চাষে লোকসান দিয়ে শেষে ফুল দিয়ে ফিরেছে সুদিন। এ রকম একজন মোহাম্মদ মহিউদ্দিন। ছোটখাটো গড়নের এ যুবক এখন লাখপতি। শহরের চেরাগীপাহাড়ে মাধবীলতা নামের ফুলের দোকান আছে তাঁর। এ ছাড়া চট্টগ্রামের বিভিন্ন স্থানে ফুল সরবরাহ দিচ্ছেন তিনি। নিজে পাঁচ কানি জমিতে চাষ করছেন। আবার অন্যদের কাছ থেকেও ফুল কেনেন। মাসে তাঁর আয় লাখ টাকা ছাড়িয়ে গেছে। মহিউদ্দিন বলেন, ‘ইউনুস সাহেবের দেখানো পথ ধরে আজ আমরা সুখের দেখা পেয়েছি। তিনি শুরু না করলে আমরা জানতামই না এখানে ফুলের চাষ হবে।’আরেক সফল চাষি আবদুল মাবুদ (৩৮)। চেরাগীপাহাড়ের মোড়ে তাঁরও আছে ফুলের দোকান-স্টার পুষ্পবিতান। প্রথমে ফুলের দোকানে চাকরি করতেন। পরে ভাইদের নিয়ে চাষ শুরু করেন। এখন তাঁদের ২৫ কানি জমিতেই ফুল চাষ হচ্ছে। ফুল ব্যবসার টাকা দিয়ে দোকান করেছেন। এখন মাসে তাঁর লেনদেন ২০ থেকে ২৫ লাখ টাকা। মাবুদ বলেন, ‘পুরো গ্রামের মানুষ এখন ফুলের ব্যবসায় জড়িত। প্রতিবছর বাড়ছে চাষ। চাষের ব্যাপারে কেউ এলে আমরাও সাহায্য করছি।’উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজ উদ্দিন হোসেন জানান, চরখাগরিয়ায় ফুলচাষি বাড়ছে। এখানে ফুল চাষের সম্ভাবনাও প্রচুর।