ফুলের সাজে গায়ে হলুদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় ছিল, যখন গাঁদা আর রজনীগন্ধা ফুল দিয়েই হলুদবরণ কনে সাজানো হতো। তবে এখন ফুলের গয়নায় এসেছে পরিবর্তন। এখন কেবল কাঁচা ফুল দিয়েই নয়, কখনো শুকনো ফুল আবার নানা রঙের ফুল দিয়ে করা হয় গায়েহলুদের সাজ।‘সবুজ, বেগুনি, গোলাপি ও সাদা ফুল দিয়েই সাজতে চাইছেন কনেরা’—এমনটা বলেন ফুলের গয়না নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান স্পিকিং রোজেসের নির্বাহী পরিচালক কুমকুম হাসান। তিনি বলেন, ‘কাঁচা ও শুকনো—দুই ধরনের ফুল দিয়েই গয়না তৈরি করছি। ক্রিসেনথিমাস আর বিভিন্ন রঙের অর্কিড দিয়ে হলুদের গয়না তৈরি করা হয়। এই দুই ধরনের ফুল আকারে ছোট, তাই গয়না বানালে দেখতে দারুণ লাগে। রঙের ক্ষেত্রে সাদা, সবুজ, বেগুনি, গোলাপি ও লালকে প্রাধান্য দেওয়া হয়।’ ফুলের ব্যবহারেই শেষ নয়, গয়না তৈরিতে ব্যবহার করা হচ্ছে মুক্তা, ক্রিস্টাল, পাথর আর বিভিন্ন ধরনের পুঁতি। মুক্তার ব্যবহারে গয়না অনেক বেশি জাঁকালো মনে হয়। কানের দুল, মাথার টায়রা, টিকলি, রতনচুড়, আংটিসহ চেইন দিয়ে সংযুক্ত পায়ের অ্যাংকলেট, গলার বিভিন্ন ধরনের মালা, সীতাহার তো আছেই। আবার ক্রেতার ফরমায়েশ অনুযায়ী কণ্ঠ চিকও তৈরি করে দেওয়া হয়। যে রঙের পোশাক পরানো হচ্ছে, এর সঙ্গে মিল রেখে, আবার কখনো বিপরীত রঙের ফুল নির্বাচন করতে হয়।আকারে ছোট শুকনো ফুলের গয়না একইভাবে বানানো হয়। তবে ফরমায়েশটা দিতে হয় হাতে সময় রেখে।গয়নার দাম মূলত নির্ভর করে কী কী এবং কয়টা গয়না বানানো হলো, এর ওপর।স্পিকিং রোজেসের কাঁচা ফুলের গয়না কেনা যাবে সেটপ্রতি ছয় থেকে আট হাজার টাকা, আর শুকনো ফুলের গয়না কেনা যাবে চার থেকে আট হাজার টাকার মধ্যে।আধুনিক ফুলের গয়নার সঙ্গে মিল রেখে কনের সাজের ক্ষেত্রেও কিছুটা বৈচিত্র্য আসবে বলে মনে করেন রেড বিউটি স্যালনের প্রধান পরিচালন কর্মকর্তা ও রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল। তিনি বলেন, গায়ে হলুদ অনুষ্ঠান মানেই কেবল লাল, হলুদ আর সোনালি মেকআপ—এমনটা মনে করা একেবারেই ঠিক নয়। বরং ভিন্ন ধাঁচের গয়নার সঙ্গে মেকআপটা হবে আলাদা।আফরোজা কামাল বলেন, গায়েহলুদে কনের চোখের সাজটা খুবই গুরুত্বপূর্ণ। চোখের নিচের অংশে কাজল মোটা করে আঁকতে হবে। তিন রঙের শ্যাডো ব্যবহার করা যেতে পারে। এ ক্ষেত্রে পোশাকের সঙ্গে মিলিয়ে প্রথমে হালকা, পরে গাঢ়—এভাবে ক্রমান্বয়ে তিন রঙের শ্যাডো দিলে চোখটা আকর্ষণীয় লাগে। আর আই লাইনার, মাশকারার ব্যবহার তো আছেই।মুখের মেকআপ হালকা হলেই ভালো। ঠোঁটে হালকা গোলাপি রঙের গ্লিটারসহ কিংবা গ্লিটারছাড়া লিপস্টিক ব্যবহার করা যায়। আবার চাইলে লাল রঙের লিপস্টিকও দেওয়া যায়।চুল যেহেতু ঘোমটায় ঢাকা থাকে, তাই খোঁপা করা যেতে পারে। কিংবা বেণি করে এক পাশে সেট করে নেওয়া যায়। বেণিতে ফুল পেঁচিয়ে নিলেও মন্দ লাগে না।শাড়ির রং হালকা হলে ফুলের গয়নার সঙ্গে মিল রেখে ঝাউগাছের সবুজ পাতা অথবা স্প্রে রং দিয়ে মূল পাতার রং পরিবর্তন করে কাঁধের এক পাশে লাগিয়ে দেওয়া যায়। তাহলে সাজে একটা বৈচিত্র্য চলে আসে।সর্বোপরি ফুলের গয়নার সঙ্গে পোশাক নির্বাচন এবং মেকআপের যেন মিল থাকে, সেদিকে লক্ষ রাখতে হবে।ফুলের গয়নার রঙে দেখা যাচ্ছে বৈচিত্র্য। মডেল: হীরা, আইরিন ও বুবলি। গয়না: স্পিকিং রোজেসসাজ: আফরোজা কামাল