ফুলেল প্রদর্শনী
ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে ২০ আগস্ট শুরু হয়েছে ফ্যাশন হাউস ধ্রুপদীর পোশাক প্রদর্শনী। এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এদিন আরও উপস্থিত ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক সালিয়া লোফাভিয়ে। অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আয়োজকদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এই প্রদর্শনী সত্যিই অনেক সুন্দর হয়েছে, যা আমার মনকে ছুঁয়ে গেছে।’ প্রায় ৫০ ধরনের বিভিন্ন ডিজাইনের সালোয়ার-কামিজ নিয়ে আয়োজন করা হয়েছে এ প্রদর্শনীর। ধ্রুপদী ফ্যাশন হাউসের উদ্যোক্তা শারমিন আখতার চৌধুরী জানালেন, ‘ফুলেল এই পোশাকগুলোর জন্য দেশীয় কাপড় ও উপকরণ বেছে নিয়েছি। ঈদের জন্য প্রদর্শনী, তাই পোশাকে উৎসবের আমেজটা আনার চেষ্টা করেছি।’প্রদর্শনীর পোশাকগুলোতে হালকা ও গাঢ় সব রংকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ‘নারী ও ফুল’ শিরোনামের এই প্রদর্শনীতে দেশীয় সুতি, মসলিন, সিল্ক, র সিল্ক, অ্যান্ডি সুতি কাপড়ের ওপর রয়েছে হাতের কাজ, হ্যান্ডপেইন্ট, ব্লকপ্রিন্ট, এমব্রয়ডারি, পুঁতি, স্প্রিং, লেইস ও পাথর বসানোর সমন্বয়ে কামিজে আধুনিকতার সঙ্গে নান্দনিকতার ছোঁয়া আনা হয়েছে। প্রদর্শনীতে এক রঙের, এক ডিজাইনের একটি পোশাকই রাখা হয়েছে। উদ্যোক্তা শারমিন আখতার চৌধুরী জানালেন, ১৪ দিনব্যাপী এই প্রদর্শনীতে প্রতিদিনই নতুন নতুন ডিজাইনের পোশাক আনার পরিকল্পনা রয়েছে। প্রদর্শনীর প্রথম দিনে ঘুরে দেখতে এসেছেন বেসরকারি ব্যাংকে কর্মরত ফাতেম কবির। তিনি বললেন, পোশাকগুলো খুবই সুন্দর হয়েছে। ফুলের ছোঁয়া ও দেশীয় ঢঙের সালোয়ার-কামিজগুলোর সৌন্দর্যটা অন্য রকম লাগছে। এই আয়োজনে সুতি ব্লক প্রিন্ট করা সালোয়ার-কামিজ ও ওড়নার মূল্য ধরা হয়েছে ৮০০ থেকে ১৫০০ টাকা, বেক্সি ভয়েলের ওপর হ্যান্ডপেইন্ট ও এমব্রয়ডারি করা পোশাক পাবেন এক হাজার ৫০০ থেকে চার হাজার টাকায় এবং সিল্ক ও মসলিনের পোশাকগুলো পাবেন চার হাজার থেকে আট হাজার টাকার মধ্যে। প্রদর্শনীটি আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে।