ফেইমের উৎসব রাঙাল ‘রক্তকরবী’
যক্ষপুরীর রাজা এক জটিল জালের আড়ালে বাস করেন। সেখানে শ্রমিক দল মাটির নিচ থেকে যন্ত্রের মতো সোনা সংগ্রহে ব্যস্ত। সর্দারের কঠোর তত্ত্বাবধানে নিযুক্ত এ শ্রমিকদের সঙ্গে পৃথিবীর সম্পর্ক বিচ্ছিন্ন। একদিন এই কঠিন নিয়মের রাজ্যে অনিয়মের ঢেউ তুলে নন্দিনী আসে। যক্ষপুরীর রুদ্ধ ও প্রাণহীন পরিবেশে প্রকৃতির উদার আহ্বান জানাতে নন্দিনী বেরিয়ে পড়ে মুক্তির পথে। দূর থেকে ভেসে আসে পৌষালি ফসল কাটার গান। রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক-সাংকেতিক নাটক রক্তকরবী ১৩৩১ সালের আশ্বিন মাসে প্রবাসীতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের সার্ধশতবার্ষিকীতে ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের যুগপূর্তি উৎসবের সমাপনী আয়োজনে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে ২১ জুলাই মঞ্চস্থ হয় রক্তকরবী। নাট্যপরিকল্পনা ও নির্মাণভাবনায় ছিলেন অসীম দাশ। নাটকের মূল তত্ত্ব কর্ষণজীবী ও আকর্ষণজীবীর মধ্যকার দ্বন্দ্ব অথবা ধনতান্ত্রিক শ্রেণীর সঙ্গে শোষিত শ্রমিক শ্রেণীর দ্বন্দ্ব এবং মানবমুক্তির গান প্রতিফলিত হয়েছে নাট্যকর্মীদের সাবলীল অভিনয়ে। সুজাত ও আঁখি মানবমুক্তির প্রতীক ‘বিশু’ ও ‘নন্দিনী’ চরিত্রের সঙ্গে একেবারে মিশে গিয়েছেন। এ নাটক নির্মাণ প্রসঙ্গে নির্দেশক অসীম দাশ বলেন, ‘বর্তমানে গ্রাম উজাড় করে মানুষ শহরমুখী হচ্ছে। মানুষ তার মূল্যবোধ হারিয়ে ফেলছে। সেদিক থেকে রক্তকরবীর মূল থিম অনেক বেশি সমসাময়িক। দর্শকদের রবিঠাকুরের কাছে নেওয়ার সবচেয়ে বড় বাহন রক্তকরবী বলে আমি মনে করি।’ নাটক পরিবেশনা শুধু মঞ্চের মধ্যেই আবদ্ধ ছিল না, পুরো মিলনায়তনকেই ব্যবহার করা হয়েছে। এ প্রসঙ্গে অসীম দাশ বলেন, ‘শিল্প কখনোই জনবিচ্ছিন্ন হতে পারে না। মঞ্চ এবং জনগণের মধ্যে মেলবন্ধন সৃষ্টির ভাবনা থেকেই এটা করা হয়েছে।’ উদীচী শিল্পীগোষ্ঠীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আয়াজ মাবুদ নাটক দেখে উচ্ছ্বসিত। আয়াজ মাবুদ বলেন, ‘মঞ্চসজ্জা এবং আলোকসজ্জা চমৎকার লেগেছে। তবে বেশি ভালো লেগেছে কোরিওগ্রাফি। তা ছাড়া নাটকে কিছু গান সংযোজিত হয়েছে, যেটা আলাদা মনে হয়নি, যেন মূল নাটকেই ছিল।’ এদিকে, ২২ জুলাই মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত এবং মুবিদুর রহমান নির্দেশিত শিশু নাটক ইচ্ছাপূরণ, তিলোত্তমা সেনগুপ্তের নির্মিতিতে নৃত্যনাটক কৃষ্ণকলি এবং অসীম দাশের নির্দেশনায় স্যামুয়েল বেকেটের তিনটি নাটক অবলম্বনে নির্মিত ট্রায়ও। ইচ্ছাপূরণ দেখতে এসে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য সুচরিত দাশের ইচ্ছে পূরণ হয়নি। তিনি বলেন, ‘চেষ্টাটা ভালো। তবে কাহিনির গাঁথুনি ভালো ছিল না। নাটক নির্মাণে যতটা পরিপূর্ণতা পাওয়া দরকার, সেটা পায়নি।’উল্লেখ্য, পাঁচ দিনব্যাপী এ উৎসবে ১৮ জুলাই নাটক দ্য লেসন, ১৯ জুলাই একক কত্থক পরিবেশনা, ২০ জুলাই নাটক অমৃতের সন্ধানে মঞ্চস্থ হয়।