সৃজনশীল শিক্ষাপ্রতিষ্ঠান ফেইমের যুগপূর্তি ১৮ জুলাই। ১৯৯৮ সালের ওই দিন ফেইম আত্মপ্রকাশ করেছিল। এ উপলক্ষে তিন দিনের উৎসব সাজিয়েছে ফেইম স্কুল অব ডান্স ড্রামা অ্যান্ড মিউজিক। কাল শুক্রবার নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে শুরু হচ্ছে এ উৎসব। এতে ফেইমের পরিবেশনায় থাকছে তিনটি নাটক, নাচ, গান, আবৃত্তি ও শিশু বিভাগের পরিবেশনা এবং টিআইসি গ্যালারিতে নাটকের ছবির প্রদর্শনী। উৎসবের পরিবেশনাগুলো নিখুঁত ও সুন্দর করার লক্ষ্যে মোমিন রোডের কদম মোবারক উচ্চবিদ্যালয়ে এক মাস ধরে নিয়মিত মহড়া ও অনুশীলন করেছেন ফেইমের সদস্যরা। উৎসবের প্রথম দিন রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকবরী, দ্বিতীয় দিন হেলেন সিক্সোস রচিত ড্রামস অন দ্য ড্রাম অবলম্বনে বাঁধ এবং সমাপনী দিন কাজী মোস্তাইন বিল্লাহ অনূদিত দ্য লিডার অবলম্বনে নেতা মঞ্চস্থ হবে। তিনটি নাটকেরই নির্দেশক অসীম দাশ। দীর্ঘ এক যুগে ফেইমের অনেক অর্জন। অনেক সাফল্য। এমনটি বললেন প্রতিষ্ঠানের পরিচালক অসীম দাশ। তাঁর ভাষায়, ‘এক যুগের প্রাপ্তিটা অনেক বেশি। আমরা অনেক পেয়েছি। ফেইমের পরিচিতি এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। এ সাফল্যের ধারাবাহিকতায় আমরা আগামী দিনগুলো পার করতে চাই।’ইতিমধ্যে ফেইম দক্ষতার সঙ্গে মলিয়ের, ফ্রানজ কাফকা, ইবসেন, স্যামুয়েল বেকেট, সফোক্লিস, জ্যঁ জিরাদু ও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বরেণ্য নাট্যকারদের নাটক নিয়ে কাজ করেছে। ফেইমের শিশু নাট্য বিভাগ সুকুমার রায়ের হ-য-ব-র-ল মঞ্চস্থ করে মুবিদুর রহমানের নির্দেশনায়। সব মিলিয়ে ফেইমের নাট্যকলা বিভাগ ১৪টি নাট্য প্রযোজনার দুই শতাধিক মঞ্চায়ন করেছে।ফেইম নৃত্যকলা বিভাগ তিলোত্তমা সেনগুপ্তার পরিচালনায় মঞ্চে আনে নৃত্য নাটক রাধার মানভঞ্জন ও শ্যামা। প্রতিষ্ঠানের সংগীত বিভাগ পরিচালিত হচ্ছে শিল্পী অশোক সেনগুপ্তার তত্ত্বাবধানে। এ ছাড়া মুবিদুর রহমান ও আঁখি মজুমদারের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে ফেইমের আবৃত্তি বিভাগ।