ফেইমের জর্জ দঁদ্যাঁর ৫১ তম মঞ্চায়ন কাল
ফরাসি নাট্যকার মলিয়ের রচিত নাটক জর্জ দঁদ্যাঁ আগামীকাল শুক্রবার বিকেল চারটা ১৫ মিনিটে নগরের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে মঞ্চস্থ হবে। ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগের এই প্রযোজনার ৫১তম মঞ্চায়ন হবে এ নিয়ে।
অরূপ রুদ্র ও চিন্ময় গুহ অনূদিত এই হাসির নাটকের নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষক ও ফেইমের পরিচালক অসীম দাশ।
চাষার ছেলে জর্জ দঁদ্যাঁ জাতে ওঠার জন্য বিয়ে করেন সম্ভ্রান্ত ঘরের মেয়ে আঁজেলিককে। কিন্তু জাতপাত, উঁচু-নিচুর বেড়াজালে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা। হাস্যরসের আড়ালে নাট্যকার মলিয়ের সমাজের নির্মম সত্য উদ্ঘাটন করেছেন এই নাটকে।
ফেইমের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—তাপস চক্রবর্তী, মুবিদুর সুজাত, পলি চৌধুরী, সাইফুর পারভেজ ও হাসিবুল। বিজ্ঞপ্তি।