‘চেরাগি ওয়ান আওয়ার’ আয়োজিত ‘মিউজিক ক্যাফে’র কথা এখন অনেকেরই জানা হয়ে গেছে। জমজমাট এই সংগীত আসরের জনপ্রিয়তা দিন দিনই বাড়ছে। প্রতি শুক্রবার তাই চেরাগি পাহাড় পরিণত হয় সংগীত পিপাসুদের মিলনমেলায়। ৮ জুন শুক্রবার ছিল মিউজিক ক্যাফের ষষ্ঠ আসর। এই আসরে ভিন্নমাত্রা যোগ করেছে ফেইমের কুশীলবদের অভিনয় শৈলী। নাট্যদল ‘ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক’-এর বিশেষ প্রযোজনার পাশাপাশি ছিল জনপ্রিয় তরুণ শিল্পী মিনারের গান।ফেইমের তরুণ কুশীলবদের উপস্থাপনা ভাবনার খোরাক জুগিয়েছে দর্শকদের। ছোট ছোট নাটিকার মধ্য দিয়ে ফেইমের সদস্যরা সমাজের নানা অসংগতি তুলে ধরেছেন। উচ্চবিত্তের মানুষের বিলাসী জীবন, মুঠোফোন বিড়ম্বনা, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন তাঁরা। হিল্লোলের সঞ্চালনায় এরপর মঞ্চে গান পরিবেশন করতে আসেন মিনার ও তাঁর দল। মিনারের সঙ্গে গিটার বাজান জাহেদ ও নির্ঝর। মিনার একে একে গেয়ে শোনান ‘আরও একটু দূরে’, ‘চা খাব না’, ‘হারিয়ে গিয়েছি’, ‘লেট ইট বি’।সবশেষে কবি আবু নঈম মাহতাব মোর্শেদের লেখা ‘আকাশ’ গানটি গেয়ে দর্শকদের মুগ্ধতার স্রোতে ভাসান তিনি। মনে রাখার মতো এই আসরে মাঝে মাঝেই রসভঙ্গ হয়েছে বিদ্যুতের লুকোচুরির কারণে।