ফেইমের যুগপূর্তি উৎসব
‘চর্চা ও মননে সুন্দরের নিপুণ আবাদ’ এ প্রত্যয়ে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে ১৯৯৮ সালের ১৮ জুলাই যাত্রা শুরু করে ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক। যাত্রা শুরুর দিন থেকে শিল্পী-দম্পতি অসীম দাশ ও তিলোত্তমা সেনগুপ্তার হাত ধরে ফেইম স্কুল হাঁটিহাঁটি পা পা করে এ বছর পড়ল এক যুগে। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ১৬-১৮ জুলাই অনুষ্ঠিত হলো ফেইমের যুগপূর্তি উৎসব। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী নাটক রক্তকবরী। দ্বিতীয় দিনে ছিল ফরাসি নাট্যকার হেলেন সিক্সোস রজিত ড্রামস অন দ্য ড্যাম অবলম্বনে অসীম দাশ অনূদিত বাঁধ নাটকের চতুর্থ মঞ্চায়ন। সমাপনী দিনে আলোচক ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন ও মানবাধিকারকর্মী রানা দাশগুপ্ত। সভাপতিত্ব করেন ফেইমের অধ্যক্ষ অসীম দাশ। ফেইমের বিভিন্ন বিভাগের দীক্ষার্থীদের সনদ প্রদান শেষে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। মুবিদুর রহমানের পরিচালনায় খুদে ফেইমিয়ানেরা দলীয় আবৃত্তি করে। তিলোত্তমা সেনগুপ্তার পরিচলনায় দুইটি দলীয় নৃত্য পরিবেশন করে ফেইম নৃত্যকলা বিভাগ। শিল্পী অশোক সেনগুপ্তের পরিচালনায় বর্ষার গান পরিবেশন করে ফেইম সংগীত বিভাগের শিক্ষার্থীরা। শেষে একক নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী তিলোত্তমা সেনগুপ্তা। ইউজিন এওনেস্কো রচিত দ্য লিডার অবলম্বনে নেতা নাটকের ষষ্ঠ মঞ্চায়ন সম্পন্ন করে ফেইমের নাট্যকলা বিভাগ।