ফেনী আ. লীগের সম্মেলন হয়নি ১৩ বছর, বিএনপিতে অস্থিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী জেলা আওয়ামী লীগের জেলা সম্মেলন হয়নি ১৩ বছর। কমিটির কয়েকজন নেতা ইতিমধ্যে মারা গেছেন। কয়েকজন নিষ্ক্রিয়, কেউ কেউ ফেনীতেই থাকেন না। শূন্যপদে নতুন কয়েকজনকে সদস্য পদ দিয়ে (কোঅপ্ট) জোড়াতালিতে চলছে ক্ষমতাসীন দলটি। অপর দিকে বিএনপির কেন্দ্র মনোনীত জেলা কমিটিতে দলের একাংশের নেতা-কর্মীদের প্রাধান্য ও অন্য অংশের নেতারা উপেক্ষিত হওয়ায় দলীয় কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। সম্প্রতি পৌরসভা নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই দলের জেলা পর্যায়ের নেতাদের মধ্যে কিছুটা তৎপরতা দেখা গেলেও স্থানীয় পর্যায়ে একক প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে বিভাজন দেখা দিয়েছে বলে জানা যায়। দলীয় সূত্র জানায়, ফেনী জেলা আওয়ামী লীগের ১৯৯৭ সালের সম্মেলনে আইনজীবী আবুল কাশেম সভাপতি ও জয়নাল হাজারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এক বছর পর সভাপতি আবুল কাশেম মারা যান। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান জ্যেষ্ঠ সহসভাপতি কোব্বাদ আহম্মদ। তিনি চিকিৎসার জন্য ভারত গেলে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় অপর সহসভাপতি আজিজ আহম্মদ চৌধুরীকে। বর্তমানে আজিজ আহম্মদ চৌধুরীই ১১ বছর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে। ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন এবং সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ—দুইজনই দলকে তেমন সময় দিতে পারেন না।। এখন কেন্দ্র থেকে এ নিষ্ক্রিয় কমিটি বাতিল করে তরুণ প্রজন্মের প্রতিনিধি নিয়ে নতুন একটি কমিটি ঘোষণার প্রক্রিয়া চলছে। তৃণমূলের কয়েকজন নেতা জানান, জেলা কমিটির নেতাদের মধ্যে কোন্দল প্রায় লেগেই থাকে। শহর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান জানান, জেলা শহর নিয়ন্ত্রণ করতে হলে এমন নেতা নির্বাচন করা দরকার, যাঁর ডাকে এক ঘণ্টায় কয়েক হাজার মানুষ হাজির করা যায়। মানুষের সঙ্গে সম্পর্ক নেই, যোগাযোগ নেই এমন লোকের হাতে নেতৃত্ব চলে গেলে দলের এ দশা চলতে থাকবে। চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রেজাউল করিম জানান, জেলার নেতৃত্বে পরিবর্তন দরকার। মাঠপর্যায়ের কর্মীরা চান, ত্যাগী ও যোগ্য তরুণ নেতৃত্ব দল পরিচালনার দায়িত্বে আসুক। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ জানান, তাঁর গতিশীল নেতৃত্বে দল সক্রিয় রয়েছে। তবে বড় দল হিসেবে আওয়ামী লীগে কোন্দল থাকতেই পারে। তিনি বলেন, ‘ব্যবসা-বাণিজ্য ফেলে সারা দিন যদি মিটিং মিছিল নিয়ে থাকি, খাব কী? দলকে বিক্রি করে চাঁদাবাজি-ধান্দাবাজি আর জমি দখল করে দিয়ে আয়-রোজগার করতে পারলে ব্যবসা-বাণিজ্য ছেড়ে দিতাম। আমার পক্ষে তা কোনোদিনই সম্ভব নয়। এখন যেটুকু সময় দলের জন্য দরকার সেটুকু দিচ্ছি। এতে দলের কোনো ক্ষতি হচ্ছে না।’ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন গত বছরের মার্চ মাসে কক্সবাজার সফরে এসে নেতাদের কোন্দল প্রসঙ্গে সাংবাদিকদের বলেছিলেন, ‘এখানে আওয়ামী লীগের শক্তিশালী কমিটি আছে, সাংগঠনিক তৎপরতাও ভালো। কিন্তু নির্বাচনের পর বিজয়ের পতাকা ওড়ে বিএনপি-জামায়াতের। কেন এমন হয়? যাচাই-বাছাই করে তারপর যোগ্য নেতৃত্ব নিয়ে জেলা কমিটি করা হবে।’ তৃণমূলের নেতারা বলেন, কিন্তু এ ঘোষণার দীর্ঘ এক বছর পরও যোগ্য নেতৃত্ব নিয়ে কমিটি গঠনের কাজ বাস্তবায়ন হয়নি। ফলে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। দলীয় সূত্র জানায়, বর্তমানে জেলার ১১টি সাংগঠনিক উপজেলা ও ৭৪ ইউনিয়নে আওয়ামী লীগের শক্তিশালী কমিটি থাকলেও কোন্দলের কারণে তার সবই নিষ্ক্রিয়। কোন্দলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি: ধানের শীষের ঘাঁটি হিসেবে পরিচিত কক্সবাজার জেলা বিএনপিতে এখন তীব্র কোন্দল চলছে। ২০০৯ সালের ২০ নভেম্বর রাতে শহরের স্টেডিয়ামে জেলা বিএনপির সম্মেলনে কমিটি ঘোষণা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটে। সে সময় সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট শামীম আরার নাম ঘোষণার পরপরই ‘মানি না-মানব না’ স্লোগান তুলে মঞ্চে উপবিষ্ট নেতাদের দিকে এলোপাতাড়ি চেয়ার ছুড়ে মারতে শুরু করেন উপস্থিত নেতা-কর্মীরা। পরের দিন এক পক্ষ শাহজাহান চৌধুরীকে সভাপতি ও শামীম আরাকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি ঘোষণা দেয়। অন্যদিকে, আরেকটি পক্ষ সাংসদ লুৎফর রহমানকে সভাপতি ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সাংসদ আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির পাল্টা কমিটি ঘোষণা করে।সেই থেকে জেলা বিএনপি দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। গত এক বছরের বেশি সময়েও এ দ্বন্দ্বের অবসান হয়নি। এ দুই কমিটি পাল্টাপাল্টিভাবে জাতীয় কর্মসূচি পালন করে আসলেও দলটি দ্বিধাবিভক্ত হয়ে পড়ায় তৃণমূলের নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। বর্তমানে শাহজাহান চৌধুরীর নেতৃত্বাধীন কমিটির পক্ষে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বর্তমান বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ ও অপর দলের সাংসদ লুৎফুর রহমান নেতৃত্ব দিচ্ছেন। সর্বশেষ ৯ এপ্রিল বিএনপির দুই গ্রুপ শহরে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে একে অপরের বিরুদ্ধে নানা বিষোদগার করেন। বর্তমানে লুৎফর রহমানের সমর্থকেরা জেলা বিএনপি কার্যালয় ও অপর গ্রুপ একটি আবাসিক হোটেলে বসে দলের পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে আসছেন। পাল্টাপাল্টি কর্মসূচি প্রসঙ্গে জানতে চাইলে সাংসদ লুৎফুর রহমান জানান, বর্তমান অনুমোদনবিহীন জেলা বিএনপিতে মঈন উ আহমদের প্রেতাত্মারা স্থান পেয়েছে। এদের দিয়ে দল ও আন্দোলন—কোনোটিই সম্ভব নয়। সাংসদ লুৎফর রহমান বলেন, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমান জেলা বিএনপির কমিটি অনুমোদন দেননি। তিনি (খালেদা জিয়া) উভয় গ্রুপের নেতাদের সমঝোতার ভিত্তিতে দল পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন। কিন্তু কিছু নেতার গোয়ার্তুমির কারণে চেয়ারপারসনের নির্দেশ কার্যকর হচ্ছে না। অপর অংশের সভাপতি শাহজাহান চৌধুরী জানান, কেন্দ্রীয় কমিটির অনুমোদন নিয়েই আমরা সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি পালন করে আসছি। বড় দল হিসেবে বিএনপিতে ভুল বোঝাবুঝি থাকতে পারে। এতে দলের কোনো ক্ষতি হচ্ছে না। অতীতের অন্যান্য সময়ের তুলনায় বিএনপি এখন ভালোই চলছে। দলীয় সূত্র জানায়, জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে বর্তমানে তিনটি আসন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের দখলে রয়েছে। ২০০১ সালের নির্বাচনে জেলার চারটি সংসদীয় আসন বিএনপির দখলে ছিল। ১৯৯৬ সালের নির্বাচনেও কক্সবাজার-৪ ছাড়া বাকি তিনটি আসনে জয়লাভ করেছিল বিএনপি। নাম প্রকাশে অনিচ্ছুক দলের কয়েকজন নেতা জানান, বিএনপির দুর্গ খ্যাত এ জেলার চারটি আসনে বর্তমানে নেতৃত্ব শূন্যতা চলছে। তার ওপর দ্বিধাবিভক্ত বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। এ অবস্থা চলতে থাকলে আগামী জাতীয় সাংসদ নির্বাচনে দলের ভরাডুবি দেখা দিতে পারে।