ফেনী আওয়ামী লীগের তৃণমূল নেতাদের মতবিনিময় সভা
ফেনী জেলা আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় দলের অভ্যন্তরে সব ভেদাভেদ ভুলে সংগঠনকে ঐক্যবদ্ধ, গতিশীল ও শক্তিশালী করার তাগিদ দিয়েছে তৃণমূল নেতারা। ১৬ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তৃণমূল নেতাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।দলীয় সূত্র জানায়, সভায় ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী সংগঠনকে জেলা পর্যায় থেকে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে নতুন করে সাজিয়ে শক্তিশালী ও গতিশীল করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। শহরের কলেজ রোডের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আকরামুজ্জমান, হাফেজ আহম্মদ, ছাগলনাইয়া উপজেলা সভাপতি ফয়েজ আহম্মদ, দাগনভূঁঞা উপজেলা সভাপতি কামাল উদ্দিন, ফেনী সদর উপজেলা সম্পাদক নূর হোসেন, ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামীম, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠিত এ সভা সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুরের মধ্যাহ্ন বিরতি ছাড়া সন্ধ্যা পর্যন্ত চলে। সভায় তৃণমূল নেতৃবৃন্দ গত ১৪ বছর জেলা আওয়ামী লীগের কাউন্সিল না হওয়ায় নেতৃত্ব ও দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন এবং তৃণমূল নেতৃবৃন্দকে যথাযথ মূল্যায়ন করা হয় না বলে দুঃখ প্রকাশ করেন। সভায় জেলা ও উপজেলা কমিটিসহ সংগঠনের সব পর্যায়ে সব ধরনের ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার অঙ্গীকার ও দৃঢ় প্রত্যয় ঘোষণা করা হয়।